Dailyhunt
পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত প্রায় ৩৭ শতাংশ ভোট ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমে

পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত প্রায় ৩৭ শতাংশ ভোট ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমে

দ্বিতীয় দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগের জেরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের উৎসাহ চোখে পড়েছে। বেলা ১১টা পর্যন্ত এই দুই কেন্দ্রে গড়ে প্রায় ৩৭ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে।

নির্বাচন দপ্তরের তথ্য অনুযায়ী, মোট ভোটের হার ৩৬.৯৯ শতাংশ। এর মধ্যে মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৩৮.২ শতাংশ এবং ডায়মন্ড হারবারে ৩৫.৯২ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ছিল ১৬.২৩ শতাংশ। মগরাহাট পশ্চিমের ১১টি বুথে তখন ভোটের হার দাঁড়ায় ১৬.৬৮ শতাংশ, আর ডায়মন্ড হারবারের ৪টি বুথে ছিল ১৫.৮৩ শতাংশ।

Advertisement

ভোর থেকেই বুথের সামনে লাইন পড়ে যায়। মগরাহাট পশ্চিমের এক বুথে সকাল ৬টা ১৫ মিনিট থেকেই ভোটারেরা লাইনে দাঁড়ান। স্থানীয়দের দাবি, 'এই এলাকায় কোনওদিন অশান্তি হয়নি। তা হলে কেন আবার ভোট হচ্ছে, তা বুঝতে পারছি না।' দ্বিতীয়বার ভোট দিতে হওয়ায় কিছু মানুষের মধ্যে অসন্তোষও দেখা গিয়েছে।

Advertisement

তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটারদের অনেকেই জানিয়েছেন, শুক্রবার রাতে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের পুনর্নির্বাচনের কথা জানানো হয়। শনিবার ভোট দিতে এসে কোনও সমস্যার মুখে পড়তে হয়নি বলেই দাবি তাঁদের। সকাল থেকে পরিস্থিতি মোটের উপর শান্তিপূর্ণ। প্রথম কয়েক ঘণ্টায় কোথাও বড় ধরনের গোলমালের খবর মেলেনি। বুথের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। বুথের সামনে জমায়েত আটকাতে কড়া নজরদারি চলছে। বিভিন্ন এলাকায় জওয়ানেরা টহল দিচ্ছেন।

এদিকে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র থেকেও একাধিক অভিযোগ সামনে এসেছে। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। যদিও এখনও ফলতায় পুনর্নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিশন জানিয়েছে, মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচন চলছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে কিছু জায়গায় অশান্তির অভিযোগ ওঠে। কোথাও ইভিএম নিয়ে বিতর্ক, কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ-এই সব ঘটনার পরই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটগণনা হবে আগামী ৪ মে। তার আগে ইভিএম সংরক্ষিত স্ট্রংরুমে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman