Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
লাদাখ : নতুন সম্ভাবনা

লাদাখ : নতুন সম্ভাবনা

লাদাখকে ঘিরে সাম্প্রতিক কেন্দ্র ও লাদাখের প্রতিনিধি বৈঠকের ফলাফল নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়। দীর্ঘদিনের দাবি-দাওয়া, আন্দোলন, অনশন এবং নাগরিক সমাজের চাপের পর অবশেষে একটি সমঝোতার পথে পৌঁছনো- একে স্বাগত জানাতেই হয়। প্রস্তাব অনুযায়ী, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে একটি নির্বাচিত সংস্থা গঠন করা হবে, যার হাতে থাকবে পূর্ণ আইনপ্রণয়ন, প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা।

পাশাপাশি সাতটি জেলার জন্যও একই ধরনের নির্বাচিত সংস্থা তৈরির কথা বলা হয়েছে। এই পদক্ষেপ লাদাখের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে পারে, এরকমই প্রাথমিকভাবে মনে হচ্ছে।

তবে এই সমঝোতার মধ্যে যেমন আশার আলো রয়েছে, তেমনই রয়েছে কিছু সীমাবদ্ধতা। লাদাখের প্রধান দাবিগুলির মধ্যে ছিল পূর্ণ রাজ্যের মর্যাদা, ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তি এবং আইনসভাসহ কেন্দ্রশাসিত অঞ্চল। এই তিনটি দাবির কোনোটিই সরাসরি পূরণ করা হয়নি। তার পরিবর্তে যে কাঠামো প্রস্তাব করা হয়েছে, তা মূল দাবির 'আত্মা' বজায় রাখলেও বাস্তবে কতটা কার্যকর হবে, তা সময়ই বলবে।

Advertisement

প্রস্তাবিত ব্যবস্থায় বলা হয়েছে, লাদাখে একটি নির্বাচিত সংস্থার প্রধান, যাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছে, তাঁর অধীনে সমস্ত আমলাতন্ত্র কাজ করবে। অর্থাৎ প্রশাসনিক নিয়ন্ত্রণ নির্বাচিত প্রতিনিধিদের হাতে যাবে। এটি একটি বড় পরিবর্তন। এতদিন পর্যন্ত লাদাখে প্রশাসনিক সিদ্ধান্ত অনেকটাই কেন্দ্রের হাতে কেন্দ্রীভূত ছিল। সেই প্রেক্ষিতে এই পরিবর্তন স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়াতে পারে এবং নীতিনির্ধারণে তাদের কণ্ঠস্বরকে আরও জোরালো করতে পারে।
এছাড়া সংবিধানের ৩৭১ অনুচ্ছেদের অধীনে লাদাখের জন্য বিশেষ সুরক্ষার কথাও বলা হয়েছে। নাগাল্যান্ড, সিকিম বা মিজোরামের মতো রাজ্যগুলিতে যেমন স্থানীয় সংস্কৃতি, ভূমি ও চাকরির ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে, তেমনই ব্যবস্থা লাদাখেও প্রয়োগের চেষ্টা হচ্ছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লাদাখের জনসংখ্যা কম এবং তাদের সংস্কৃতি ও পরিবেশ অত্যন্ত সংবেদনশীল। বহিরাগত প্রভাব বা অনিয়ন্ত্রিত উন্নয়নের ফলে এই অঞ্চলের স্বাতন্ত্র্য নষ্ট হওয়ার আশঙ্কা দীর্ঘদিন ধরেই রয়েছে। সেই দিক থেকে এই সাংবিধানিক সুরক্ষা একটি ইতিবাচক পদক্ষেপ।

Advertisement

তবে প্রশ্ন থেকেই যায়- এই ব্যবস্থায় বাস্তব ক্ষমতা কতটা বিকেন্দ্রীকৃত হবে? শুধুমাত্র একটি নির্বাচিত সংস্থা গঠন করলেই কি স্থানীয় মানুষের সমস্ত সমস্যা মিটে যাবে? প্রশাসনিক কাঠামোয় কেন্দ্রের প্রভাব কতটা থাকবে, তা স্পষ্ট নয়। তাছাড়া অর্থনৈতিক স্বনির্ভরতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কেন্দ্রের বক্তব্য অনুযায়ী, লাদাখ বর্তমানে নিজের রাজস্ব দিয়ে প্রশাসনিক ব্যয় মেটাতে সক্ষম নয়, তাই এই মুহূর্তে রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়। এই যুক্তি আংশিকভাবে গ্রহণযোগ্য হলেও, তা চূড়ান্ত সমাধান হতে পারে না।

আসলে, লাদাখের মতো সীমান্তবর্তী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলের ক্ষেত্রে শুধুমাত্র আর্থিক হিসাব-নিকাশ দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এখানে জাতীয় নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং সাংস্কৃতিক সংরক্ষণ- সবকিছুই সমান গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে দেখতে গেলে, লাদাখের মানুষ যে স্বায়ত্তশাসনের দাবি তুলেছেন, তা একেবারেই অযৌক্তিক নয়।

এই নতুন প্রস্তাবকে তাই একটি 'অন্তর্বর্তী ব্যবস্থা' হিসেবেই দেখা উচিত। সরকারও ইঙ্গিত দিয়েছে যে, ভবিষ্যতে রাজস্ব পরিস্থিতি উন্নত হলে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয়ে লাদাখের মানুষ। অতীতে এমন অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা পরে আর বাস্তবে রূপ পায়নি।

এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাসযোগ্যতা। কেন্দ্র এবং লাদাখের প্রতিনিধিদের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা বাস্তবে কতটা কার্যকর হয়, তার ওপরই নির্ভর করবে ভবিষ্যতের পথ। স্থানীয় মানুষের আস্থা অর্জন করতে হলে শুধু প্রতিশ্রুতি নয়, তার বাস্তব প্রয়োগও জরুরি।

তবে এ কথা বলাই যায়, লাদাখের জন্য এই নতুন প্রশাসনিক কাঠামো একটি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে দরকার স্বচ্ছতা, সদিচ্ছা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। নইলে এই সমঝোতাও কাগজে-কলমে সীমাবদ্ধ থেকে যাবে, আর লাদাখের মানুষের আশা আবার অপূর্ণ থেকে যাবে।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman