ইরানে নতুন করে অ্যামেরিকার আক্রমণ, মিশরকে হারিয়ে মেসির কান্না, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, পাঁচ বিমানকর্মীসহ পাকিস্তানের মালবাহী বিমান নিখোঁজ, বারুইপুর কাণ্ডের অভিযুক্ত পুলিশের গুলিতে মৃত... আরো খবর এখানে। ইরানে নতুন করে অ্যামেরিকার আক্রমণ মিশরকে হারিয়ে মেসির কান্না, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড নিউ ইয়র্কের বহুতল ভেঙে পড়ার আশঙ্কা পাঁচ বিমানকর্মীসহ পাকিস্তানের মালবাহী বিমান নিখোঁজ প্রবল বৃষ্টি, ধস, চট্টগ্রামে পরীক্ষা স্থগিত ভারতে মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যে বৃষ্টির তাণ্ডব বারুইপুর কাণ্ডের অভিযুক্ত পুলিশের গুলিতে মৃত ইরানে নতুন করে অ্যামেরিকার আক্রমণ মঙ্গলবার অ্যামেরিকা জানিয়েছিল, হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে আক্রমণ চালিয়েছে ইরান।
অ্যামেরিকা জানিয়েছে, ইরানের সামরিক কাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মার্কিন সেনাবাহিনীর তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ইরানের ৮০টি সামরিক কাঠামোয় হামলা চালানো হয়েছে। ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার জন্যই এই আক্রমণ বলে অ্যামেরিকার সেনা দাবি করেছে। অন্যদিকে, পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরান।
বাহরাইনে সাইরেনের শব্দ পাওয়া গেছে। সেখানে রকেট আক্রমণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জনসাধারণকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। এর আগেও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছিল ইরান।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি) বারুইপুর কাণ্ডের অভিযুক্ত পুলিশের গুলিতে মৃত পুলিশের গুলিতে বারুইপুর-কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হলো। নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ সূত্রের দাবি, মঙ্গলবার প্রভাসকে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নিমাণ করতে ঘটনাস্থলে যায়। সেখানে প্রভাস পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে পালাবার চেষ্টা করে।
তখন পুলিশ গুলি চালায়। তাতে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ পুলিশ প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে যায়। একাধিক পুলিশ অফিসার সেখানে ছিলেন।
তখন এই ঘটনা ঘটে বলে দাবি করা হচ্ছে। পুলিশ সূত্রের দাবি, প্রভাস একটি অস্ত্র ছিনিয়ে পালাতে গেছিল। সে পুলিশের দিকে একটা গুলিও ছোড়ে। সেসময় পুলিশ গুলি চালায়।
তারপর আহত প্রভাসকে নিয়ে পুলিশ বারুইপুর হাসপাতালে যায়। চিকিৎসকরা জানান, প্রভাস মৃত। সূত্রের দাবি, প্রভাস জেরার সময়ও ভুলভাল উত্তর দিচ্ছিলেন। সহযোগিতা করছিলেন না।
তাই তাকে নিয়ে ঘটনাস্থলে ঘটনার পুনর্নিমাণ জরুরি হয়ে পড়েছিল। সিসিটিভি-র ফুটেজে প্রভাসকে নাবালিকার সঙ্গে দেখা গিয়েছিল বলে স্থানীয় মানুষ দাবি করেছেন। জিএইচ/এসজি (আনন্দবাজার, টিভি৯) ভারতে মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যে বৃষ্টির তাণ্ডব ভারতে মহারাষ্ট্র, গুজরাট, কেরালাসহ একাধিক রাজ্যে বৃষ্টির তাণ্ডব চলছে। সবমিলিয়ে মারা গেছেন ২৮ জন।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র ও গুজরাট। মুম্বই ভেসে গেছে। পালঘরে গত ১ জুলাই থেকে ১০ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় তিনজন জলে ডুবে মারা গেছেন।
তিনজনই সদ্যয়ুবক। সেলফি তুলতে গিয়ে পা পিছলে তারা জলে পড়ে যান বলে পুলিশ জানিয়েছে। মুম্বইতে গত ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত যা বৃষ্টি পড়েছে তা দিল্লি, বেঙ্গালুরুর মতো শহরে সারা বছর ধরে যা বৃষ্টি হয় তার সমান। সান্টাক্রুজের আবহাওয়া অফিস জানিয়েছে, ছয়দিনে ৯৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দিল্লিতে সারা বছরে ৭৭৪ মিলিমিটার বৃষ্টি হয়। ফলে সান্টাক্রুজে ছয়দিনে যা বৃষ্টি হয়েছে, তা দিল্লিতে সারা বছরের থেকেও অনেক বেশি। মুম্বইতে হাজার হাজার গাছ পড়ে গেছে। পুরসভা জানিয়েছে, তারা এখন সমীক্ষা করে দেখছে, রাস্তা কংক্রিটের করার জন্য এইভাবে গাছ পড়ছে কিনা।
মুম্বইয়ে যেখান থেকে পানীয় জল সরবরাহ হয়, সেই তুলসী লেকে জল উপছে পড়ছে। বৃষ্টির ফলে বিভিন্ন এলাকা জলে ডুবে যায়। ভারসাই-বিরার শহরতলির রেল চলাচলও বন্ধ। পালঘরে স্কুল-কলেজ বন্ধ।
গুজরাটে, বিশেষ করে দক্ষিণ গুজরাট ও সৌরাষ্ট্রে প্রবল বৃষ্টির ফলে বহু এলাকা জলের তলায় চলে গেছে। একজন জলে ডুবে মারা গেছেন। কেরালার ওয়ানাড়ে প্রবল বৃষ্টির পর ধস নেমেছে। এর ফলে তিনজন মারা গেছেন।
হিমাচলের কুলুতে মেঘফাটা বৃষ্টি হয়েছে। দুটি কালভার্ট ও ব্রিজ ভেসে গেছে। মঙ্গলবার দিল্লিতেও প্রবল বৃষ্টি হয়। অনেক জায়গায় জল জমে যায়।
লম্বা যানজট হয়। দিল্লি-জয়পুর সড়ক এক জায়গায় বসে গেছে। জিএইচ/এসজি(এএনআই, পিটিআই) প্রবল বৃষ্টি, ধস, চট্টগ্রামে পরীক্ষা স্থগিত খারাপ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার রাতেই পৃথক দুই আদেশে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডের এইচএসসসি ও সমমানের আজকের পরীক্ষা যথাসময়ে হবে। চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
একটানা দুই দিনের অতি প্রবল বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। গত সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি ৪৩ বছর পর জুলাই মাসের এক দিনে সর্বোচ্চ। প্রবল বৃষ্টিতে দেওয়াল ও পাহাড়ধসে চট্টগ্রাম নগর, রাঙ্গুনিয়া উপজেলা, রাঙামাটির বাঘাইছড়ি ও কক্সবাজারে ছয়জনের মৃত্যু হয়েছে।
বিচ্ছিন্ন হয়ে পড়েছে খাগড়াছড়ি-রাঙামাটির সড়ক যোগাযোগ। তলিয়ে গেছে বহু এলাকার অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। রেললাইনের ওপর পানি জমে থাকায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রাম নগরের ষোল শহরে আটকে পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন।
জিএইচ/এসজি(প্রথম আলো) পাঁচ বিমানকর্মীসহ পাকিস্তানের মালবাহী বিমান নিখোঁজ পাকিস্তানের একটি বোয়িং ৭৩৭ মালবাহী বিমান করাচিতে যাওয়ার পথে নিখোঁজ বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই বিমানটি ২৭ বছরের পুরনো। আগে এটি যাত্রীবাহী বিমান ছিল, পরে তা মালবাহী বিমানে পরিণত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে বিমানটি চলাচল করে।
আশঙ্কা করা হচ্ছে, করাচির দক্ষিণপশ্চিমে সমুদ্রে বিমানটি ভেঙে পড়েছে। ফ্লাইটরেডার২৪ জানাচ্ছে, বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে দেখা যায়, বিমানটি দ্রুত নিচের দিকে নামছে। বিমান ও কর্মীদের খোঁজে কর্তৃপক্ষ অভিযান চালাচ্ছে। সেখানে বেশ কয়েকটি এজেন্সি সামিল হয়েছে।
পাকিস্তান বিমান কর্তৃপক্ষ ফেসবুকে জানিয়েছে, বিমানটি কোথায় নেমেছে বা পড়েছে তা তারা চিহ্নিত করার চেষ্টা করছেন। এই বিমানটি ছিল কে২ এয়ারওয়েসের তারা জানিয়েছে, তারা পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে সবরকম সহযোগিতা করছেন। তারা পেসবুকে জানিয়েছেন, তাদের কর্মীরা যাতে নিরাপদে থাকেন তার জন্য তারা প্রার্থনা করছেন। পাকিস্তানের সময় রাত নয়টা ১৮ মিনিটে বিমানে কিছু সমস্যা দেখা দেয় বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে গাইড করার চেষ্টা করে। কিন্তু সংয়োগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি এক মিনিটের মধ্যে পাঁচ হাজার ফিট নিচে নেমে যায়। জিএইচ/এসজি(রয়টার্স, এপি, এএফপি) নিউ ইয়র্কের বহুতল ভেঙে পড়ার আশঙ্কা নিউ ইয়র্ক শহরের ভিতর একটি অঞ্চল মঙ্গলবার সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। সেখানে নির্মীয়মান একটি বহুতল যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বহুতলের কয়েকটি পিলার দুলছে। মেঝেতে ফাটল দেখা গেছে। যে কোনো সময় ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই এলাকা থেকে সকলকে সরিয়ে নেওয়া হয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিঘটনাস্থলে গেছেন। তিনি জানিয়েছেন, এলাকার একটি স্কুল সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। সেখানে ৪০০ পড়ুয়া ছিল। ১৯৭০ সালে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের সামনে ওই ভবনটি তৈরি হয়েছিল।
ভিতরে ছিল অসংখ্য অফিস। সম্প্রতি ওই ভবনটি ভেঙে একটি অভিজাত আবাসন তৈরির পরিকল্পনা হয়েছিল। সেই মতো কাজও শুরু হয়েছিল। আর তখনই ফাটল ধরা পড়ে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি) মিশরকে হারিয়ে মেসির কান্না, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড অবিশ্বাস্য বললেও কম বলা হয়। ২০২৬ সালের বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে টানা টান ম্যাচগুলির তালিকায় ঢুকে যাবে মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিশরের ম্যাচ। প্রথামার্ধে অসাধারণ গোল করে এগিয়ে যায় মিশর। এর কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি মিস লিওনেল মেসির।
দ্বিতীয়ার্ধে গোল করেও শেষপর্যন্ত গোল না পাওয়া মিশরের। তারপর আবার গোল করে আর্জেন্টিনাকে দুই গোলে পিছিয়ে দেওয়া। এবং শেষ ১৫ মিনিটে মেসি ম্যাজিক। আর্জেন্টিনার পর পর তিন গোল।
এক অবিশ্বাস্য ম্যাচ। সংখ্যাতত্ত্বের হিসেবে ম্যাচের তিনভাগ বল পজিশন ছিল আর্জেন্টিনার তরফে। কিন্তু প্রথম ৭০ মিনিট কার্যত রূপকথার ফুটবল খেলেছে মিশর। আর শেষ ১৫ মিনিটে নিজেদের সর্বস্ব দিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের পর হাউ হাউ করে কেঁদেছেন মেসি। এটিই তার শেষ বিশ্বকাপ। এদিকে কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচে কার্যত কোনো ছন্দ ছিল না। খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়।
এরপর পেনাল্টি শুটআউটে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারায় সুইজারল্যান্ড। অর্থাৎ, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এসজি/জিএইচ (ফিফা বিশ্বকাপ) ফ্রান্স : দুর্নীতির মামলায় সাজা কমলো মারিঁ ল্য পেনের ফ্রান্সের কট্টর ডানপন্থি রাজনীতির প্রধান মুখ মারিঁ ল্য পেনের দুর্নীতি মামলায় সাজা কমিয়েছে সে দেশের আদালত। আজ মঙ্গলবার দেয়া আপিলের রায়ে বলা হয়, ল্য পেন ২০২৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, তবে তাকে পায়ে ইলেকট্রনিক মনিটর (অ্যাঙ্কেল মনিটর) পরতে হবে।
এর আগে ল্য পেন বলেছিলেন, এমন শর্ত আরোপ করা হলে তিনি নির্বাচনে লড়বেন না। আজ মঙ্গলবার আপিল আদালতের রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই আদালত ছেড়ে চলে যান মারিঁ ল্য পেন। এর আগে ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন তিনি। এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে ফিরলেন আরো ১০ জন ভারতে কারাভোগ শেষে ১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
আজ মঙ্গলবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে গতকাল সোমবার বিশেষ ট্র্যাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছিলেন ৫০ জন। আজ তামাবিল ইমিগ্রেশন পুলিশ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে জানায়, ফিরে আসা ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের একটি সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ ও ভারতীয় পুলিশ তাঁদের আটক করে আদালতে সোপর্দ করে।
আদালতের আদেশে তাঁরা কারাভোগ করেছেন। সেখানে সাজাভোগের পর বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়। এসিবি/ জেডএইচ (প্রথম আলো) কার্টুন পাখি আঁকায় অস্ট্রেলিয়ায় গ্রাফিতি শিল্পী আটক অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের এক ক্যান্টিলিভার সেতুর ১৪০ মিটার (৪৬০ ফুট) উঁচু টাওয়ারে চড়ে বিশাল কার্টুন পাখি আঁকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
শহরের প্রধান বাণিজ্যিক এলাকার কাছের বোল্ট ব্রিজের দৃশ্য সম্বলিত এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যায়, এক ব্যক্তি টাওয়ারের চূড়ায় পা ঝুলিয়ে বসে আছেন। পরের পোস্টগুলোতে তিনি অস্ট্রেলিয়ায় কর কমানোর দাবি জানান। নিচে নামার আগে ড্রোনে করে তার কাছে পিনাট বাটার স্যান্ডউইচ পৌঁছে দেওয়ার অনুরোধও জানান তিনি। বারবার অনুরোধ জানানো সত্ত্বেও টাওয়ার থেকে না নামা ওই ব্যক্তি পরে কেন নেমে এলেন পুলিশের বিবৃতিতে সে বিষয়ে কিছু বলা হয়নি।
তবে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্ট থেকে বোঝা যায়, পিনাট বাটার স্যান্ডউইচ পেয়ে তিনি নামেননি। ওই পোস্টে লেখা ছিল, ‘‘কোনো স্যান্ডউইচ ছাড়াই এখানে ড্রোন উড়িয়ে আনার দুঃসাহস।'' এ বিষয়ে আরো জানতে ক্লিক করুন এখানে https://p.dw.com/p/5GiLY এসিবি/ জেডএইচ (রয়টার্স) তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলন শুরু তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হয়েছে দু দিনের ন্যাটো সম্মেলন। সম্মেলনে অংশ নিচ্ছেন সম্মিলিত সামরিক জোট ন্যাটোর ৩২টি সদস্য দেশের নেতারা। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, এবারের সম্মেলনের লক্ষ্য হলো সামরিক জোটটির কার্যকারিতা ও সাফল্য অব্যাহত রাখা।
২০২৫ সালে হেগ-এ অনুষ্ঠিত সম্মেলনের পর যেসব বিষয়ে অগ্রগতি হয়েছে এবারের সম্মেলনে তার পর্যালোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের সম্মেলনে যুক্তরাষ্ট্রের চাপের মুখে মিত্র দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট জিডিপির ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, জোটকে ঐক্যবদ্ধ রাখতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এর সঙ্গে সম্পৃক্ত রাখতে তিনি কাজ করে যাচ্ছেন। তবে ব্যয়ের বোঝা ভাগাভাগি, যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিশ্রুতি এবং ইরান যুদ্ধকে ঘিরে দেখা দেয়া মতপার্থক্য ন্যাটোর ঐক্যের জন্য বড় ধরনের পরীক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেপ্তার যুবলীগের দুই নেতা-কর্মী সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জুলাই পদযাত্রার পর সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলার এজাহারে বিস্ফোরণের পেছনে কোনো নিষিদ্ধ গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় ইতিমধ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা-কর্মীকে সন্দেহভাজন হিসেবে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো.
সালামত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন। এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, ‘‘গতকাল (সোমবার) রাতে অভিযোগ দিয়ে থানা থেকে বের হতে রাত প্রায় ১২টা বেজে গিয়েছিল। এরপর নিরপেক্ষ ও সঠিকভাবে তদন্ত করে সকালের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে ফেলল! বিষয়টি আমার কাছে ক্লিয়ার না।’’ তিনি আরো বলেন, পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত ছাড়া শুধু দায় এড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেয়, তাহলে পুলিশকেই এটার দায় নিতে হবে।’’ এসিবি/ জেডএইচ (প্রথম আলো) বিশ্বকাপে একটি লাল কার্ড, ট্রাম্পের 'হস্তক্ষেপ' ও 'প্রকৃতির প্রতিশোধ' বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিলেও ডনাল্ড ট্রাম্পের কারণে তার দেশ যুক্তরাষ্ট্র এখনো আছে ফিফার ২০২৬ বিশ্বকাপে।
খেলার মাঠে নেই, আছে জমজমাট বিতর্কের মঞ্চে। বিতর্কের শুরু রাউন্ড অফ ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যাচ থেকে। সেই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্রের ফোলারিন ব্যালোগান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচ, অর্থাৎ সদ্য শেষ হওয়া বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচে তার ওপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা থাকার কথা এবং সেই নিষেধাজ্ঞার কারণে ব্যালোগানের খেলারই কথা নয়।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচটা তিনি খেলেছেন। অবশ্য আগের ম্যাচে লাল কার্ড পাওয়ার পরও ব্যালোগান যে এই ম্যাচে খেলতে পারেন তা জানা হয়ে গিয়েছিল আগেই। এ বিষয়ে ডনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে। তারপরই লালকার্ডের নিষেধাজ্ঞা হয়ে যায় স্থগিত।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ১-৪ গোলে বেলজিয়ামের কাছে বিধ্বস্ত হওয়ার পরও তাই এ নিয়ে বিতর্ক থামেনি। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের এমন পরাজয়কে ‘প্রকৃতির বিচার’ বলে বরং বিতর্কের আগুনে নতুন ঘি ঢেলেছেন বেলজিয়ামের মিডফিল্ডার নিকোলাস রাসকিন। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আগেই বলেছি, আমার মনে হয় জীবনে কোথাও-না-কোথাও সব সময়ই একটা বিচার থাকে। এ ধরনের ঘটনার যেমন ব্যাখ্যাই করা হোক না কেন আমরা মনে করি না তা ন্যায্য ছিল।’’ যুক্তরাষ্ট্রকে হারিয়ে স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর অফিশিয়াল ফেসবুক পেজে গোল উদযাপনের একটি ছবি পোস্ট করে রেড ডেভিলরা লিখেছে, ‘‘ওভারটার্ন দিস!’’ বিদ্রুপাত্মক এ চ্যালেঞ্জে বার্তাটা খুব স্পষ্ট - ‘‘লাল কার্ডের সাজা তো স্থগিত রেখেছো, পারলে ম্যাচের এই ফলাফলও উল্টে দেখাও।’’ এসিবি/ জেডএইচ (ডিডাব্লিউ, এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) বিশ্বকাপ থেকে বিদায় অ্যামেরিকা, পর্তুগালের সিয়াটেলে অ্যামেরিকাকে ৪-১ গোলে হারিয়ে দিল বেলজিয়াম।
এর ফলে বিশ্বকাপের উদ্যোক্তা কোনো দেশই আর প্রতিযোগিতায় থাকলো না। সোমবার ইংল্যান্ডের কাছে হেরেছে আরেক উদ্যোক্তা দেশ মেক্সিকো। এবারের বিশ্বকাপে অ্যামেরিকাকে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। অ্যামেরিকার স্ট্রাইকার ফোলারিন বালোগানকে লাল কার্ড দেখিয়েছিল রেফারি।
এরপর তা নিয়ে ফিফার সঙ্গে সরাসরি কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই কথা স্বীকার করেছেন। ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে এরপর তীব্র বিতর্ক শুরু হয় ফুটবলপ্রেমীদের মধ্যে। এদিন বেলজিয়াম ম্যাচেও খেলা ছাপিয়ে বিতর্ক আলোচিত হয়েছে বার বার।
অন্যদিকে স্পেনের কাছে এক গোলে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এই হারের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল। রোনাল্ডোও জানিয়ে দিয়েছেন, তিনি আর বিশ্বকাপ খেলবেন না। পরে রোনাল্ডো বলেছেন, তিনি পর্তুগালের হয়ে ইউরো কাপসহ তিনটে ট্রফি জিতেছেন।
তিনি আসার আগে পর্তুগাল একটাও ট্রফি জেতেনি। এটাই বাস্তব। এসজি/জিএইচ (ফিফা বিশ্বকাপ) লিবিয়াতেও মধ্যস্থতা করছে পাকিস্তান ইরান যুদ্ধ থামাতে অন্যতম মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছি্ল পাকিস্তান। এবার তারা লিবিয়ায় সংঘাত থামাতে মধ্যস্থতার কাজ শুরু করেছে।
দুইটি পাকিস্তানি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, যদি এই কাজে তারা সফল হন, তাহলে পাকিস্তানের কূটনৈতিক ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। লিবিয়া এখন পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত। যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিক পথে এই সমস্যার করার জন্য উঠেপড়ে লেগেছে। মুয়াম্মার গদ্দাফি সরকারের পতনের পর লিবিয়ায় গৃহযুদ্ধ হয়।
তারপর দেশটি পূর্ব ও পশ্চিম এই দুইভাগে বিভক্ত হয়ে গেছে। পাকিস্তান এখন এখানে মধ্যস্থতা করে লিবিয়ার পূর্ব ও পশ্চিমের প্রশাসনকে মেলাতে চাইছে। পাকিস্তানি সূত্র জানিয়েছে, অ্যামেরিকা এর সঙ্গে যুক্ত, তাদের জানিয়েই সব কাজ হচ্ছে। এই মধ্যস্থতায় সৌদি আরবের পূর্ণ সমর্থন আছে বলে দুই সূত্রই দাবি করেছে।
সৌদি আরবের সঙ্গে ইসলামাবাদের প্রতিরক্ষা চুক্তি আছে এবং লিবিয়ায় সৌদি আরবের প্রভাব যথেষ্ট। দুই পাক সূত্রই জানিয়েছে, গত বছরের শেষের দিক থেকে পাকিস্তান এই মধ্যস্থতা করছে। তারা দুই পক্ষকে বোঝাবার কাজে কতটা সফল হয়েছে তা জানা যায়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, সেনার মিডয়া বিভাগ এবং কাতার, তুরস্ক, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েও পাওয়া যায়নি।
রয়টার্সের কাছে শান্তিপ্রস্তাবের যে খসড়া আছে, তাতে বলা হয়েছে, জাতীয় মতৈক্যের সরকার গঠিত হবে এবং একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিল থাকবে। ৩৬ মাসের ক্ষমতা হস্তান্তরের সময় এই ব্যবস্থা কাজ করবে। জাতিসংঘ স্বীকৃত পশ্চিম লিবিয়ার জোটের নেতা আব্দুলহামিদ প্রধানমন্ত্রী হবেন এবং পূর্ব লিবিয়ার লিবিয়ান ন্যাশনাল আর্মির ডেপুটি কম্যান্ডার সাদ্দাম হাফতার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান হবেন। গতমাসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির রওয়ালপিন্ডিতে হাফতারের সঙ্গে বৈঠক করেছেন।
তারপর হাফতার ওয়াশিংটন গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করেছিলেন। বিশ্লেষকরা মনে করেন, লিবিয়াতে মূল মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, আমিরাত, তুরস্ক ও মিশর। ইসলামাবাদ লিবিয়ার দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ভূরাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ইনফর্মমি-র ডিরেক্টর তারেক মেগেরিসি সাবধান করে দিয়ে বলেছেন, রাওয়ান্ডা ও ডিআর কঙ্গোতে শান্তিচুক্তি কয়েকমাসের মধ্যে ভেঙে পড়ে। এই বিষয়টি মাথায় রাখা দরকার। জিএইচ/এসজি (রয়টার্স)

