Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অলিম্পিক আয়োজনের বিপক্ষে ভোট হামবুর্গবাসীদের

অলিম্পিক আয়োজনের বিপক্ষে ভোট হামবুর্গবাসীদের

DW 6 days ago
জার্মানির উত্তরাঞ্চলের শহর হামবুর্গে অলিম্পিক আয়োজনের বিপক্ষে সেই শহরের বেশির ভাগ বাসিন্দা। রবিবার প্রকাশিত গণভোটের প্রাথমিক ফলাফলে এমন তথ্য উঠে আসে।গণভোটে ভোটার ছিলেন ১৬ বছর বা তার বেশি বয়সি প্রায় ১৩ লাখ মানুষ। তাদের মধ্যে ৪৯.৫ শতাংশ ভোটে অংশ নিয়েছেন। তবে ভোট গণনা শেষ হওয়ার আগেই রাজ্যের নির্বাচন বিভাগের প্রধান অলিভার রুডলফ জানিয়ে দেন, গণভোটে অংশগ্রহণকারীদের বড় অংশই জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গে ২০৩৬, ২০৪০ বা ২০৪৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন চান না।
অলিম্পিকের আয়োজক হওয়ার দৌড়ে জার্মানির অন্য তিন শহর মিউনিখ, বার্লিন এবং কোলন-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিল হামবুর্গ। জার্মানির অলিম্পিক স্পোর্টস কনফেডারেশন (ডিওএসবি)-র আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। কিন্তু রবিবারের গণভোটের ফলাফলের কারণে হামবুর্গ অলিম্পিক আয়োজক হওয়ার দৌড় থেকে ছিটকে পড়লো। এর আগে মিউনিখ এবং কোলনেও গণভোট হয়েছে।

মিউনিখের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন ৬৬.৪ শতাংশ ভোটার আর কোলন/রাইন-রুহর অঞ্চলের প্রস্তাবে সায় দিয়েছেন ৬৬ শতাংশ ভোটার। তবে বার্লিনের ক্ষেত্রে কোনো গণভোট হয়নি। সেখানে অলিম্পিক আয়োজনের প্রস্তাব অনুমোদন করেছে স্থানীয় সংসদ। হামবুর্গবাসী অবশ্য এর আগেও শহরে অলিম্পিক আয়োজনের বিরোধিতা করেছেন।

২০১৫ সালে হওয়া আরেক গণভোটেও একই রায় দিয়েছিলেন তারা। এর আগে দুবার অলিম্পিক আয়োজন করেছে জার্মানি। ১৯৩৬ সালে নাৎসি শাসনামলে, বার্লিনে এবং তারপর ১৯৭২ সালে, মিউনিখে। ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক মর্মান্তিক এক ঘটনার কারণে কলঙ্কিত। সেই আসরে ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন ‘ব্ল্যাক সেপ্টেম্বর'-এর হামলায় নিহত হয়েছিলেন ইসরায়েলের ১৪ জন ক্রীড়াবিদ। এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: DW Bangla