Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

রোহিত শর্মাকে নিয়ে বোর্ডের অন্দরমহলের ফাটল প্রকাশ্যে! নিজেদের 'প্রতারিত' মনে করছেন নির্বাচকেরা?

রোহিত শর্মাকে (Rohit Sharma) ঘিরে বিতর্ক থামার কোনও লক্ষণই নেই। বরং যত দিন যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অন্দরের মতবিরোধ। এক জনপ্রিয় হিন্দি সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোহিতের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের শীর্ষকর্তা এবং অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দুই মেরুতে ছিল।

সেই ঘটনাকে কেন্দ্র করেই বোর্ডের অন্দরমহলে তৈরি হয়েছে অস্বস্তি।

সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে জানিয়ে দিয়েছিল যে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখা হচ্ছে না। এমনকী, সেই ম্যাচটিই রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে বলেও জোর জল্পনা ছড়িয়ে পড়ে। কিন্তু ম্যাচের দু'দিন আগে বোর্ডসচিব দেবজিৎ সইকিয়া প্রকাশ্যে জানিয়ে দেন, রোহিত এখনও ভারতের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। সেই ঘোষণার পরই গোটা পরিস্থিতি নাটকীয় মোড় নেয়।

এই প্রতিবেদন জানিয়েছে, বোর্ড সচিবের এই অবস্থান বদলে যাওয়ায় নির্বাচক কমিটির সদস্যরা নিজেদের 'প্রতারিত' বলে মনে করেন। তাঁদের ধারণা, সামাজিক মাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়েই বোর্ড নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। ফলে নির্বাচক কমিটি এবং বোর্ডের শীর্ষ নেতৃত্বের মধ্যে অবিশ্বাসের বাতাবরন তৈরি হয়েছে।

এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নির্বাচক কমিটির একাধিক সদস্য এখনও মনে করেন, রোহিত শর্মাকে দলে রাখলে ২০২৭ বিশ্বকাপ জেতা ভারতের পক্ষে কঠিন হবে। সেই কারণেই তাঁরা ভবিষ্যতের পরিকল্পনায় নতুন নেতৃত্ব এবং নতুন দল গঠনের পক্ষে ছিলেন।

এরই মধ্যে প্রধান নির্বাচক অজিত আগরকরের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর চুক্তির মেয়াদ জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও বিসিসিআই তিন মাসের জন্য মেয়াদ বাড়িয়েছিল। যদিও আগে মনে করা হচ্ছিল, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই দায়িত্বে রাখা হবে। কিন্তু সাম্প্রতিক এই ঘটনার পর সেই সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। বিভিন্ন মহলে ইতিমধ্যেই শোনা যাচ্ছে, তাঁর উত্তরসূরি হিসেবে ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের নামও বিবেচনায় রয়েছে।

রোহিত শর্মার ভবিষ্যৎ, নির্বাচকদের অবস্থান এবং বোর্ডের প্রকাশ্য বার্তার মধ্যে এই অসঙ্গতি ভারতীয় ক্রিকেট প্রশাসনের অন্দরে বোঝাপড়ার অভাবকেই সামনে এনে দিয়েছে। এখন দেখার, বোর্ড এই বিতর্কের ইতি টানতে কী পদক্ষেপ করে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman