Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। একাধিক থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা-কর্মী। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেফতারির দাবি করা হয়েছে। গ্রেফতারি না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে।

কিন্তু কী অভিযোগ শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে?

নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন অনেকেই। সেখানে যোগ দিয়েছিলেন, শ্রীলেখা মিত্র ও। অভিযোগ নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনে সামিল হতে গিয়ে প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন অভিনেত্রী। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর যে ছবি হাতে ধরে দাঁড়িয়েছিলেন তা অত্যন্ত অশালীন।

প্রশ্নফাঁস বিতর্কে দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। মুম্বই থেকে শুরু করে দেশের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। আর শুক্রবার বিক্ষোভের আঁচ লাগে কলকাতার রাস্তাতেও। এদিন আন্দোলনে সামিল হন ছাত্রছাত্রী থেকে শুরু করে, অনেক মানুষই। আর ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করতে পথে নেমেছিলেন শ্রীলেখা মিত্র ও। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি তিনি নিজেও শেয়ার করে নিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে শ্রীলেখা একটি পোস্টার ধরে দাঁড়িয়ে আছেন। পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। সেই ছবিকেই কুরুচিকর বলে পুলিশের দ্বারস্থ হয়েছেন, একাধিক বিজেপি নেতা-কর্মী।

বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলছেন, 'একজন শিল্পী হিসেবে প্রতিবাদের অধিকার সবার রয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর এমন কুরুচিকর ছবি পোস্ট করার অধিকার কারও নেই। আমি ওঁর নামে সরাসরি এফআইআর করেছি। গ্রেফতারির থেকে কম যেন কোনও পদক্ষেপ না নেওয়া হয়।'

আরেক বিজেপি কর্মী বলেছেন, ' প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করা উচিত। এই ধরণের কুরুচিকর মন্তব্য বা ছবি এভাবে ছড়িয়ে দেওয়া যায় না।'

এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শ্রীলেখা মিত্র বলছেন, 'আমি বিশেষ একটা পোস্টার ধরে দাঁড়িয়েছিলাম, সেটা ভাইরাল করা হয়েছে। আমি যতই বিজেপি বা মোদী বিরোধী হই, আমায় কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটা যেমন হাস্যকর, ঠিক তেমনই হাস্যকর যদি কেউ মনে করেন ইচ্ছা করে ঠিক ওই ছবিটা নিয়েই দাঁড়িয়েছি। পেটে তো একটু শিক্ষা রয়েছে। পোস্টারিংগুলো হয়েছিল দিল্লি থেকে। তার মধ্যে ওই অত হাজার হাজার, লাখ লাখ ছেলে মেয়ে, পুলিশ লাঠিচার্জ করছে। ছেলেমেয়েদের সঙ্গে আমিও দৌড়েছি। আমি চশমা ছাড়া, সানগ্লাস পরে গিয়েছিলাম। অত ভিড়ের মধ্যে, মোদীজির ছবিটা যে অশ্লীল সেদিকে চোখ যায়নি। পুলিশের লাঠিচার্জের মধ্যে পোস্টারটা ঘুরিয়েও দেখিনি। আমি শুনেছিলাম, 'ভয় আউট, ভরসা ইন।' অথচ মুখ্যমন্ত্রী বলছেন, 'এমন শাস্তি দেবেন, ৩ পুরুষ নাকি মনে রাখবে' এটা তো ভয় দেখানো।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman