ফুটবল বিশ্বকাপ নিয়ে ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা তীব্র বিরোধিতার মুখে পড়েছে। বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে উয়েফা। কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও জানিয়েছে প্রতিবাদ।গতকাল বৃহস্পতিবার 'ফিফা ফুটবলকেই বিক্রি করে দিতে চাচ্ছে' - এমন অভিযোগ তুলে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।
এফএফই-র মালিকানার সর্বোচ্চ ২০ শতাংশ অংশ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব রয়েছে ফিফার পরিকল্পনায়। এ পরিকল্পনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিবারের সংযোগও উঠে এসেছে। ফিফা জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্বে থাকতে পারে থ্রাইভ এটারন্যাল নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার।
কেউ ফুটবল বিক্রি করছে না : ফিফা ফিফার প্রস্তাবের সমালোচনা করতে গিয়ে উয়েফা বলেছে, এমন পরিকল্পনার মাধ্যমে ফিফা ফুটবলের ‘আত্মাকে' বিক্রির জন্য বাজারে তুলেছে। গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সভায় ফিফার এ পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে উয়েফা। এ পরিকল্পনা প্রত্যাহার না করলে ফিফার সব টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে ৫৫টি সদস্য দেশ । তবে শুক্রবার এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘‘কেউ ফুটবল বিক্রি করছে না।
এমন কোনো বিষয় ফিফা কখনোই বিবেচনা করবে না।'' ফিফা মনে করে, ‘‘সবারই বিরোধিতা করার এবং আরো স্পষ্ট ব্যাখ্যা চাওয়ার অধিকার আছে।'' উয়েফাকে ইঙ্গিত করে ফিফা বলেছে, ‘‘বিশ্বের ২১১টি সদস্য সংস্থার প্রতিনিধিত্ব করছে এমন দাবি কোনো একক সংস্থা করতে পারে না।'' বিবৃতিতে আরো বলা হয়, ‘‘ফিফার প্রতিটি সদস্য সংস্থাকে প্রস্তাবটি পর্যালোচনা করার এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে মতামত জানানোর সুযোগ দেওয়া উচিত। এগুলো ফিফার গণতান্ত্রিক নীতি।'' উয়েফার মতো উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনকাকাফও ফিফার নতুন পরিকল্পনায় ক্ষুব্ধ। বৃহস্পতিবার তাদের এক বৈঠকেও ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। তবে ৪১ সদস্যের এই সংস্থাটি উয়েফার মতো ফিফার সব টুর্নামেন্ট বয়কটের হুমকি দেয়নি।
৪৭টি সদস্যের সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনও এক চিঠির মাধ্যমে ফিফার পরিকল্পনার বিষয়ে তাদের তীব্র আপত্তির কথা জানিয়েছে। চিঠিতে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা বলেছে, ছয়টি আঞ্চলিক জোটের সমর্থন ছাড়া ফিফার এ প্রস্তাব কখনোই বাস্তবায়িত হবে না। ফুটবল কি ভক্তদের থাকবে? ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই সপ্তাহে বিশ্বের সব ফুটবল সংস্থার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
সেই চিঠিতে তিনি বলেছেন, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ফিফার প্রস্তাবে যেসব সংস্থা সম্মতি জানাবে তাদের প্রত্যেককে ৪০ মিলিয়ন ডলার করে দেয়া হবে। তবে শুক্রবার ফিফা জোর দিয়ে বলেছে, অধিকাংশ সদস্য সংস্থার সমর্থন না পেলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না। তবে ফিফার নতুন পরিকল্পনা অনেকের মনেই নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় জাবি আলোনসো মনে করেন, ফুটবলে কারো ব্যক্তিগত স্বার্থের চেয়ে দর্শকদের স্বার্থের অগ্রাধিকার থাকা উচিত।
অস্ট্রেলিয়ার সিডনি শহরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা সদ্যই একটা দুর্দান্ত বিশ্বকাপ দেখেছি। পরিস্থিতি এমন থাকলেই ভালো। সবার স্বার্থ রক্ষা করতে হবে আমাদের।'' জাবি আলোনসো আরো বলেন, ‘‘মনে হয় ফুটবল সংশ্লিষ্ট সবার মধ্যেই এই অনুভূতি কাজ করে। আমরা ফুটবলকে অন্য কোনো স্বার্থের জন্য নয়, ভক্তদের জন্য - সবার জন্য রাখতে চাই। তাই আশা করি এমনটা ঘটবে না।'' এসিবি/ জেডএইচ (রয়টার্স)

