Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ম্যাসাচুসেটসে ১৫ আগস্ট 'ইন্ডিয়া ডে', ভারতীয় বংশোদ্ভূতদের অবদানের স্বীকৃতি আমেরিকায়

ম্যাসাচুসেটসে ১৫ আগস্ট 'ইন্ডিয়া ডে', ভারতীয় বংশোদ্ভূতদের অবদানের স্বীকৃতি আমেরিকায়

চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, ব্যবসা ও জনসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূতদের অবদান অনেক। তাকে স্বীকৃতি জানাতে আমেরিকার অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে ১৫ আগস্টকে 'ইন্ডিয়া ডে' হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সেই সঙ্গে বস্টন শহরেও ১৫ আগস্টকে 'ইন্ডিয়া ডে' হিসেবে পালনের ঘোষণা করা হয়েছে।

ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি একটি ঘোষণাপত্র জারি করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে বসবাসকারী ভারতীয়-আমেরিকানরা দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের পরিশ্রম, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং সাফল্য ম্যাসাচুসেটসের উন্নয়নকে সমৃদ্ধ করেছে।

গভর্নরের ঘোষণায় আরও বলা হয়েছে, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, ব্যবসা এবং জনসেবায় ভারতীয়-আমেরিকানদের অবদান রাজ্যের সাংস্কৃতিক ও অর্থনৈতিক কাঠামোকেও শক্তিশালী করেছে। ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধও ম্যাসাচুসেটসের সমাজকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে বলে উল্লেখ করা হয়েছে। ১ আগস্ট জারি করা ওই ঘোষণাপত্রে গভর্নর স্বাধীনতা দিবস উদযাপন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিকদের অবদান, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক সংগঠনগুলির ভূমিকারও প্রশংসা করেছেন।

শুধু ম্যাসাচুসেটস নয়, বস্টনের মেয়র মিশেল উ-ও ১৫ আগস্টকে 'ইন্ডিয়া ডে' হিসেবে ঘোষণা করেছেন। বস্টনে নতুন ভারতীয় কনস্যুলেটের উদ্বোধন এবং 'সেইলবস্টন-২৫০' অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর পালতোলা জাহাজ আইএনএস সুদর্শনীর আগমনকেও স্বাগত জানিয়েছেন তিনি। ঘোষণাপত্রে ভারতের বৈচিত্র্যের কথাও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারত একটি প্রাচীন ও মিশ্র সভ্যতা। যেখানে বিভিন্ন ধর্ম, ভাষা, রীতিনীতি, ঐতিহ্য, পোশাক, খাদ্যাভ্যাস, জলবায়ু ও প্রাকৃতিক সম্পদের বিপুল বৈচিত্র্য রয়েছে। এই বৈচিত্র্যের মধ্যেও ভারতের একতার ঐতিহ্য বিশেষ বৈশিষ্ট্য বহন করে।

আরও পড়ুন: লোহিত সাগরে হামলার মুখে ভারতীয় জাহাজ, ডুবন্ত জাহাজ থেকে জীবিত উদ্ধার ১৪ জন নাবিক

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় সাড়ে তিন কোটিরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। এর মধ্যে আমেরিকাতেই রয়েছেন ৫০ লক্ষের বেশি মানুষ। সে দেশের সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক ক্ষেত্রে তাঁদের অবদান ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ম্যাসাচুসেটস প্রশাসনের মতে, 'ইন্ডিয়া ডে' শুধু ভারতের স্বাধীনতার ইতিহাসকে স্মরণ করার দিন নয়, বরং আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের অবদান, সংস্কৃতি ও মূল্যবোধকে সম্মান জানানোর একটি উপলক্ষ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman