Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের প্রত্যর্পণ চায় যুক্তরাষ্ট্র

ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের প্রত্যর্পণ চায় যুক্তরাষ্ট্র

DW 3 months ago
ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের প্রত্যর্পণ চায় যুক্তরাষ্ট্র, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, আবার বন্ধ হরমুজ, বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনেইর, আলোচনায় অংশ নিতে ওমানে আরাঘচি... আরো খবর এখানে। ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, আবার বন্ধ হরমুজ বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনেইর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা: লেবানন ইস্যুতে ফ্রাঙ্কো-জার্মান উদ্যোগ ডিসেম্বরে দেশে ফিরে নেতা-কর্মীদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার বিমানের জানালা দিয়ে বাইরে ছিটকে পড়া থেকে রক্ষা শিখ নেতা হত্যাকাণ্ডে ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের প্রত্যর্পণ চায় যুক্তরাষ্ট্র ক্যানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরকে ২০২৩ সালে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে।
এর কয়েক দিনের পরই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিশ্চিত করলো যে তারা বিষ্ণোইকে প্রত্যর্পণের আবেদন করবে। ২০২৩ সালে হওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি সে সময় ক্যানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও টানাপড়েন সৃষ্টি করেছিল। লরেন্স বিষ্ণোই ভারতে কারাবন্দি অবস্থাতেই নিজ্জরকে হত্যার নির্দেশ দিয়েছেন, এমন অভিযোগ রয়েছে। ক্যানাডা বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।

গত সপ্তাহে, যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও ইউরোপের সমন্বয়ে পরিচালিত আন্তর্জাতিক অভিযান 'অপারেশন হার্ডবল'-এর অংশ হিসেবে মার্কিন বিচার বিভাগ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। এই অভিযানে ভারতের তিনটি অপরাধী চক্রের সঙ্গে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদপত্র 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অভিযোগপত্রে বিষ্ণোই ও তার সহযোগী গোল্ডি ব্রার ছাড়াও আরও আছে আসামের কারাগারে বন্দি জাগ্গু ভগবানপুরিয়া এবং ক্যানাডা-ভিত্তিক রবীন্দ্র সিং ধান্দা। নিজ্জরকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে বিষ্ণোই ও ব্রারকে অভিযুক্ত করা হয়েছে।

ব্রারকে গ্রেপ্তারে তথ্য দেওয়ার জন্য এফবিআই ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। এডিকে/টিএম (এএফপি, এপি, রয়টার্স) ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, আবার বন্ধ হরমুজ ইরানি নৌবাহিনী জানিয়েছে যে, ‘অননুমোদিত পথ’ দিয়ে চলা জাহাজে গুলি চালানোর পর তারাহরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর তৃতীয় দফায় হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য "ইরানি বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে" এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, এটি ছিল এই সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর চালানো তৃতীয় দফার হামলা। মার্কিন বাহিনী ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, গোলাবারুদ মজুতাগার এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র। অন্যদিকে, ইরানের রেভোলিউশনারি গার্ড শনিবার জানিয়েছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জর্ডান, কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং রাডার কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। কুয়েতে একটি মার্কিন সামরিক রাডার কেন্দ্র, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর জন্য ব্যবহৃত লজিস্টিক সহায়তা কেন্দ্র এবং জ্বালানি উত্তোলনের প্ল্যাটফর্ম ধ্বংস করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জুনে স্বাক্ষরিত চুক্তির শর্ত লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রকে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, “একপাক্ষিক চুক্তির দিন শেষ। আমরা আপনাদের বলেছিলাম: কথা রাখুন, নয়তো এর মাশুল গুনতে হবে। বাস্তবতা এখন কড়া নাড়ছে।” পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ইরান-সংশ্লিষ্ট সংঘাতে জড়িত পক্ষগুলোকে "সংযম প্রদর্শনের" আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করে আসছে এবং জুনে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এডিকে/টিএম (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনেইর ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইর মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তার উত্তরসূরি ও ছেলে মোজতবা খামেনেই। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি এক বিমান হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনেই।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর নামে প্রচারিত এক লিখিত বিবৃতিতে বলা হয়, ‘‘প্রতিশোধ নেওয়া জাতির দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।’’ মোজতবা আরও বলেন, ‘‘শহিদ নেতার রক্ত এবং এই যুদ্ধে নিহত সব শহিদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি আমরা।’’ বাবার মৃত্যুর পর থেকে মোজতবা খামেনেইকে জনসমক্ষে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের দাবি, ফেব্রুয়ারির শেষ দিকে যে হামলায় আলী খামেনেই নিহত হয়েছেন, সেই হামলায় মোজতবাও গুরুতর আহত হয়েছিলেন। টিএম/এডিকে (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ওমানে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনায় অংশ নিতে শনিবার ওমানের রাজধানী মাস্কটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সমন্বয় নিয়ে ওমানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতি নিজেদের অঙ্গীকার অক্ষুণ্ণ রেখেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেছেন।

আরাঘচি বলেন, ‘‘এ পর্যন্ত ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বলে পরিচিত ব্যক্তি সমঝোতা স্মারকের নবম অনুচ্ছেদ লঙ্ঘন করছেন।’’ তিনি আরও বলেন, ‘‘এই লঙ্ঘন যুক্তরাষ্ট্রের অন্যান্য চুক্তিভঙ্গ ও ভুল পদক্ষেপের ধারাবাহিকতারই অংশ।’’ চুক্তি কার্যকর রাখতে হলে দুই পক্ষকেই সমানভাবে নিজেদের প্রতিশ্রুতি পালন করতে হবে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে একে অপরকে দোষারোপ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইরান। টিএম/এডিকে (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) হরমুজ প্রণালিতে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধে তেহরানের কাছ থেকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে অঙ্গীকার চাইছে বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

শুক্রবার নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তারা। কর্মকর্তারা বলেছেন, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে তারা জোর দিয়ে বলেছেন, আলোচনার অগ্রগতি বজায় রাখতে হলে ইরানকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে হবে এবং জানাতে হবে, তাদের বাহিনী হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজে আর হামলা চালাবে না। এক কর্মকর্তা বলেন, ‘‘আমাদের দাবি হলো, ইরান প্রকাশ্যে ঘোষণা দেবে যে হরমুজ প্রণালির সব নৌপথ উন্মুক্ত রয়েছে এবং আর কোনো জাহাজ লক্ষ্য করে গুলি করা হবে না।’’ তিনি আরও বলেন, ‘‘তারা হয় এ ধরনের একটি বিবৃতি দেবে, নয়তো তাদের জন্য ইতিবাচক ফল আসবে না।’’ টিএম/এডিকে (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা: লেবানন ইস্যুতে ফ্রাঙ্কো-জার্মান উদ্যোগ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর লক্ষ্যে লেবানন ইস্যুতে নতুন করে একটি ফ্রাঙ্কো-জার্মান উদ্যোগ প্রণয়নে প্যারিসের সঙ্গে কাজ করছে বার্লিন।

আগামী সপ্তাহে জার্মান ও ফরাসি মন্ত্রীরা একটি বৈঠক করতে যাচ্ছেন। তার আগে জার্মান সংবাদপত্র টাগেসস্পিগেল-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভাডেফুল বলেন, ‘‘মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে আমরা ফ্রান্সের সঙ্গে মিলে লেবানন ইস্যুতে একটি যৌথ নীতি প্রণয়ন করতে চাই।’’ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লাহর বিরুদ্ধে লড়াই করছে ইসরায়েলি বাহিনী। এই ইস্যুটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। হেজবোল্লাহ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ আরও অনেক দেশের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে।

জার্মান কূটনীতিক ভাডেফুল বলেন, ইউরোপের দুই রাজধানীর মধ্যে সহযোগিতার লক্ষ্য হলো ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক সিদ্ধান্তের ক্ষেত্রে ‘‘কর্তৃত্ব নিয়ে বিভ্রান্তি’’ দূর করা। তিনি আরও বলেন, ইরান ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে ইইউ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। এই দুই যুদ্ধ বন্ধে নিজেদের আরও বেশি আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে উদ্যোগ নেওয়া উচিত বলেও মনে করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে এর সমাধান হবে না, সমাধান আসবে ‘‘আলোচনার টেবিলে।’’ টিএম/এডিকে (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) মিশরের বিশ্বকাপ দলকে বীরোচিত সংবর্ধনা : 'তোমরা আমাদের গর্বিত করেছো' জাতীয় পতাকা উড়িয়ে, দেশাত্মবোধক গান গেয়ে, ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানার হাতে নিয়ে হাজার হাজার সমর্থক স্বাগত জানিয়েছে বিশ্বকাপ খেলে ফেরা জাতীয় ফুটবল দলকে।

দেশের ইতিহাসে সফলতম বিশ্বকাপ অভিযান শেষ করে আজ শুক্রবার দেশে ফিরেছে ‘ফারাও’ নামে পরিচিত মিশরীয় দল। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভ্যর্থনা জানাতে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভিড় জমান কয়েক হাজার জনতা। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ জেডএইচ (রয়টার্স) বিমানের জানালা দিয়ে বাইরে ছিটকে পড়ার উপক্রম, কোনোরকমে প্রাণরক্ষা গ্রিস থেকে জার্মানি আসছিল রায়ান এয়ারের একটি ফ্লাইট। মাঝ আকাশে হঠাৎ ভেঙে যায় জানালা।

জানালার কাছের এক যাত্রীর বাইরে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল। অন্য যাত্রীদের তাৎক্ষণিক উদ্যোগে প্রাণ বেঁচেছে তার। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য যাত্রীরা তাকে শক্ত করে ধরে রেখেছিলেন, তাতে জানালায় ঘষা খাওয়ায় কয়েক জায়গায় ব্যথা পেলেও প্রাণে বেঁচে যান। এখন তিনি ভালো আছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রিসের স্থানীয় এক রেডিওকে এক প্রত্যক্ষদর্শী জানান, জানালা আকস্মিকভাবে ভেঙে যাওয়ায় ওই ব্যক্তির শরীরের কিছু অংশ বিমানের বাইরে বেরিয়ে যায়। কিন্তু সিটবেল্ট বাঁধা থাকায় বাইরে ছিটকে পড়েননি। গ্রিসের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রায়ান এয়ারের বিমানটির একটি ইঞ্জিন থেকে কিছু একটা খুলে গিয়ে উড়ে এসে আঘাত করায় জানালা ভেঙে যায়। পরে রায়ান এয়ার জানায়, ওই ঘটনার পর ফ্লাইটটি আবার থেসালোনিকিতে ফিরে যায় এবং সব যাত্রীকে অন্য একটি বিমানে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি,ডিপিএ, রয়টার্স) ডিসেম্বরে দেশে ফিরে নেতা-কর্মীদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ফিরলে তার প্রাণনাশের ঝুঁকি রয়েছে, তা সত্ত্বেও তিনি ও দলের নির্বাসিত জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বর নাগাদ দেশে ফেরার পরিকল্পনা করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা আরো বলেন, ভারত থেকে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দেয়া প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সি হাসিনা বলেন ‘‘দেশে ফেরার পর তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি আমাকে হত্যাও করতে পারে।’’ ‘‘তবুও আমাকে যেতেই হবে। আমার দলের নেতা-কর্মীরা চরম দমন-পীড়নের শিকার হচ্ছেন।

মৃত্যু যদি আসে, আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই আসে, যেখানে আমার বাবা-মায়ের রক্ত ​​ঝরেছিল, যেখানে তাদের সমাহিত করা হয়েছে।’’ ২০২৪ সালের আগস্টে গণ-আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। গণ-অভ্যুত্থান দমনে প্রাণঘাতী পদক্ষেপের নির্দেশ দেওয়ার দায়ে দেশটির যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গত নভেম্বরে তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে নির্বাসনে থাকা অবস্থায় সব অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ জেডএইচ (রয়টার্স) স্পেন : তীব্র দাবদাহের সময়ে ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়াই গত জুন থেকে তীব্র দাবদাহের কবলে স্পেন।

এরই মাঝে বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। দক্ষিণাঞ্চলের আলমেরিয়ায় দাবানলে অন্তত ১২ জন মারা গেছেন। ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে দমকল কর্মীদের সহায়তার জন্য সামরিক বাহিনীর জরুরি ইউনিটকেও মোতায়েন করেছে সরকার। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দাবানলে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরিসেবা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সানজ স্থানীয় বাসিন্দাদের দাবানলকবলিত এলাকা এড়িয়ে চলা এবং জরুরি সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে জীবন বাঁচানোই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জরুরি সেবাকর্মীরা সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।'' এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) বাংলাদেশে পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্দরে সতর্কসংকেত বাংলাদেশের পাঁচটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকাল বৃহস্পতিবারের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার যেখানে ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপরে ছিল, আজ শুক্রবার তা কমে পাঁচটিতে নেমেছে। তবে আগামী কয়েক দিনের বন্যা পরিস্থিতি মূলত বৃষ্টির ধরনের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ শুক্রবার সকাল ৯টার তথ্যের ভিত্তিতে কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে ইরানে সমাহিত সাবেক সর্বোচ্চ নেতা খামেনেই শুক্রবার ভোরে তাদের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে সমাহিত করলো ইরান। বিমান হামলায় খামেনেই-এর মৃত্যুর চার মাসের বেশি সময় পরে তার দেহ সমাহিত হলো। পতাকায় মোড়া খামেনেই-এর কফিন পূর্ব ইরানে তার নিজের শহর মাশহাদে ইমাম রেজার মাজারে নিয়ে যাওয়া হয়। এই সময় বাইরে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন।

তারা প্রার্থনা শুনছিলেন। তবে তার ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনেইকে জনসমক্ষে দেখা যায়নি। এক সপ্তাহ ধরে জানাজা মিছিল, সমাবেশ ও শোকপালনের পর এই শেষকৃত্য সম্পন্ন হলো। কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন ইরানের নতুন করে সংঘাত শুরু হয়েছে।

সেই প্রেক্ষাপটে সাবেক সর্বোচ্চ নেতার শেষকৃত্য হলো। ইরানের রেভলিউনারি গার্ড জানিয়েছে, মার্কিন হামলায় তাদের তিন সদস্যের মৃত্যু হয়েছে। সরকারি প্রেস অফিস জানিয়েছে, মার্কিন হামলায় মোট ১৪ জন মারা গেছেন, ৭৮ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া দাবি করেছে, জর্ডানের উপর ১০টি ব্যালেস্টিক মিসাইল হামলা করেছে ইরান।

মার্কিন হামলার জবাব দিতেই এই পাল্টা হামলা করা হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন। তারা বিভিন্ন ফ্রন্টে সহযোগিতার নীতি চালিয়ে যাবেন বলে ঠিক করেছেন। নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অ্যামেরিকার মুভ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুকে অবহিত করেছেন। জিএইচ/এসজি)এপি, এএফপি, রয়টার্স) গোল করে, করিয়ে এমবাপে যে রেকর্ড করলেন মরক্কোকে দুই গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো ফ্রান্স। কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করতে না পারলেও একটি গোল করলেন এবং একটি গোল করালেন। এর ফলে বেশ কিছু রেকর্ড করলেন বা ছুঁলেন এমবাপে।

বর্তমান বিশ্বকাপে এমবাপে ও লিওনেল মেসি দুজনেই গোল্ডেন বুটের দাবিদার। দুজনেই প্রতিটি ম্যাচে গোল করছেন। দুজনেই আটটি গোল করেছেন। তবে এমবাপে তিনটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন, মেসি করেছেন একটি গোলের ক্ষেত্রে।

মরক্কোর বিরুদ্ধে গোল দিয়ে এমবাপে যে বিশ্বরেকর্ড করেছেন, তা হলো, ৩০ বছর বয়স হওয়ার আগে তিনি বিশ্বকাপে ২০টি গোল করে ফেললেন। মেসি অবশ্য বিশ্বকাপে ২১টি গোল করেছেন, তবে তিরিশ বছর বয়স হওয়ার আগে তিনি এত গোল করতে পারেননি। এই নিয়ে তৃতীয়বার এমবাপে একই ম্যাচে নিজে গোল করলেন এবং একটি গোল করার ক্ষেত্রে সাহায্য করলেন। গত ৬০ বছরের মধ্যে একই ম্যাচে গোল করা ও করানোর তালিকায় এমবাপে দুই নম্বরে আছেন।

পাঁচবার এই কৃতিত্ব অর্জন করে মেসি এক নম্বরে আছেন। এই নিয়ে আটবার এমবাপে জয়সূচক গোল করলেন ফিফা বিশ্বকাপে। এটাও একটা রেকর্ড। ১৯৬৬ সালের পর এমবাপে প্রথম ফুটবলার যিনি দুইটি বিশ্বকাপে ১০টি গোল করেছেন বা অন্যকে গোল করতে সাহায্য করেছেন।

২০২২ সালের বিশ্বকাপে নিজের গোল ও অ্যাসিস্ট করা মিলিয়ে সংখ্যাটা ছিল ১০, এবার এখনো পর্যন্ত সেই সংখ্যা ১১। সবমিলিয়ে বিশ্বকাপে ১৪টি গোল করার ক্ষেত্রে অন্যকে সাহায্য করেছেন এমবাপে। গত ৬০ বছরের হিসাবে এক্ষেত্রেও মেসির সঙ্গে এক নম্বর স্থানে আছেন এমবাপে। জিএইচ/এসজি(এএফপি, ইএসপিএন) বাংলাদেশে রোববার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে বাংলাদেশ-জুড়ে গত প্রায় পাঁচদিন ধরে যে বৃষ্টি হচ্ছে তা শুক্রবারও চলতে পারে।

দেশের অন্তত চার বিভাগের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে অন্তত ৩০ জন মারা গেছেন। ওই বিভাগের অনেক স্থানে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রবল বৃষ্টি রোববার পর্যন্ত চলতে পারে।

রাজধানী ঢাকাতেও শুক্রবার সারাদিন মাঝেমধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা শুক্রবার ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, গত প্রায় পাঁচদিন ধরে বাংলাদেশে বৃষ্টির প্রাথমিক কারণ ছিল বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। পরে সেই নিম্নচাপ অবশ্য চলে গেছে। এখন বৃষ্টি হচ্ছে মূলত মৌসুমী বায়ু বেশ সক্রিয় হয়ে ওঠার কারণে।

তিনি আরো বলেন, মৌসুমী বায়ুর এই সক্রিয়তার প্রভাব দেশের সর্বত্রই দেখা যাচ্ছে। শুক্রবার সারাদিনই দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যখন কোন এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয় তখন তাকে ভারী বৃষ্টি বলে এবং এর বেশি হলে তাকে অতিভারী বৃষ্টি বলে। গত চার দিনে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান , রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে।

জিএইচ/এসজি(প্রথম আলো) গুরুগ্রামে পুলিশের সঙ্গে অভিযুক্তদের এনকাউন্টার, মৃত চার দিল্লির লাগোয়া শহর হরিয়ানার গুরুগ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ পুলিশের সঙ্গে এনকাউন্টারে চারজন অভিযুক্ত মারা গেছে। তিনজন পুলিশ কর্মী আহত হয়েছেন। গুরুগ্রাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর আসে, কয়েকজন সশস্ত্র লোক একটা স্করপিও গাড়িতে করে যাচ্ছে। ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল ঘটনাস্থলে যায়।

এনডিটিভি-কে পুলিশের ডেপুটি কমিশনার, ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছেন, পুলিশের দল গিয়ে রাস্তা ব্লক করে দেয়। অভিযুক্তরা একজন ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিল এবং সেই ব্যবসায়ীকে তারা বারবার টাকা দেওয়ার জন্য হুমকি দিচ্ছিল। সেখানে তারা গুলিও চালায়। পুলিশ ওই অভিযুক্তদের গাড়ি ঘিরে ফেলে।

তারা তখন পালাতে গিয়ে পুলিশের উপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালায় ও অভিযুক্তদের ধরে। পুলিশ জানিয়েছে, দীপক নাদাল গোষ্ঠীর পাঁচজন বন্দুকধারী ওই গাড়িতে ছিল। তাদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করে। পঞ্চম অভিযুক্তের চিকিৎসা চলছে। জিএইচ/এসজি(এনডিটিভি, এএনআই)
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: DW Bangla