Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নতুন মুখ, নতুন স্বপ্ন-BCRCP-তে জমজমাট ওরিয়েন্টেশন প্রোগ্রাম

নতুন মুখ, নতুন স্বপ্ন-BCRCP-তে জমজমাট ওরিয়েন্টেশন প্রোগ্রাম

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ সেপ্টেম্বর:কলেজে প্রথম পা। শুরু জীবনের এক নতুন অধ্যায়। সেই যাত্রার শুরুতেই যদি প্রবীণদের আশীর্বাদ আর অভিজ্ঞদের সঠিক দিকনির্দেশনা পাওয়া যায়, ভবিষ্যৎ গড়ার পথ তখন অনেকটাই সুগম হয়ে যায়। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ঐতিহ্যবাহী 'ডা. বি. সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস' (BCRCP)-এর ক্যাম্পাস মঙ্গলবার এমনই এক মেলবন্ধনের সাক্ষী থাকল।

নতুন পড়ুয়াদের কলেজের পরিবেশ ও ভবিষ্যৎ পথচলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে কলেজে অনুষ্ঠিত হল 'ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬'। ক্যাম্পাসের এম. এল. শ্রফ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজী মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিসিআরসিপি-র অধ্যক্ষ অধ্যাপক ড. সমীর কুমার সামন্ত; পিআইসি (পিজি স্টাডিজ অ্যান্ড রিসার্চ) অধ্যাপক ড. শুভব্রত রায়; এবং রেজিস্ট্রার সাগর সেনগুপ্ত। এছাড়াও ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও শিক্ষার্থীরাও।

স্বাগত ভাষণে অধ্যক্ষ অধ্যাপক ড. সমীর কুমার সামন্ত শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও দৃঢ় সংকল্পের সাথে তাদের শিক্ষাজীবন শুরু করতে উৎসাহিত করেন। তিনি শিক্ষার্থীদের 'কখনও নৈতিকতার সাথে আপস না করার' বার্তা দেন এবং কলেজকে তাদের 'দ্বিতীয় বাড়ি' হিসেবে অভিহিত করেন। তাঁর কথায়, 'কলেজে পা রাখা শুধুমাত্র একটি নতুন শিক্ষাবর্ষের শুরু নয়, বরং জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। তাই শুরু থেকেই নৈতিকতা ও দায়িত্ববোধকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে।'

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্বামী সোমাত্মানন্দজী মহারাজের বক্তব্য।যাত্রা। তিনি শিক্ষার্থীদের আন্তরিকতা ও দায়িত্ববোধের সাথে তাদের শিক্ষাগত ও পেশাগত লক্ষ্য অর্জনের বার্তা দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন, জ্ঞান অর্জনের কোনও নির্দিষ্ট বয়স বা সীমা নেই। শ্রীরামকৃষ্ণের বাণী উদ্ধৃত করে তিনি বলেন, 'যতদিন বাঁচি, ততদিন শিখি।' তাঁর বার্তা, শেখার কোনও শেষ নেই। তাই জীবনের প্রতিটি পর্যায় থেকে শেখার মানসিকতা তৈরি করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'তোমরাই আমাদের ভবিষ্যৎ।' সব মিলিয়ে, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে জ্ঞান, নৈতিকতা ও দায়িত্ববোধকে সঙ্গী করে শুরু হল BCRCP-এর নতুন পড়ুয়াদের পথচলা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Durgapur Darpan