Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নতুন এলপিজি সংযোগে ১৪.২ কেজির বদলে ১০ কেজির সিলিন্ডার

নতুন এলপিজি সংযোগে ১৪.২ কেজির বদলে ১০ কেজির সিলিন্ডার

রান্নার গ্যাসের নতুন সংযোগ নিতে গিয়ে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। নতুন সংযোগের ক্ষেত্রে আর মিলছে না পরিচিত ১৪.২ কেজির সিলিন্ডার। তার পরিবর্তে ১০ কেজির ফ্রি ট্রেড এলপিজি (এফটিএল) সিলিন্ডার দিচ্ছে দেশের তেল বিপণন সংস্থাগুলি। এই সিদ্ধান্ত ঘিরে গ্রাহক ও ডিস্ট্রিবিউটরদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।

প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি ১৪.২ কেজির সিলিন্ডার পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র? যদিও ইন্ডিয়ান অয়েলের এক শীর্ষ আধিকারিকের দাবি, পুরনো গ্রাহকদের রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতেই নতুন সংযোগের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাস আমদানির খরচ বেড়ে যাওয়ায় তেল সংস্থাগুলির আর্থিক ক্ষতির পরিমাণও বাড়ছে।
তবে তেল সংস্থাগুলির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এলপিজি ডিস্ট্রিবিউটরদের সংগঠনগুলি। তাদের অভিযোগ, আর্থিক ক্ষতির বোঝা নতুন গ্রাহকদের উপরে চাপানো হচ্ছে। রাজ্যে এইচপিসিএল ডিস্ট্রিবিউটর সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় আগরওয়ালের দাবি, একদিকে পুরনো গ্রাহকদের ভর্তুকি দিয়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে, অন্যদিকে নতুন গ্রাহকদের বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য করা হচ্ছে।
তাঁর বক্তব্য, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। সেই হিসাবে ১০ কেজির সিলিন্ডারের দাম প্রায় ৬৪২ টাকা হওয়ার কথা। অথচ তেল বিপণন সংস্থাগুলি ১০ কেজির সিলিন্ডারের দাম ধার্য করেছে ১,৬৬৭ টাকা। অভিযোগ, এই সিলিন্ডারের উপরে দেওয়া সরকারি ভর্তুকিও তুলে নেওয়া হয়েছে।
ইন্ডিয়ান অয়েল এলপিজি ডিলার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজন বিহারি বিশ্বাস জানিয়েছেন, নতুন সংযোগ নিতে গ্রাহকদের মোট খরচ হচ্ছে প্রায় ৪,৮৬৩ টাকা। সংযোগ নেওয়ার পর তা ছেড়ে দিলে গ্রাহক ফেরত পাবেন মাত্র ১,২০০ টাকা।
এই পরিস্থিতিতে সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন ডিস্ট্রিবিউটর সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের দাবি, ১৪.২ কেজির সিলিন্ডারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই ১০ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করতে হবে।
তবে বিষয়টি নিয়ে নীতিগত আলোচনার প্রয়োজন রয়েছে এবং বাজারদর অনুযায়ী নতুন সংযোগ দেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন বলে দাবি সংগঠনের প্রতিনিধিদের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman