দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য বান্টি সিংয়ের বাড়ি ঘিরে বিক্ষোভের জেরে শনিবার উত্তেজনা ছড়াল ডিএসপি টাউনশিপের নিউটন অ্যাভিনিউ এলাকায়। তাঁর বিরুদ্ধে এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা।
অভিযোগের প্রতিবাদে বান্টি সিংয়ের বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাঁদের মুখে শোনা যায় 'চোর চোর' স্লোগান। আচমকাই এমন বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে আশঙ্কায় খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশের বড় বাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে পুলিশ। এরপর বান্টি সিংকে তাঁর বাড়ি থেকে বের করে থানায় নিয়ে যায় পুলিশ। কেন তাঁকে থানায় নিয়ে যাওয়া হল, তা নিয়ে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও তৈরি হয়েছে। বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, 'দুর্গাপুরে বহু দুর্নীতি ও অত্যাচার করেছে বান্টি সিং। দুর্গাপুরের সবাই তা জানেন। কঠিন শাস্তি হওয়া দরকার।'
সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

