পাকিস্তানে বিদেশি গণমাধ্যমের জন্য নতুন নির্দেশিকা, ভারতের ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন বেগবান, শেখ হাসিনাকে নিয়ে যা বললো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইনফান্তিনো ফিফার প্রেসিডেন্ট থাকছেন..আরো খবর এখানে। ভারতের ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন বেগবান শেখ হাসিনাকে নিয়ে যা বললো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইনফান্তিনো ফিফার প্রেসিডেন্ট থাকছেন যুক্তরাষ্ট্র: মিশিগান সেনেট প্রাইমারিতে জিতলেন আব্দুল আল-সঈদ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা পাকিস্তানে বিদেশি গণমাধ্যমের জন্য নতুন নির্দেশিকা নিয়ে তীব্র সমালোচনা এমন বিধিনিষেধ দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে পারে বলে তীব্র সমালোচনা করেছে নানা সংগঠন।
পাকিস্তান-শাসিত কাশ্মীরে অস্থিরতা ও নির্বাচন নিয়ে বিদেশি গণমাধ্যমের সংবাদ পরিবেশন ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এই নির্দেশিকা এলো। কর্তৃপক্ষ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, তারা নিষিদ্ধ ঘোষিত ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ এর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হতাহতের সংখ্যা ভুলভাবে উপস্থাপন করেছে এবং সাম্প্রতিক আইনসভার নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হারকে বিকৃতভাবে তুলে ধরেছে। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তান বলেছে, এই নিয়মগুলো ‘‘সংবাদ সংগ্রহের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে স্বাধীন সাংবাদিকতাকে নিরুৎসাহিত করার ঝুঁকি তৈরি করবে।’’ কমিশন আরও বলেছে, ‘‘দেশের বিশাল অংশ থেকে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের রাষ্ট্রীয় অনুমোদনের বাধ্যবাধকতা একটি ভীতিকর বার্তা দেয়।
আর তা হলো, সমালোচনামূলক সাংবাদিকতা এখানে অনাকাঙ্ক্ষিত।’’ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সতর্ক করেছে, এই নির্দেশিকাগুলোর ফলে কর্তৃপক্ষ বিদেশি সংবাদদাতাদের ওপর আরও বিধিনিষেধ আরোপের সুযোগ পেতে পারে। পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টস এই পদক্ষেপকে ‘মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত’ হিসেবে অভিহিত করেছে এবং সরকারকে এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এডিকে/জেডএইচ (এপি) ভারতের ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন বেগবান, 'ককরোচের' সমর্থন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরদার হয়েছে। অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন আরো পাঁচ আন্দোলনকারী।
ঝাড়খণ্ডে এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল ২৫ জুলাই। রাজ্যের রাজধানী রাঁচিতে ২ আগস্ট থেকে ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এবং সরকারি চাকরির জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন মাহাতো। মঙ্গলবার মাহাতোর অনশন কর্মসূচিতে আরও পাঁচজন আন্দোলনকারী শামিল হন।
আন্দোলনকারী রাধে কুমার ভারতের সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘‘আমরা বিধানসভা ভবন ঘেরাও করছি কারণ আমাদের মূল দাবি ও বিষয়গুলো জেপিএসসি এবং সিজিএল পরীক্ষা বাতিলকে ঘিরেই আবর্তিত হচ্ছে।’’ ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এর অভিজিৎ দীপকে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে দীপকে বলেন, ‘‘জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের জেরে ঝাড়খণ্ডে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের সঙ্গে কথা বলেছি। সিজেপি ঝাড়খণ্ডের সকল শিক্ষার্থীর পাশে আছে এবং তাদের দাবিগুলোকে সমর্থন করে।’’ আন্দোলনরত শিক্ষার্থীরা ১০ আগস্ট ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে পদযাত্রার কর্মসূচিও ঘোষণা করেছে। বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে ৬ জুলাই।
‘টাইমস অফ ইন্ডিয়া’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে তার সরকার ‘শিগগিরই ব্যবস্থা নেবে’ বলেও আশ্বস্ত করেছেন। এডিকে/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) জার্মানির বিমানবন্দরে বিস্ফোরকসহ ড্রোন, দ্বিতীয় ড্রোনের সন্ধান চলছে জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরে বিস্ফোরকবাহী একটি ড্রোন পাওয়ার পরদিনও তদন্তকারীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তদন্তকারীদের তথ্যমতে, মঙ্গলবার দিবাগত রাতে বিমানবন্দরের দক্ষিণ দিকের রানওয়েতে বিস্ফোরকবাহী একটি ড্রোনটি পাওয়া যায়।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, ড্রোনটি ইউক্রেনের একটি আন্তোনভ এএন-১২৪ কন্ডর পরিবহণ বিমানের কাছে পড়ে ছিল। পরবর্তীতে ফেডারেল পুলিশের বিশেষজ্ঞরা বিস্ফোরকটি নিষ্ক্রিয় করেন। তদন্তকারীরা সম্ভাব্য দ্বিতীয় ড্রোনের বিষয়টিও খতিয়ে দেখছেন। রানওয়ে বন্ধ থাকার কারণে অবতরণ বাতিল করা একটি কার্গো বিমানের সঙ্গে সেটি ধাক্কা লেগেছিল।
হানোফারে অবতরণের পর বিমানটিতে সামান্য ক্ষয়ক্ষতি শনাক্ত করা হয়। এডিকে/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স, কেএনএ, ইপিডি, এসআইডি) শেখ হাসিনাকে নিয়ে যা বললো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই গণ–অভ্যুত্থানের বার্ষিকীর দিনে দিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। ডিডাব্লিউ-র কনটেন্ট পার্টনার প্রথম আলো জানাচ্ছে, বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন।
এ ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ।’ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠানটি আয়োজনের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে উদ্বেগের কথা ভারত সরকারকে আগেই জানানো হয়েছিল। এরপরেও ভারতের মাটিতে এই আয়োজনের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর হতাশা প্রকাশ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''এমন একটি দিন যখন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন করছে, সে সময় ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান।'' বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ''২০২৪ সালের জুলাই–আগস্টে শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করাটা পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তাঁর অপরাধের সহযোগীদের ইতিহাসের গতিপথ উল্টে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনগণ অতীতে এ ধরনের ঘৃণ্য চেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং এখনো করছে।'' পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ''জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে অঙ্গীকার করেছে যে আমাদের দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার সময়ে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনোই তাঁবেদার রাষ্ট্রে পরিণত হবে না।
দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার মাফিয়া চক্রের আর কখনো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্থান হবে না।'' এতে বলা হয়, ''বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে একটি গঠনমূলক, উভয় পক্ষের জন্য লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু পরিতাপের বিষয় হলো, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত অপরাধী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ বারবার অনুরোধ করলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এর বিপরীতে, যেকোনো অজুহাতে তাঁকে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতিপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর।'' জিএইচ/এসজি(প্রথম আলো) হেজবোল্লা প্রশ্নে চুক্তি ভঙ্গ হওয়ায় লেবাননকে আক্রমণ ইসরায়েলের ইরান-সমর্থিত হেজবোল্লার কারণে দক্ষিণ লেবাননে আক্রমণ চালাতে 'বাধ্য' হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনীর তরফে এ কথা জানানো হয়েছে।
অনলাইনে একটি বিবৃতিতে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, 'শান্তিচুক্তি ভঙ্গ করছে হেজবোল্লা। সেই কারণে লেবাননের দক্ষিণে নির্দিষ্ট নিশানায় আক্রমণ চালাচ্ছে আইডিএফ।" এর আগে বুধবারেই আইডিএফ-এর আরবি মুখপাত্র এলা ওয়াওয়েয়া সীমান্তের কাছে মনসুরি গ্রামের বাসিন্দাদের সরে যেতে বলেন। একটি বিবৃতিতে তিনি লেখেন, "হেজবোল্লার শান্তিচুক্তি ভঙ্গের কারণে আইডিএফ আক্রমণ করতে বাধ্য হচ্ছে। নিজেদের সুরক্ষার জন্য আপনারা উত্তরে সরে যান।" এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) ইনফান্তিনো ফিফার প্রেসিডেন্ট থাকছেন ফিফা নেতৃত্ব তাদের সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ফুটবল বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার জন্য ক্ষমা চেয়েছে।
এই পরিকল্পনার কথা জানাজানি হওয়ার পর এ নিয়ে ব্যাপাক বিরোধ শুরু হয়। তারপরই ফিফা নেতৃত্ব সংকট কাটানোর জন্য জরুরি বৈঠক ডাকেন। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, তাদের ম্যানেজমেন্ট বোর্ড মনে করে, মিডিয়ার কাছে পরিকল্পনার কথা ফাঁস হয়ে যাওয়ার পরও ফিফা ভুল করেছে। তারপর ইনফান্তিনো এই পরিকল্পনা বাতিল করেছেন।
ফিফা এখন চাইছে, ইনফান্তিনো তাদের সভাপতি থাকুন। ফিফা কী বলেছে? ফিফার বিবৃতিতে বলা হয়েছে, মরক্কোর বৈঠকে ফিফার সেক্রেটারি জেনারেল ও ফিফা ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। ২১১টি ফিফা সদস্য অ্যাসোসিয়েট তাকে নির্বাচিত করেছে।
ফিফা জানিয়েছে, ফিফা কাউন্সিলের সদস্য ও ২১১টি সহযোগী অ্যাসোসিয়েটের কাছে আলাদা চিঠিতে জানানো হয়েছে, তারা ক্ষমা চাইছে এবং পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। ওই পরিকল্পনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফিফা নিজের ভাবমূর্তি রক্ষা করতে যাবতীয় ব্যবস্থা নেবে। জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স) যুক্তরাষ্ট্র: মিশিগান সেনেট প্রাইমারিতে জিতলেন আব্দুল আল-সঈদ অ্যামেরিকার মিশিগান ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রগতিশীল আব্দুল আল-সঈদ মধ্যপন্থি হ্যালি স্টিভেনসকে হারিয়ে দিলেন।
এই ফলাফলের দিকে যুক্তরাষ্ট্রে অনেকেরই নজর ছিল। কারণ, ভবিষ্যতে ডেমোক্রেটিক পার্টি কোন দিকে যাবে, তার ইঙ্গিত রয়েছে এই ফলাফলে। মার্কিন সেনেটের প্রার্থী আব্দুল আল-সঈদ খুব কম ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন ৪৮ দশমিক পাঁচ শতাংশ ভোট এবং স্টিভেন্স পেয়েছেন ৪৭ দশমিক পাঁচ শতাংশ ভোট।
এবার তাকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান নেতা মাইক রজার্সের মুখোমুখি হতে হবে। আগামী নভেম্বরে এই নির্বাচন হবে। তাতে জিততে পারলে আব্দুল আল-সঈদ হবেন সেনেটে প্রথম নির্বাচিত মুসলিম সদস্য। জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স) মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা বাংলাদেশের মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে স্থানীয় সময় বুধবার রাতে হামলার ঘটনা ঘটেছে।
দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে বলে শ্রীলঙ্কা থেকে ফোনে ডয়চে ভেলেকে জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘‘প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে। আগুন ধরেছে। বিস্তারিত এখনও জানতে পারিনি।
কিছু ককটেলও বোধহয় মেরেছে ওখানে।’’ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে, বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কারা এ হামলা চালিয়েছে, সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। হামলার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। এতে কেউ হতাহত হননি।
সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সূত্রে সাকিব এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন। বুধবার সেখান থেকে তিনি ভিডিও কলে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে যোগ দেন। যদি সেই অনুষ্ঠানে তার কোনো বক্তব্য ছিল না।
এফএস/জেডএইচ ইয়েমেনের কাছে ডুবেছে ভারতের পণ্যবাহী জাহাজ আরও একবার বিপদে ভারতীয় পণ্যবাহী জাহাজ। ইয়েমেনের কাছে ভারতের একটি জাহাজ ডুবেছে বলে জানা গেছে। মঙ্গলবার এই কথা জানান জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। জাহাজটিতে একটি প্রক্ষিপ্ত বস্তু এসে লাগে, তাতেই ডুবে যায় জাহাজটি।
এই ঘটনার পিছনে কাউকে দায়ী না করেই মন্ত্রী বলেন, "ইয়েমেনের জলপথে ভারতের এমএসভি ফাইজ নুর ওলিয়া আক্রান্ত হয় এবং ডুবে যায়।" তিনি আরো জানান, "বিনা প্ররোচনায় প্রতিরক্ষাহীন এই জাহাজগুলিতে এই আক্রমণকে ভারত নিন্দা করছে। আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।" এই জাহাজের ১৪ জন কর্মীদলের মধ্যে ১৩ জনই ভারতীয়। তাদেরকে ইয়েমেনই কোস্ট গার্ডরা উদ্ধার করে মোখা বন্দরে এনেছেন। ভারতের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের ডিজিকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার এবং ওই অঞ্চলে কর্মরত ভারতের নাবিক এবং কর্মীদলদের নিরাপত্তা সুরক্ষিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
এই ঘটনার নিন্দা করে সোনাওয়াল বলেন, রিয়াধের দূতাবাস এই ঘটনার উপর নজর রাখছে এবং ইয়েমেনই কর্তৃপক্ষের সঙ্গে যোগাজযোগ রাখছে। বিশ্বের প্রায় ১০ শতাংশ জাহাজ কর্মী ভারতীয়। এই দেশের প্রায় তিন লক্ষ মানুষ জাহাজের নাবিক বা সমুদ্রচারী হিসেবে কাজ করেন। এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) সিউটা কাণ্ডের পর স্পেন সীমান্ত সাহায্য পাঠাবে ইইউ সীমান্তে নিরাপত্তা বাড়াতে মঙ্গলবার ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীন মন্ত্রীরা।
বৈঠকের পরে তারা একটি যৌথ বিবৃতিতে জানান, ইইউ-এর সীমান্তে নিরাপত্তা বাড়াতে, অভিবাসন প্রত্যাশীদের ট্রাফিকিং চক্র রুখতে তারা নিরন্তর কাজ করছেন এবং তা চালিয়ে যাবেন। এই বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। তারা আরো জানিয়েছেন, "অন্যান্য দেশের সঙ্গেও তারা সমন্বয় স্থাপন করে এই সীমান্তে নিরাপত্তা আরও নিশ্চিত করবেন।" সম্প্রতি, আফ্রিকার উত্তর পশ্চিম থেকে স্পেনের সিউটায় জলপথ পেড়িয়ে প্রায় ৬০ হাজার মানুষ চলে আসে। তার পর তারা ফিরে যান।
তবে হঠাৎ এই ঘটনা চিন্তায় ফেলেছে ইইউ-এর সীমান্ত নিরাপত্তাকে। এই ঘটনার পরে মাদ্রিদ সিউটার সীমান্তে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়। , মঙ্গলবারের বৈঠকের পরে মন্ত্রীরা আরও জানান, জরুরি পরিস্থিতিতে আরও ভালো সমন্বয় সাধন করার দিকে এগোবেন তারা। সিউটাতে সীমান্ত নিরাপত্তা বারাতে স্পেনকে সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তারা।
এসসি/ জিএইছ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) কিয়েভ অঞ্চলে রাশিয়ার আক্রমণে মৃত অন্তত ১৫ বুধবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে লাগাতার মিসাইল আক্রমণ চালায় রাশিয়া। এই আক্রমণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। রাত ১২টা থেকেই এই আক্রমণ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে সতর্কতার সাইরেন বাজে।
ইউক্রেনের বিমান বাহিনী আগে থেকেই ব্যালিস্টিক মিসাইল আসা নিয়ে সতর্ক করেছিল। কিয়েভের সেনা আধিকারিকরা জানিয়েছেন, শহরের সাতটি অঞ্চলে আক্রমণ হয়েছে। আক্রান্ত অঞ্চলগুলি মূলত বসতবাড়ি এবং গুদাম। টেলিগ্রামে তারা জানিয়েছেন, "শত্রু এখনো সাধারণ মানুষদের উপরেই আক্রমণ চালাচ্ছে।" ঘটনাস্থলে কাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের বিষয়ে ভারত কোনোভাবেই জড়িত নয় : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নয়াদিল্লিতে আগামীকাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তার সঙ্গে ভারত সরকার কোনোভাবেই জড়িত নয়। বার্তা সংস্থা রয়টার্সটের এক প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বক্তব্য জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো জানান, মঙ্গলবারের অনুষ্ঠানটির আয়োজক এক বেসরকারি সংস্থা। এর আগে বার্তা সংস্থা এএফপি জানায়, বাংলাদেশের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল বুধবার (৫ আগস্ট) দিল্লিতে যে ভাষণ দেয়ার কথা সে বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে চেয়েছে বাংলাদেশ।
বুধবার নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসিএসএ) আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনার অংশ নেয়ার কথা। গতকাল গভীর রাতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘‘ভারতের সঙ্গে আমরা একটি দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছি। সেই অগ্রযাত্রায় কোনো ব্যাঘাত ঘটুক তা আমরা চাই না।’’ তিনি আরো বলেন, ‘‘এ বিষয়ে ভারতকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে।’’ এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ জেডএইচ (রয়টার্স, এএফপি) বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের দলেও ভাঙন? তৃণমূল কংগ্রেসের মমতা-বিরোধী সাংসদরা এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন এবং এনডিএ-কে সমর্থনের কথা জানিয়েছিলেন।
মঙ্গসবার সকালে পার্লামেন্ট লাইব্রেরিতে এনডিএ-র বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়সহ তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া অনেক সাংসদই উপস্থিত ছিলেন। কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না মুর্শিদাবাদের তিন সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠান। মঙ্গলবার সংসদ চত্বরে আবু তাহের বলেন, “আমরা তো বলেইছি তো এনডিএ বা বিজেপিতে থাকব না। তবে আমরা এনসপিআইতে আছি।'' সুদীপ বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন, তারা ২০ জন সাংসদ এক হয়ে আছেন।
অন্যদিকে মমতাপন্থি সাংসদ সৌগত রায় বলেছেন, তারা চান সব সাংসদই ফিরে আসুন। বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, ছয়জন সাংসদ ও বেশ কিছু বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। জিএইচ/এসসি(এএনআই, আনন্দবাজার) ঢাকা প্রেসক্লাবের সামনে সংঘর্ষ, ঢামেকে অবরোধ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘর্ষ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রায় তিন ঘণ্টার উত্তেজনাকর পরিস্থিতির পর নতুন ধারা বাংলাদেশের ছয় নেতাকর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ডিডাব্লিউ বাংলার কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে, মঙ্গলবার রাতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে পুলিশি পাহারায় তাদের বের করে নিয়ে যাওয়া হয়।
রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে একটি পুলিশ ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়। পুলিশের হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন, নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতপ মণ্ডল ও হরিদাস সরকার। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) মাইনুল ইসলাম খান পুলক জানান, শান্তা ফারজানাসহ ছয়জন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ একটি কর্মসূচি পালন করছিল। গত ১ আগস্ট শান্তা ফারজানার ওপর কথিত হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যদের সঙ্গে তাদের বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের মধ্যে নতুন ধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসও ছিলেন। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য ও সমর্থকেরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে জড়ো হন।
তারা প্রায় তিন ঘণ্টা ধরে শান্তা ফারজানাসহ নতুন ধারার কয়েকজন নেতাকে জরুরি বিভাগের ভেতরে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ ওঠে। পুলিশ তাদের বের করে আনার সময় আবারও হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। জিএইচ/এসসি(দ্য ডেইলি স্টার) বাংলাদেশে ২৪ ঘণ্টায় চার শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংঘর্ষ বাংলাদেশে গত সোম ও মঙ্গলবারে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর এটাই দুই ছাত্রসংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ।
সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও (বেরোবি) ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা কলেজ ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায়। তিন জায়গায় সংঘর্ষে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
উত্তেজনা চলে সন্ধ্যা পর্যন্ত। জুলাই গণ-অভ্যুত্থানের পর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের (ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ছাত্র সংসদ নির্বাচনে বেশির ভাগ পদে জয়ী হয় শিবির–সমর্থিত প্যানেল। ছাত্রদল মোটেও ভালো করতে পারেনি। সাম্প্রতিক কালে কয়েকটি ঘটনায় শিবিরকে কোণঠাসা করার চেষ্টা করেছে ছাত্রদল।
তার একটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামিতার অভিযোগ। মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সমর্থকদের মধ্যে অশান্তি শুরু হয়। দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষে আহত শিবির ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও অশান্তি শুরু হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর দুপুরে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। সংঘর্ষের পর ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বাইরে প্রধান সড়কে অবস্থান নেন, আর ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করেন। বেলা সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বিকেলে বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সামনেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। জিএইচ/এসসি(প্রথম আলো)

