Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা, জেলা প্রশাসনের কাছে চিঠি ১৯ জেলা পরিষদ সদস্যের

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাঁসনের বিধায়ক কাজল শেখের বিরুদ্ধে আনা হল অনাস্থা প্রস্তাব। এবার সেই অনাস্থা প্রস্তাব এনে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন জেলা পরিষদের ১৯ জন সদস্য। মঙ্গলবার জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে অনাস্থা সংক্রান্ত চিঠি জমা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বিকাশ রায়চৌধুরী-সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ এবং সাধারণ সদস্য। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সভাধিপতি নিয়মিত জেলা পরিষদে আসছেন না। ফলে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ পরিষেবা পেতে সমস্যার মুখে পড়ছেন।

খয়রাশোলের জেলা পরিষদ সদস্য নবগোপাল বাউরি বলেন, 'দীর্ঘদিন ধরে সভাধিপতি আসছেন না। মানুষের কাজ পেতে সমস্যা হচ্ছে। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অর্থ এসে পড়ে থাকলেও তার সদ্ব্যবহার হচ্ছে না। দীর্ঘদিন স্থায়ী সমিতির বৈঠকও হয়নি। তাই মানুষের স্বার্থেই আমরা সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছি।'

উল্লেখ্য, জেলা পরিষদের নানুর আসন থেকে সর্বাধিক ভোটে জয়ী হয়েছিলেন কাজল শেখ। তাঁকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনেও হাঁসন বিধানসভা কেন্দ্র থেকে কাজল শেখ তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। এরপর বাংলায় বিজেপি ক্ষমতায় আসে। আর তারপরেই মমতার হাত ছেড়ে ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দেন কাজল।

আরও পড়ুন: 'বন্দেমাতরম' বাধ্যতামূলক কি না, কেন্দ্রের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

কাজল শেখ বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডলের যুযুধান হিসেবে পরিচিত। এবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হল। জেলা পরিষদে এই অনাস্থা প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman