নবদ্বীপ-মায়াপুর দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীবোঝাই একটি বাস। বুধবার সকালে পূর্ব বর্ধমানের জামালপুরের ইলামবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে এবং পরে একটি বাড়িতে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনায় অন্তত ৮ জন পুণ্যার্থী গুরুতরভাবে আহত হয়েছেন।
তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬০ জন পুণ্যার্থী হুগলির খানাকুল থেকে মায়াপুর ভ্রমণে গিয়েছিলেন। বুধবার সকালে ফেরার সময় ইলামবাজারের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারায় বাসটি। প্রথমে রাস্তার ধারের একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে, তারপর পাশের একটি বাড়িতে গিয়ে সজোরে আছড়ে পড়ে।
Advertisement
দুর্ঘটনার বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামালপুর থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Advertisement
দুর্ঘটনায় আহত পুণ্যার্থী অরূপ কুমার মণ্ডল বলেন, 'মায়াপুর ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ইলেকট্রিক পোলে ধাক্কা মারার পরে বাসের ছাদে সম্ভবত আগুন লেগে যায়। বাসের দরজাটি ইলেকট্রিক হওয়ায়, সেটি খোলা যাচ্ছিল না। পরে স্থানীয়রা শাবল দিয়ে দরজাটি খোলে। আমরা কোনও রকমে প্রাণে বাঁচি।' তিনি আরও দাবি করেন, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
Advertisement

