Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

সিপিএমের অফিস ভাঙচুর করে জানলা দরজা খুলে নিল দুষ্কৃতীরা

কোচবিহারের ভেটাগুড়ি এলাকায় সিপিআই(এম)-এর একটি পার্টি অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কার্যালয়ের দরজা-জানলা খুলে নিয়ে যাওয়া হয়েছে, টিনের চাল খুলে ফেলা হয়েছে এবং ভিতরে থাকা চেয়ার-টেবিল, টেলিভিশন-সহ একাধিক সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথি খোয়া গিয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

ভেটাগুড়ি এলাকার কমরেড হরেকৃষ্ণ কোঙার ভবন নামে পরিচিত সিপিআই(এম)-এর পার্টি অফিসে মঙ্গলবার গভীর রাতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বুধবার সকালে বিষয়টি জানতে পেরে দলের নেতা-কর্মীরা সেখানে পৌঁছে দেখেন, গোটা কার্যালয় তছনছ অবস্থায় রয়েছে। দেওয়াল ভেঙে দরজা ও জানলা খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। কার্যালয়ের টিনের চালও খুলে ফেলা হয়েছে। পাশাপাশি ভিতরে থাকা চেয়ার-টেবিল, টেলিভিশন এবং গুরুত্বপূর্ণ নথিপত্রও খোয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, একাধিক পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে মঙ্গলবারই জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল সিপিআই(এম)। তার কয়েক ঘণ্টার মধ্যেই ভেটাগুড়ির এই কার্যালয়ে হামলার ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে সিপিআই(এম)। দলের অভিযোগ, পরিকল্পিতভাবে পার্টি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছে তারা।

অন্যদিকে, সিপিআই(এম)-এর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dainikstatesman