Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সৌরভের শুভেচ্ছা নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে দুর্গাপুরের অভিপ্রায়

সৌরভের শুভেচ্ছা নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে দুর্গাপুরের অভিপ্রায়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ সেপ্টেম্বর: ছোটবেলার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবের পথে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সুকান্ত পল্লির ছেলে অভিপ্রায় বিশ্বাস জায়গা করে নিয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে। জাতীয় দলের দরজা খোলার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সোমবার ইডেনে গিয়ে দেখা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।

সঙ্গে ছিলেন তাঁর মা অলোকা।

ইডেনে অভিপ্রায়ের সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানান সৌরভ। তরুণ ক্রিকেটারের হাতে তুলে দেন দু'টি ব্যাট। শুধু অভিনন্দন জানানোই নয়, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে খেলার পরামর্শও দেন তিনি। ভবিষ্যতে বাংলা এবং ভারতের সিনিয়র দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে অভিপ্রায়কে উৎসাহ দেন সিএবি সভাপতি।

এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সিএবি সচিব বাবলু কোলে, সহ-সভাপতি নীতীশরঞ্জন দত্ত এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। জাতীয় দলের দরজায় পৌঁছে যাওয়া দুর্গাপুরের এই উইকেটকিপার-ব্যাটারকে উৎসাহ দিতে তাঁরাও শুভেচ্ছা জানান। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজেই জাতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন দুর্গাপুরের অভিপ্রায়।

অভিপ্রায়ের ক্রিকেটযাত্রা শুরু হয়েছিল দুর্গাপুরের শ্রমিক নগর ময়দানের স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্র থেকে। মাত্র ছ'বছর বয়সে দাদু অসিত কুমার বিশ্বাস প্রথম তাঁকে সেখানে নিয়ে যান। পরের বছরই কলকাতার সল্টলেকের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয় তাঁকে। ছেলের ক্রিকেটের স্বপ্ন পূরণ করতে দিনের পর দিন দুর্গাপুর থেকে কলকাতায় ট্রেনে যাতায়াত করেছেন মা অলোকা। সেই যাত্রা সবসময় সহজ ছিল না। কখনও কখনও প্ল্যাটফর্মেই রাত কাটাতে হয়েছে মা-ছেলেকে। সেই লড়াইয়ের পথ পেরিয়েই আজ জাতীয় দলের দরজায় অভিপ্রায়।

সম্প্রতি বেঙ্গালুরুতে বিশেষ প্রশিক্ষণ শেষে শনিবার গভীর রাতে বাড়ি ফেরেন তিনি। অভিপ্রায় জানান, জাতীয় দলের ডাক পাওয়ার কথা প্রথম তাঁকে জানান সৌরাশিস লাহিড়ি। খবরটি পেয়েই বাড়িতে ফোন করে পরিবারকে জানান তিনি। উইকেটের পিছনে দাঁড়ানোর পাশাপাশি ব্যাট হাতেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অভিপ্রায়। ব্যাটার হিসেবে তাঁর পছন্দ বিরাট কোহলি। সাধারণত মিডল অর্ডারে ব্যাট করতে স্বচ্ছন্দ এই তরুণ।

অভিপ্রায়ের বাবা পঙ্কজ বিশ্বাস পেশায় চিকিৎসক। মা অলোকা গৃহবধূ। বর্তমানে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র তিনি। দাদু অসিত কুমার বিশ্বাসের কথায়, ছোট থেকেই অভিপ্রায়ের একটাই স্বপ্ন ছিল—একদিন ভারতীয় দলের জার্সি পরে ক্রিকেট মাঠে নামবেন। তাঁর পরিশ্রম এবং জেদই আজ সেই স্বপ্নকে আরও এক ধাপ কাছে এনে দিয়েছে।

দুর্গাপুরের মাঠ থেকে শুরু হওয়া সেই যাত্রা এখন পৌঁছে গিয়েছে ইডেনের বাইশ গজ পেরিয়ে জাতীয় দলের ড্রেসিংরুমের দোরগোড়ায়। সামনে অস্ট্রেলিয়া। আর অভিপ্রায়ের সামনে এখন নিজেকে প্রমাণ করার বড় সুযোগ।

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Durgapur Darpan