Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পশ্চিম বর্ধমানের নাম বদল?

পশ্চিম বর্ধমানের নাম বদল?

রাজ্যের নাম পরিবর্তন নিয়ে বাংলার রাজনীতিতে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন পশ্চিমবঙ্গের নাম বদলে শুধু 'বাংলা' করার প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে। তবে সেই প্রস্তাবে শেষ পর্যন্ত অনুমোদন মেলেনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই উদ্যোগ কার্যত থমকে গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এরই মধ্যে নতুন করে পশ্চিম বর্ধমান জেলার নাম পরিবর্তনের দাবি তুলল বিজেপি। ২০১৭ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অখণ্ড বর্ধমান জেলা ভাগ হয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমানের সৃষ্টি হয়। এবার পশ্চিম বর্ধমানের নাম বদলে 'আসানসোল-দুর্গাপুর' করার দাবি সামনে আনলেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী হলে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বৈঠকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার জনপ্রতিনিধি, জেলা প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জেলার নাম পশ্চিম বর্ধমানের বদলে 'আসানসোল-দুর্গাপুর' করার প্রস্তাব দেন। আসানসোলের প্রাক্তন মেয়রের এই দাবিকে সমর্থন করেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।বিজেপির দাবি, শিল্পাঞ্চল হিসেবে আসানসোল ও দুর্গাপুরের ঐতিহ্য এবং গুরুত্বকে সম্মান জানাতেই এই নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখতে জেলাশাসককে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন। যদিও জেলা প্রশাসনের তরফে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলার ন'জন বিধায়কই বিজেপির। তাঁরা সকলেই প্রস্তাবে সম্মতি জানালে নাম পরিবর্তনের সম্ভাবনা আরও জোরাল হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Advertisement

Advertisement

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman