Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
যক্ষ্মা রোগীদের পাশে বিধায়ক, ৫০ জনের হাতে পুষ্টির ব্যাগ

যক্ষ্মা রোগীদের পাশে বিধায়ক, ৫০ জনের হাতে পুষ্টির ব্যাগ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ আগস্ট: যক্ষ্মার বিরুদ্ধে লড়াই শুধু ওষুধে নয়, প্রয়োজন পর্যাপ্ত পুষ্টিও। সেই লক্ষ্যেই যক্ষ্মা রোগীদের অতিরিক্ত পুষ্টির জোগান দিতে 'নিক্ষয় মিত্র' কর্মসূচির আওতায় এগিয়ে এলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে গিয়ে ৫০ জন যক্ষ্মা রোগীর হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রীর ব্যাগ তুলে দেন তিনি।

চাল, ডাল, ডিম, সয়াবিন-সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল প্রতিটি ব্যাগে।

যক্ষ্মা রোগীদের পুষ্টির জোগান নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের 'নিক্ষয় পোষণ যোজনা' ইতিমধ্যেই চালু রয়েছে। এই প্রকল্পে এককালীন ৩ হাজার টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। এর পাশাপাশি রোগীদের আরও পুষ্টিকর খাবারের জোগান নিশ্চিত করতে চালু রয়েছে 'নিক্ষয় মিত্র' কর্মসূচি। এই উদ্যোগে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে একজন বা একাধিক যক্ষ্মা রোগীর পুষ্টির দায়িত্ব নিতে পারেন।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, এলাকার অন্তত পাঁচ জন যক্ষ্মা রোগীর দায়িত্ব নেওয়ার জন্য প্রত্যেক বিধায়ককে এগিয়ে আসতে বলা হয়েছে। সেই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে গিয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক ৫০ জন রোগীর পাশে দাঁড়ালেন।

লক্ষ্মণ ঘোড়ুই বলেন, 'দেশ থেকে যক্ষ্মা রোগ নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। রোগীদের চিকিৎসার পাশাপাশি শরীরে প্রয়োজনীয় অতিরিক্ত প্রোটিনের জোগানও নিশ্চিত করা জরুরি। সেই কারণেই আমি এই উদ্যোগ নিয়েছি। আরও কেউ যদি এগিয়ে এসে যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়াতে চান, তাঁকে স্বাগত।'

হাসপাতালে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল, ডেপুটি সুপার সুরূপা ভট্টাচার্য, সমাজসেবী পারিজাত গাঙ্গুলী, মনীষা সিকদার-সহ অন্যান্যরা।

চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাবারের জোগান পেলে যক্ষ্মা রোগীদের সুস্থ হয়ে ওঠার লড়াই আরও শক্তিশালী হবে—এই বার্তাই উঠে এল এ দিনের কর্মসূচি থেকে।

সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Durgapur Darpan