Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
স্বপ্ন দেখাচ্ছেন ভারতের অ্যাথলিটরা

স্বপ্ন দেখাচ্ছেন ভারতের অ্যাথলিটরা

রাঁচির বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ সিনিয়র ন্যাশনালস ফেডারেশন কাপ ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে এক স্মরণীয় দিন হয়ে থাকল। একদিনেই পুরুষদের ১০০ মিটার, ৪০০ মিটার এবং ডেকাথলনে তিনটি জাতীয় রেকর্ড গড়ে নতুন ইতিহাস তৈরি করলেন ভারতীয় অ্যাথলিটরা।

সবচেয়ে বড় নজির গড়েন বিশাল টিকে।

পুরুষদের ৪০০ মিটারে তিনি ৪৪.৯৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম ভারতীয় হিসেবে ৪৫ সেকেন্ডের বাধা ভাঙলেন। এর আগে তাঁর নিজেরই জাতীয় রেকর্ড ছিল ৪৫.১২ সেকেন্ড। রেসের পর বিশাল বলেন, "আজ ৪৫ সেকেন্ডের নিচে নামব, সেটা নিয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম।" পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার বার্তাও দেন তিনি।

Advertisement

পুরুষদের ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়েন গুরীন্দরবীর সিং। তিনি ১০.০৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন এবং আগের ১০.১৮ সেকেন্ডের রেকর্ড ভেঙে ভারতের দ্রুততম মানব হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন। প্রতিযোগিতা শেষে গুরিন্দরবীর বলেন, "এই রেকর্ডের মাধ্যমে দেখাতে চেয়েছি, আমি এখনও শেষ হয়ে যাইনি।"

Advertisement

অন্যদিকে ডেকাথলনে ইতিহাস গড়েন তেজস্বীন শংকর। তিনি ৮০৫৭ পয়েন্ট সংগ্রহ করে প্রথম ভারতীয় হিসেবে ৮০০০ পয়েন্টের গণ্ডি পার করেন। এর ফলে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার যোগ্যতাও অর্জন করেন তিনি।

মহিলাদের বিভাগেও নজরকাড়া পারফরম্যান্স দেখা যায়। ১০০ মিটারে সুদেষ্ণা এইচ ১১.৫৬ সেকেন্ডে সোনা জেতেন। ৪০০ মিটারে ভিথ্যা রামরাজ ৫২.২২ সেকেন্ড সময় করে চ্যাম্পিয়ন হন। জ্যাভলিন থ্রো-তে শিলপা রানি ৫৬.৪৬ মিটার ছুঁড়ে সোনা জেতেন।

এছাড়াও পোল ভল্টে বারানিকা এলঙ্গোভান ৪.১০ মিটার লাফিয়ে নতুন মিট রেকর্ড গড়েন। ট্রিপল জাম্পে নিহারিকা বশিষ্ঠও নিজের রেকর্ড ভেঙে নতুন মিট রেকর্ড তৈরি করেন। সব মিলিয়ে এবারের ফেডারেশন কাপ ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন আশার বার্তা দিল।

Advertisement

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman