ব্যাকংকে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা, জার্মানি: সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড় অনুমোদন, সুরে, কথায় মন জয় করলেন চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান ...আরো খবর এখানে। ব্যাকংকে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা জার্মানি: সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন সুরে, কথায় মন জয় করলেন চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান ইসরায়েলের পক্ষে নেতানিয়াহুর বক্তব্য, প্রতিবাদে অনেক প্রতিনিধির ওয়াকআউট জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের লিগ্যাল অফিসার হলেন জাইমা ট্রাম্পের স্টেট ডিনারে শি জিনপিং, এলেন ইলন মাস্করা বাংলাদেশে সরকার 'থ্রি আর' নীতি নিয়ে চলছে: তারেক জ্ঞানেশ ইস্তফা না দিলে আবার আন্দোলনে ককরোচরা ইথিওপিয়ার সামরিক বাহিনীর দাবি, টিপিএলএফের শতাধিক বিদ্রোহী নিহত যারা সন্ত্রাসী, তারাই আমাদের সন্ত্রাসী বলছে : পেজেশকিয়ান অস্ট্রেলিয়ায় কৃষি খাতের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসার সুযোগ ব্যাকংকে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে টানা তিন দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পর শনিবার পুরো রাজধানীজুড়ে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের ওপর নির্ভরশীল শয্যাশায়ী রোগীদেরকে সাময়িকভাবে হাসপাতালে থাকার কথা বিবেচনা করতে অনুরোধ জানিয়েছেন গভর্নর। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আরআর/টিএম (এএফপি, এপি, রয়টার্স) জার্মানি: সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন জার্মানির সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ চলতি বছরে দ্বিতীয়বারের মতো পেট্রোলের ওপর সাময়িক কর ছাড়ের অনুমোদন দিয়েছে। আজ শুক্রবার এ অনুমোদন দেয়া হয়।
এই ছাড়ের ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর মোট ২.৫ বিলিয়ন ইউরো (২.৮৫ বিলিয়ন ডলার) ব্যয় হবে। এর আগে পেট্রোলের উচ্চমূল্যের প্রভাব কিছুটা লাঘব করতে গত এপ্রিলে মে ও জুন মাসের জন্য জ্বালানি কর ছাড়ের অনুমোদন দিয়েছিল সরকার। ছাড়ের কারণে সেই পর্যায়ে ১.৬ বিলিয়ন ইউরো ব্যয় বাড়লেও মে ও জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (রয়টার্স) সুরে, কথায় মন জয় করলেন চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান এক সময় খুব ভালো গান গাইতেন পেং লিউয়ান।
বিখ্যাত গায়িকা থেকে চীনের ফার্স্ট লেডি হলেও সংগীতপ্রেমে এখনো যে মগ্ন, যুক্তরাষ্ট্র সফরে তা বুঝিয়ে দিলেন। সুরে, কথায় মন জয় করলেন শি জিনপিং-এর স্ত্রী। স্বামীর সফরসঙ্গী হলে সাধারণত পার্শ্ব-চরিত্রের মতোই রাষ্ট্রীয় সফর শেষ করেন ফার্স্ট লেডিরা। এবার পেং লিউয়ানের বেলায় কিন্তু তা হয়নি।
চীনের ঐতিহ্যবাহী পোশাকের আধুনিক সংস্করণে দারুণ দেখাচ্ছিল তাকে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইংরেজিতে। কথা বলেছেন কোনো দোভাষীর সহায়তা ছাড়া। বাণিজ্য থেকে শুরু করে তাইওয়ান — যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের কত বিষয়েই তো মতপার্থক্য!
তা সত্ত্বেও শি জিনপিংয়ের স্ত্রী যুক্তরাষ্ট্র সফরে চীনের এক নমনীয় ও বন্ধুত্বপূর্ণ ভাবমূর্তি তুলে ধরেছেন, কথা আর সুরের ‘সফট পাওয়ার’দিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে জিতে নিয়েছেন অনেকের হৃদয়। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (রয়টার্স) ইসরায়েলের পক্ষে নেতানিয়াহুর জোরালো বক্তব্য, প্রতিবাদে অনেক প্রতিনিধির ওয়াকআউট জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষে কথা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষণের সময় অনেক দেশের প্রতিনিধিই সভাকক্ষ ছেড়ে যান। নেতানিয়াহু বলেন সভাকক্ষ ছেড়ে যাওয়ারা ‘নৈতিকভাবে কাপুরুষ।
গ্যালারিতে উপস্থিত তার সমর্থকরা তখন হিব্রু ভাষায় ‘‘ইসরায়েলের জনগণ বেঁচে আছে’’ স্লোগান দিচ্ছিলেন। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনারা আমাকে এখানে আসা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, আপনার সেই চেষ্টা করেছিলেন। আপনারা আমাকে চুপ করানোর চেষ্টা করেছিলেন।
কিন্তু আমাকে চুপ করাতে পারবেন না। আপনারা সত্যকে নিরব রাখতে পারবেন না।’’ তার এ বক্তব্যের জবাব দিয়েছেন মামদানি। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ের কাছে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ রাস্তা অবরোধ করে ‘‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো, গাজাকে বাঁচতে দাও’’ এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো, ইরানকে বাঁচতে দাও’’ স্লোগান দিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (রয়টার্স, এপি, এএফপি) জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের দপ্তরের লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরের ওয়েবসাইটে তাকে লিগ্যাল অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে। জাইমা রহমান আইন বিষয়ে পড়াশোনা করেছেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে।
পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ে জাইমা রহমান আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখভাল করবেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (প্রথম আলো) ট্রাম্পের স্টেট ডিনারে শি জিনপিং, এলেন ইলন মাস্করা প্রশাসনের শীর্ষকর্তা এবং তাদের স্বামী-স্ত্রীরা উপস্থিত ছিলেন, তবে ডনাল্ড ট্রাম্পের স্টেট ডিনারে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নজর কেড়েছে ইলন মাস্কদের উপস্থিতি।
বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট আয়োজন করেছিলেন স্টেট ডিনার। সেখানে উপস্থিত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান এবং ডেল টেকনোলজিসের চেয়ারম্যান ও সিইও মাইকেল ডেলসহ প্রযুক্তি ও শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। বিষয়টি অপরিচিত নয়। গত মে মাসে ট্রাম্প চীন সফরে গেছিলেন।
সেখানেও তিনি এমনই একটি দল সঙ্গে করে নিয়ে গেছিলেন। তাদের মধ্যে ছিলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, অ্যাপেলের সাবেক সিইও টিম কুক এবং টেসলার সিইও ইলন মাস্ক। সে সময় চীনের প্রেসিডেন্ট বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ট্রাম্পের সম্মানে স্টেট ডিনারের আয়োজন করেছিলেন। তবে ওয়াশিংটনে স্টেট ডিনারের অতিথি তালিকায় চীনা কোনো সিইওকে দেখা যায়নি।
বিশেষজ্ঞদের মতে, চীনা কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে এলে তা নিয়ে জটিলতা বাড়তো। এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ কয়েকটি চীনা কোম্পানিকে অতিথি তালিকায় রাখার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তখন প্রশ্ন উঠেছিল—চীনা সিইওরা রাষ্ট্রীয় সফরে কী ধরনের ভূমিকা পালন করবেন এবং তাদের জন্য কী ধরনের প্রোটোকল থাকবে? এ বিষয়ে মার্কিন পক্ষ তাদের প্রস্তাব পেশ করতে দেরি করে।
ফলে বিষয়টি আর বাস্তবায়িত হয়নি। এদিন স্টেট ডিনারের আগে ট্রাম্প-শি বৈঠক হয়েছে। তবে বড় কোনো চুক্তি ঘোষণা করা হয়নি। এসজি/জিএইচ (রয়টার্স, এপি) বাংলাদেশে সরকার 'থ্রি আর' নীতি নিয়ে চলছে: তারেক নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে তিনি বলেন, তার সরকার 'থ্রি আর' নীতি নিয়ে চলছে। এই 'থ্রি আর' হলো রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন, অর্থাৎ, পুনর্লাভ, পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ। তারেকের দাবি, ''দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অবসান ঘটিয়ে, ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে।
তাই এই নীতি নেওয়া হয়েছে।'' প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ''সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। বিশ্বায়নের এই যুগে বিশ্বের যে প্রান্তে যা কিছুই ঘটুক, প্রতিটি রাষ্ট্রেই কমবেশি এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই যেকোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই হওয়া উচিত।'' প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, ''দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। ফলে দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।
নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। নারী উদ্যোক্তা তৈরির জন্য বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নারীদের জন্য সরকার নগদ অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করেছে। স্নাতক শ্রেণি পর্যন্ত নারীদের বিনাবেতনে শিক্ষার সুযোগ অবারিত করা হয়েছে।'' তিনি জানান, ''শুধু ভোটের গণতন্ত্র নয় সরকার অর্থনীতির গণতন্ত্রায়নও নিশ্চিত করতে চায় যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির সুফল প্রতিটি পরিবার এবং প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে। সেই লক্ষ্য পূরণে ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড এবং ই-হেলথ কার্ড এর মত বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য সহায়তা কর্মসূচি চালু করেছে।
প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা ‘ফ্যামিলি কার্ডকে’ সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবেই বিবেচনা করে।'' জিএইচ/এসজি(প্রপথম আলো, দ্য ডেইলি স্টার) ইথিওপিয়ার সামরিক বাহিনীর দাবি, টিপিএলএফের শতাধিক বিদ্রোহী নিহত ইথিওপিয়ার সরকারি বাহিনী ও টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ আরও তীব্র হয়েছে। এর ফলে ২০২২ সালে যে শান্তিচুক্তি হয়েছিল তা পুরোপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার উত্তর ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়। এএফপি বার্তাসংস্থাকে টিপিএলএফের ভাইস প্রেসিডেন্ট আমানুয়েল আসেফা বলেন, “আমরা এখন পূর্ণমাত্রার যুদ্ধের পরিস্থিতিতে রয়েছি।” বৃহস্পতিবার ইথিওপিয়ার সামরিক বাহিনী জানায়, তারা “পাল্টা অভিযান শুরু করেছে”, যাতে টিপিএলএফের সদস্য ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সামরিক বাহিনীর দাবি, তাদের অভিযানে টিগ্রের ২৭২ জন বিদ্রোহী নিহত এবং আরও প্রায় ২৬০ জন আহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নিহত ও আহতদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক নাগরিক, সে বিষয়েও কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি) জ্ঞানেশ ইস্তফা না দিলে আবার আন্দোলনে ককরোচরা নির্বাচন কমিশন বিতর্কে যোগ দিলো ককরোচ জনতা পার্টি(সিজেপি)ও।
তারা জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার যদি পদত্যাগ না করেন, তাহলে তারা দেশজুড়ে আন্দোলনে নামবে। দরকার হলে যন্তর মন্তর দুই হবে বলেও তারা জানিয়েছে। বৃহস্পতিবার সিজেপি-র আহ্বায়ক অভিজিৎ দীপকে বলেছেন, প্রথমে সারা দেশে আন্দোলন হবে। তারপর তারা দিল্লিতে আসবেন।
যদি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করেন, তাহলে নিশ্চিতভাবে 'যন্তর মন্তর ২' হবে বলে তিনি জানিয়েছেন। এর আগে পরীক্ষা কেলেঙ্কারির বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আদায় করতে পেরেছিল সিজেপি। দীপকে বলেছেন, ''যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, জ্ঞানেশ কুমার হলেন দেশের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। তিনি সবচেয়ে বড় দেশদ্রোহী।
তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কেন তিনি দেশদ্রোহী? কারণ, তিনি ভারতের গণতন্ত্রের সামনে সবচেয়ে বড় বিপদের কারণ।'' দীপকের দাবি, ''জ্ঞানেশ কুমার যবে থেকে মুখ্য নির্বাচনী কমিশনার হয়েছেন, তবে থেকে সরকার ঠিক করছে কে ভোট দেবে, কে দেবে না। এটা কোন গণতন্ত্রের সংজ্ঞা?
এটা গণতন্ত্র নয়। এটা স্বৈরতন্ত্র।'' জিএইচ/এসজি(এএনআই, এনডিটিভি) পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গুলির লড়াই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আফগান তালেবানের হামলার মোকাবিলা করা হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে। গুলিস্তান সেক্টরে এই হামলা হয়েছিল বলে দাবি করে সূত্র বলেছে, প্রচুর তালেবান সদস্য মারা গেছেন। সূত্র আরো জানিয়েছে, আফগান তালেবান ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই এখনো চলছে।
পুরো আফগান সীমান্তে নিরাপত্তা রক্ষীরা সতর্ক আছে। জিএইচ/এসজি(রয়টার্স) অস্ট্রেলিয়ায় কৃষি খাতের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসার সুযোগ অস্থায়ী অভিবাসী কৃষি কর্মীদের একটি অংশের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভিসা প্রক্রিয়াকরণের ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া সরকার। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে গ্রেইন প্রডিউসার্স অস্ট্রেলিয়া। অভিবাসন নীতি কঠোর করার কারণে অস্ট্রেলিয়ায় শ্রমিক-সংকট দেখা দিয়েছে।
এর ফলে ফসল তোলার কাজেও ব্যাঘাতের আশঙ্কা দেখা দেয়। সরকারের এ সিদ্ধান্ত সংকট কিছুটা কমাবে বলে ধারণা করা হচ্ছে। গম, বার্লি এবং ক্যানোলা রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ অস্ট্রেলিয়া। এ মৌসুমে ফসল তিনটি সংগ্রহের কাজ শুরু হবে কয়েক সপ্তাহের মধ্যে।
এসব ফসল কাটা এবং ঘরে তোলার কাজ অস্থায়ী অভিবাসী শ্রমিকদের দিয়েই করায় অস্ট্রেলিয়ার অনেক খামার। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (রয়টার্স) যারা সন্ত্রাসী, তারাই আমাদের সন্ত্রাসী বলছে: পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদে ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, কোনো চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। সেই হুঁশিয়ারির জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “গতকাল মার্কিন প্রেসিডেন্ট যেসব কথা বলেছেন তা বুলিং-এর মানসিকতারই বহিঃপ্রকাশ। ইরানের জনগণ চাপের কাছে মাথা নত করবে না।’’ মঙ্গলবার নিজের বক্তব্য ইরানকে বিশ্বের শীর্ষস্থানীয় ‘সন্ত্রাসবাদে মদতদাতা’ বলেছিলেন ট্রাম্প।
গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সেই প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন,‘‘যারা নিজেরাই সন্ত্রাসী, যারা সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়, তারাই আমাদের সন্ত্রাসী বলছে!” এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (রয়টার্স) কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জন আটক কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ১৩ বছর বয়সি ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার এক সপ্তাহের মধ্যে এ অভিযান চালালো পুলিশ। গতকাল বুধবার কুমিল্লা জেলার ১৮টি থানার পুলিশ এ অভিযান চালায়। সন্ধ্যার পর থেকে রাত দেড়টা পর্যন্ত একযোগে চালানো অভিযানে এই ৬২৪ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও আছে। তাদের বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন নয়। তবে গত শুক্রবার রাতে ১৩ বছর বয়সি ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপ্রতিম হত্যার ঘটনায় এ পর্যন্ত দুই কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের মূল হোতা ১৯ বছর বয়সি সাইফুল ইসলাম তুহিনসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর ১৯ বছর বয়সি তরুণকে হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (প্রথম আলো) যুক্তরাষ্ট্র: ট্রাম্পকে সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ ডনাল্ড ট্রাম্পকে সিএনএন, এমএসএনবিসি এবং পলিটিকো-র সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। রায়ে বলা হয়, ওই তিনটি সংবাদমাধ্যমের ওপর হোয়াইট হাউসে প্রবেশে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা অবশ্যই তুলে নিতে হবে। গত ১৮ সেপ্টেম্বর ট্রাম্প সংবাদমাধ্যমগুলোর পর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরের দিন ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো মামলা দায়ের করে।
সেই মামলার প্রেক্ষিতে এই রায় দেয় আদালত। রায়ে জেলা জজ টিম কেলি বলেন, ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞা সম্ভবত অসাংবিধানিক। তবে তিনি অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি। রায়ে বলা হয়, এই আদেশ ১৪ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
২০১৭ সালে ডনাল্ড ট্রাম্পের মনোনয়নে বিচারক হন টিম কেলি। পরের বছর এমন আরেকটি মামলাতেও সিএনএনের এক সাংবাদিকের প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন তিনি। সেবার সেই নিষেধাজ্ঞার প্রতিবাদে এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাংবাদিকের সঙ্গে সংহতি জানাতে ডিডাব্লিউসহ অনেক সংবাদমাধ্যম ট্রাম্পের বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের কার্যক্রম স্থগিত করার মতো পদক্ষেপও নিয়েছিল। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) ওয়াশিংটনে শি জিনপিংকে অভ্য়র্থনা ট্রাম্পের ওয়াশিংটনে পৌঁছালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
জয়েন্ট বেস অ্যান্ড্রুজের টারম্যাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দুই নেতার বৈঠকে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান ও ইরান নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। চীনের জাতীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সিনহুয়ায় প্রকাশিত এক লিখিত বিবৃতিতে শি বলেন, “আমাদের দুই দেশ প্রতিদ্বন্দ্বী নয়, বরং তাদের মধ্য়ে অংশীদারিত্ব থাকা উচিত।” তিনি আরও বলেন, “চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে এবং দুই দেশের স্বার্থ গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত।” ওয়াশিংটনে শি জিনপিংকে রেড কার্পেট বা লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। সিনহুয়ায় প্রকাশিত বক্তব্যে শি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে 'গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে' ট্রাম্পের সঙ্গে 'গভীর ও বিস্তারিত মত বিনিময়' হবে বলে তিনি আশাবাদী। এদিকে শি পৌঁছানোর মুহূর্তে হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প চান হংকংয়ে গণতন্ত্রের জন্য় লড়াই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া জিমি লাই-র নিঃশর্ত মুক্তি। এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)

