কিছু দিন আগে কলকাতায় এসেছেন পরিচালক মণি রত্নম। গত বুধবার স্টুডিয়োপাড়ায় শুরু হয়েছিল নতুন বড় কাজের তোড়জোড়। তাঁর আগামী রোম্যান্টিক ঘরানার তামিল ছবির শুটিং ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে। শনিবার রাতে হাওড়া ব্রিজে ছবির একটি অংশের শুটিং করেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। গভীর রাতে তখন রাস্তা ছিল অনেকটা শুনশান।
তবে পরিচিত তারকাদের চিনতে সমস্যা হয়নি দর্শকদের। জানা গিয়েছে, কলকাতাতেই এই সিনেমার একটি বড় অংশের শ্যুটিং হবে।
নিজস্ব চিত্রবুধবার রাতেই শহরে পৌঁছান দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। বৃহস্পতিবার ভোরে কলকাতায় আসেন সাই। কলকাতার একাধিক স্থানে তাঁদের শুটিং করার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বেলগাছিয়া রাজবাড়িতে শুটিং হয়েছে। সেখান থেকেই পুরো টিম শনিবার গভীর রাতে পৌঁছান হাওড়া ব্রিজে। রাত ২টার দিকে শুটিং শুরু হয়। প্রথমে নিজের অংশের শট দেন বিজয়। পরে সাইয়ের সঙ্গে শট দেন তিনি।
ইতিমধ্যে সামনে এসেছে শ্যুটিংয়ের কিছু ছবি। তাতে দেখা গিয়েছে বিজয়ের পরিচিত দাড়ি-গোঁফ নেই। 'ক্লিন শেভড' অবস্থায় কালো টি-শার্ট ও জিন্স পরে আছেন তিনি। তাঁর পাশে ইট রঙের ম্যাক্সি ড্রেসে সাই পল্লবী। ভেজা রাস্তার ওপর দিয়ে হাঁটছেন দু'জনে। শনিবার শহরে কিছু বৃষ্টি হলেও পুরো রাস্তা ভিজিয়ে দেওয়ার জন্য কৃত্রিম ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছিল। তারপরে শট দেন দুজনে। মণি রত্নমের ছবিতে কলকাতার বিভিন্ন স্থানে বিজয় ও সাইয়ের রসায়ন ফুটে উঠবে, এমনটাই আশা করা হচ্ছে।
বেলগাছিয়া রাজবাড়িতে আবারও শুটিং হবে বলে জানা গিয়েছে। এছাড়া পার্ক স্ট্রিট এবং কুমোরটুলিতেও শুটিং করার কথা। উল্লেখ্য, কলকাতায় মণি রত্নমের শেষ কাজ ছিল ২০১০ সালে মুক্তি পাওয়া ছবি 'রাবণ।' সিনেপ্রেমীরা আবার কলকাতা থেকে তাঁর নতুন কাজ দেখার অপেক্ষায় রয়েছেন।
