Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জার্মানির কোচের দায়িত্ব ছাড়ছেন নাগেলসমান, আসছেন ক্লপ?

জার্মানির কোচের দায়িত্ব ছাড়ছেন নাগেলসমান, আসছেন ক্লপ?

DW 4 days ago
জ শুক্রবার বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপের ৩২ দলের পর্ব থেকে জার্মানির অপ্রত্যাশিত বিদায়ের পর দলের কোচের পদ ছেড়েছেন ইউলিয়ান নাগেলসমান।বিল্ড এবং স্কাই জার্মানি-র প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও তাকে পদত্যাগের অনুরোধ জানিয়েছিল জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) এবং নাগেলসমান তা মেনে নিয়েছেন।
তিনি সরে দাঁড়ানোয় লিভারপুলের সাবেক ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের দায়িত্ব নেওয়ার পথ প্রশস্ত হলো। ধারণা করা হচ্ছে, ডিএফবিও জার্মান দলের পরবর্তী কোচ হিসেবে ক্লপকে নিয়োগ দিতে আগ্রহী। চ্যাম্পিয়ন্স লিগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের মতো সাফল্য উপহার দেয়া ক্লপ ২০২৪ সালে লিভারপুল ছাড়েন। বর্তমানে তিনি রেড বুল-এর গ্লোবাল হেড অব ফুটবল হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে জানা গেছে, চুক্তিতে এমন ‘রিলিজ ক্লজ' রয়েছে যার সুবাদে চাইলেই তিনি জার্মানির কোচ হতে পারবেন। ৫৯ বছর বয়সি ক্লপ জার্মানিতে খুব জনপ্রিয়। ফিফা বিশ্বকাপের সময় তিনি জার্মানির টেলিভিশন চ্যানেলে বিশেষজ্ঞ-মতামত রাখছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে ডিএফবির সদরদপ্তরে তিন ঘণ্টার এক বৈঠকে অংশ নিয়েছেন নাগেলসমান।

সেখানে ডিএফবি তাকে কোচের পদ ছাড়ার বিনিময়ে সাত মিলিয়ন ইউরো (৮ মিলিয়ন ডলার), অর্থাৎ প্রায় এক বছরের বেতনের সমপরিমাণ অর্থের প্রস্তাব দেয় বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিদায় চূড়ান্ত হলে ৩৮ বছর বয়সি নাগেলসমান হবেন জার্মানির ইতিহাসে এভাবে জাতীয় দলের দায়িত্ব ছাড়া দ্বিতীয় কোচ। এর আগে ২০২৩ সালে একই পরিস্থিতিতে কোচের পদ ছেড়েছিলেন হান্সি ফ্লিক। গত সোমবার বোস্টনে অনুষ্ঠিত জার্মানি-প্যারাগুয়ে ম্যাচে অতিরিক্ত সময় শেষে দুই দল ছিল ১-১ সমতায়।

ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি। আগের দুটি আসর, অর্থাৎ ২০১৮ সালে রাশিয়ায় এবং ২০২২ সালে কাতারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর পর থেকে চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা বিশ্বকাপে কোনো নকআউট ম্যাচ জেতেনি বা কোনো ম্যাচ গোল হজম না করে শেষ করতে পারেনি। এসিবি/ জেডএইচ (এএফপি)
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: DW Bangla