ট্রাম্পের প্রত্যাখ্যানের পরও হরমুজ পরিকল্পনায় অনড় ইরান, ভারী বৃষ্টিতে ভারতের উত্তর প্রদেশে নিহত ৫৬ জনের বেশি, সাউথ আফ্রিকায় এক রাতে আততায়ীর গুলিতে নিহত ২৭...আরো খবর এখানে। ট্রাম্পের প্রত্যাখ্যানের পরও হরমুজ পরিকল্পনায় অনড় ইরান সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় বিএনপির বিরুদ্ধে 'চাঁদাবাজির' অভিযোগ ঢালাও: স্বরাষ্ট্রমন্ত্রী সাউথ আফ্রিকায় এক রাতে আততায়ীর গুলিতে নিহত ২৭ অভিবাসন নীতি নিয়ে বৈঠকে ইইউর মন্ত্রীরা জাতিসংঘে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ ব্যাকংকে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা জার্মানি: সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন সুরে, কথায় মন জয় করলেন চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান ইসরায়েলের পক্ষে নেতানিয়াহুর বক্তব্য, প্রতিবাদে অনেক প্রতিনিধির ওয়াকআউট জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের লিগ্যাল অফিসার হলেন জাইমা ট্রাম্পের প্রত্যাখ্যানের পরও হরমুজ পরিকল্পনায় অনড় ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করলেও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নিজেদের শর্তে অনড় থাকার কথা জানিয়েছে ইরান।
একই সঙ্গে নিজেদের অধিকার থেকেও কখনো সরে আসিনি।’’ নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালুর লক্ষ্যে ইরান সাত দিনের একটি পরিকল্পনা তুলে ধরেছে। ইরানের দাবি, এর ফলে কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শেষ হতে পারে। এদিকে, শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি… তাদের চুক্তি প্রত্যাখ্যান করেছি।
তারা এমন একটি সমঝোতা করতে চায়, যেন তারা অবিলম্বে প্রণালিটি খুলে দিতে পারে। কারণ তারা খুব বাজেভাবে হেরে যাচ্ছে।’’ ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় আরাঘচি বলেন, ‘‘ইরানিরা মার্কিন প্রেসিডেন্টের প্রথম প্রতিক্রিয়া দেখেছে। কিন্তু মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখনো আমাদের কাছে কিছু জানানো হয়নি।’’ আরআর/টিএম (ডিপিএ, রয়টার্স) ভারী বৃষ্টিতে ভারতের উত্তর প্রদেশে নিহত ৫৬ জনের বেশি গত তিন দিনের ভারী বৃষ্টি ও ঝড়ে ভারতের উত্তর প্রদেশে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার এক বিবৃতিতে কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
ভারী বৃষ্টিপাতে ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যের ৬৩টি জেলায় এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়েছে। ত্রাণ কমিশনারের দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে রোববার এই তিন দিনে রাজ্যে ৬৬ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় নয় গুণ বেশি। তার আগে গত মাসে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ে ভারতজুড়ে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।
আরআর/টিএম (এএফপি, এপি রয়টার্স) সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় বিএনপির বিরুদ্ধে 'চাঁদাবাজির' অভিযোগ ঢালাও: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে আনা ‘চাঁদাবাজির’ অভিযোগকে ঢালাও বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বলেন, এখানে তিনি (সালমান মুক্তাদির) ঘটনার শিকার (ভিকটিমাইজড) হয়েছেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির রাজধানী ঢাকার ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে শনিবার রাতে নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।
ভাঙচুরের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছেন তিনি। ওই ভিডিওতে বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ তোলেন সালমান। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে একটি বিরোধপূর্ণ জমি আছে। জমি নিয়ে দুই পক্ষের বিরোধ আছে।
এক পক্ষের হয়ে বেশ কিছু লোক তা দখল করতে গিয়েছিল। সেখানে তারা ভাঙচুর করেছে। এর মধ্যে সালমান মুক্তাদিরের একটি স্থাপনা, যেখানে তিনি কনটেন্ট ক্রিয়েট করতেন, সেখানেও ভাঙচুর করা হয়েছে। এটি ভিডিওতে দেখেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যিনি অভিযোগ করেছেন, তিনি কোনো মামলা করেছেন? করেননি। তিনি একপর্যায়ে বলেছেন, ‘‘তার (সালমান মুক্তাদির) কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন।
এ রকম শুনেছি।’’ বিএনপিকে ‘চাঁদাবাজ’ দল বলে যে অভিযোগ সালমান মুক্তাদির করেছেন, সেটা ঢালাও মন্তব্য বলে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সালমান মুক্তাদির সুনির্দিষ্ট মামলা করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আরআর/টিএম (প্রথম আলো) সাউথ আফ্রিকায় এক রাতে আততায়ীর গুলিতে নিহত ২৭ সাউথ আফ্রিকারগাউটেং ও ওয়েস্টার্ন কেপ প্রদেশে শনিবার রাতে দুটি ঘটনায় আততায়ীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৭ জন। এছাড়া, আরও ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সন্দেহভাজনদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। জোহানেসবার্গের পশ্চিমে পানশালায় ১৭ জন নিহত পুলিশ জানায়, গাউটেং প্রদেশের জোহানেসবার্গের পশ্চিমে ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় অ্যাসল্ট রাইফেলধারী কয়েকজন ব্যক্তি শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৭ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও চারজন নারী।
এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, সন্দেহভাজনদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল। ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন আট ব্যক্তিকে আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। কেপ টাউনের কাছে বিনোদনকেন্দ্রে নিহত ১০ এদিকে দেশটির ওয়েস্টার্ন কেপ প্রদেশের লওয়ানডেল টাউনশিপের একটি বিনোদনকেন্দ্রে আরেকটি ঘটনায় বন্দুকধারীরা ১০ জনকে হত্যা করেছে।
আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় সময় রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। আর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, সাউথ আফ্রিকাতে দীর্ঘদিন ধরেই সহিংস অপরাধের ঘটনা ঘটছে। হত্যাকাণ্ডের ঘটনা বিবেচনায় সাউথ আফ্রিকা বিশ্বের সর্বোচ্চগুলোর দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ সহিংসতায় প্রাণ হারান। আরআর/টিএম (এএফপি, রয়টার্স) অভিবাসন নীতি নিয়ে বৈঠকে ইইউর মন্ত্রীরা অভিবাসন নীতি আরো কঠোর করার বিষয়ে আলোচনা করতে জার্মানির মিউনিখে শনিবার বিকেলে আলোচনায় বসছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর কয়েকজন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইইউর অভ্যন্তরীণ ও অভিবাসনবিষয়ক কমিশনার মাগনুস ব্রুনারও মিউনিখের এই বৈঠকে অংশ নেবেন। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডটের এক মুখপাত্র মিউনিখের সংবাদমাধ্যম ম্যুনশনার মেরকুরকে জানান, ১৭ জন মন্ত্রী ইউরোপীয় অভিবাসন চুক্তিকে আরও পরিমার্জন করা, ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে নজরদারি আরো বাড়ানো এবং ইউরোপ থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে আলোচনা করবেন। অভিবাসন নীতিতে আনা পরিবরর্তন বাস্তবায়ন করার বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। জানা গেছে, জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও গ্রিস ইউরোপের বাইরে তৃতীয় কোনো দেশে নির্বাসন কেন্দ্র বা ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়ে আলাদাভাবে আলোচনা করবে।
উল্লেখ্য, চলতি বছরের শেষ নাগাদ আফ্রিকার বা এশিয়ার কোনো দেশের সঙ্গে এমন চুক্তি করার আশা করছে জার্মানি। আরআর/টিএম (এপি, এএফপি, ডিপিএ, কেএনএ, রয়টার্স) বিশ্ববাজারে দাম কমলে বাংলাদেশেও তেলের দাম কমানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও আনুপাতিক হারে দাম কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে দেশটির রাজধানী ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘সারাবিশ্বে এবং আমাদের পাশের দেশে জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়েছে।
জনগণের দুর্ভোগ যেন না হয়, সেজন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম এক মাস জ্বালানি তেলের দাম এক টাকাও বাড়াননি। তবে সীমান্ত দিয়ে তেল পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই সর্বনিম্ন পরিমাণ মূল্য সমন্বয় করতে হয়েছে।’’ তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমা মাত্রই অনুপাতিক হারে বাংলাদেশেও তেলের দাম কমিয়ে আনা হবে।’’ সমাবেশে সরকারের বিগত ৭ মাসের কাজের ‘সাফল্য ও পরিকল্পনার’ চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। আরআর/টিএম (দ্য ডেইলি স্টার) জাতিসংঘে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ জাতিসংঘের চলমান সাধারণ পরিষদের অধিবেশনে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ উত্থাপন করেছে।
জাতিসংঘের অধিবেশনে শুক্রবার কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করেছে ইসলামাবাদ। অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত ওপারে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছে নয়াদিল্লি। সাধারণ পরিষদে দেওয়া ভাষণেপাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘কাশ্মীর বিরোধের ন্যায়সঙ্গত ও সুষ্ঠু সমাধানের’ আহ্বান জানান। একই সঙ্গে তিনি ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন।
গত বছর দুই প্রতিবেশী দেশের মধ্যে হওয়া সামরিক সংঘর্ষের প্রসঙ্গ সামনে এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই সংঘর্ষকে ‘মিথ্যা অজুহাতে ভারতের বহিরাগত আগ্রাসন’ বলে অভিহিত করেন। এদিকে, শেহবাজ শরিফের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে জাতিসংঘে ভারতের মিশনের ফার্স্ট সেক্রেটারি পেটাল গাহলট পাকিস্তানের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ, প্রতারণা ও দ্বিচারিতার’ অভিযোগ করেন। তিনি বলেন, পাকিস্তানকে সীমান্ত ওপারের সন্ত্রাসবাদে সমর্থনের ফল ভোগ করতে হবে। পাকিস্তানের সামরিক নেতৃত্ব এবং দেশটিতে সংখ্যালঘুদের সঙ্গে আচরণের সমালোচনাও করেন পেটাল গাহলট।
ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আরআর/টিএম (এএফপি, এপি রয়টার্স) ব্যাংককে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে টানা তিন দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পর শনিবার পুরো রাজধানীজুড়ে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতি জনজীবনের জন্য হুমকি বলে জানিয়েছেন ব্যাংককের গভর্নর চাডচার্ট সিটিপান্ট। তিনি জানান, গত বৃহস্পতিবার থেকে দেশটির রাজধানী শহরে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আরো বৃষ্টিপাত হতে পারে।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে গভর্নর বলেন, ‘‘বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং (পরিস্থিতি সামলাতে) আামরা যথাসাধ্য চেষ্টা করছি। আমরা পানি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু খালগুলো পরিপূর্ণ হয়ে আছে।’’ খালগুলোর কাছে যারা বসবাস করছেন তাদের জন্য হুমকি রয়েছে বলেও জানান তিনি। জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের ওপর নির্ভরশীল শয্যাশায়ী রোগীদেরকে সাময়িকভাবে হাসপাতালে থাকার কথা বিবেচনা করতে অনুরোধ জানিয়েছেন গভর্নর। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
আরআর/টিএম (এএফপি, এপি, রয়টার্স) জার্মানি: সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন জার্মানির সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ চলতি বছরে দ্বিতীয়বারের মতো পেট্রোলের ওপর সাময়িক কর ছাড়ের অনুমোদন দিয়েছে। আজ শুক্রবার এ অনুমোদন দেয়া হয়। এই ছাড়ের ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর মোট ২.৫ বিলিয়ন ইউরো (২.৮৫ বিলিয়ন ডলার) ব্যয় হবে। এর আগে পেট্রোলের উচ্চমূল্যের প্রভাব কিছুটা লাঘব করতে গত এপ্রিলে মে ও জুন মাসের জন্য জ্বালানি কর ছাড়ের অনুমোদন দিয়েছিল সরকার।
ছাড়ের কারণে সেই পর্যায়ে ১.৬ বিলিয়ন ইউরো ব্যয় বাড়লেও মে ও জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (রয়টার্স) সুরে, কথায় মন জয় করলেন চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান এক সময় খুব ভালো গান গাইতেন পেং লিউয়ান। বিখ্যাত গায়িকা থেকে চীনের ফার্স্ট লেডি হলেও সংগীতপ্রেমে এখনো যে মগ্ন, যুক্তরাষ্ট্র সফরে তা বুঝিয়ে দিলেন। সুরে, কথায় মন জয় করলেন শি জিনপিং-এর স্ত্রী।
স্বামীর সফরসঙ্গী হলে সাধারণত পার্শ্ব-চরিত্রের মতোই রাষ্ট্রীয় সফর শেষ করেন ফার্স্ট লেডিরা। এবার পেং লিউয়ানের বেলায় কিন্তু তা হয়নি। চীনের ঐতিহ্যবাহী পোশাকের আধুনিক সংস্করণে দারুণ দেখাচ্ছিল তাকে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইংরেজিতে।
কথা বলেছেন কোনো দোভাষীর সহায়তা ছাড়া। বাণিজ্য থেকে শুরু করে তাইওয়ান — যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের কত বিষয়েই তো মতপার্থক্য! তা সত্ত্বেও শি জিনপিংয়ের স্ত্রী যুক্তরাষ্ট্র সফরে চীনের এক নমনীয় ও বন্ধুত্বপূর্ণ ভাবমূর্তি তুলে ধরেছেন, কথা আর সুরের ‘সফট পাওয়ার’দিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে জিতে নিয়েছেন অনেকের হৃদয়। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (রয়টার্স) ইসরায়েলের পক্ষে নেতানিয়াহুর জোরালো বক্তব্য, প্রতিবাদে অনেক প্রতিনিধির ওয়াকআউট জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষে কথা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
তার ভাষণের সময় অনেক দেশের প্রতিনিধিই সভাকক্ষ ছেড়ে যান। নেতানিয়াহু বলেন সভাকক্ষ ছেড়ে যাওয়ারা ‘নৈতিকভাবে কাপুরুষ। গ্যালারিতে উপস্থিত তার সমর্থকরা তখন হিব্রু ভাষায় ‘‘ইসরায়েলের জনগণ বেঁচে আছে’’ স্লোগান দিচ্ছিলেন। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনারা আমাকে এখানে আসা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন।
হ্যাঁ, আপনার সেই চেষ্টা করেছিলেন। আপনারা আমাকে চুপ করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমাকে চুপ করাতে পারবেন না। আপনারা সত্যকে নিরব রাখতে পারবেন না।’’ তার এ বক্তব্যের জবাব দিয়েছেন মামদানি।
গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ের কাছে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ রাস্তা অবরোধ করে ‘‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো, গাজাকে বাঁচতে দাও’’ এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো, ইরানকে বাঁচতে দাও’’ স্লোগান দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (রয়টার্স, এপি, এএফপি) জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের দপ্তরের লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরের ওয়েবসাইটে তাকে লিগ্যাল অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে। জাইমা রহমান আইন বিষয়ে পড়াশোনা করেছেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ে জাইমা রহমান আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখভাল করবেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে এসিবি/ এসএস (প্রথম আলো) ট্রাম্পের স্টেট ডিনারে শি জিনপিং, এলেন ইলন মাস্করা প্রশাসনের শীর্ষকর্তা এবং তাদের স্বামী-স্ত্রীরা উপস্থিত ছিলেন, তবে ডনাল্ড ট্রাম্পের স্টেট ডিনারে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নজর কেড়েছে ইলন মাস্কদের উপস্থিতি। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট আয়োজন করেছিলেন স্টেট ডিনার। সেখানে উপস্থিত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান এবং ডেল টেকনোলজিসের চেয়ারম্যান ও সিইও মাইকেল ডেলসহ প্রযুক্তি ও শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
বিষয়টি অপরিচিত নয়। গত মে মাসে ট্রাম্প চীন সফরে গেছিলেন। সেখানেও তিনি এমনই একটি দল সঙ্গে করে নিয়ে গেছিলেন। তাদের মধ্যে ছিলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, অ্যাপেলের সাবেক সিইও টিম কুক এবং টেসলার সিইও ইলন মাস্ক।
সে সময় চীনের প্রেসিডেন্ট বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ট্রাম্পের সম্মানে স্টেট ডিনারের আয়োজন করেছিলেন। তবে ওয়াশিংটনে স্টেট ডিনারের অতিথি তালিকায় চীনা কোনো সিইওকে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, চীনা কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে এলে তা নিয়ে জটিলতা বাড়তো। এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ কয়েকটি চীনা কোম্পানিকে অতিথি তালিকায় রাখার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন।
তখন প্রশ্ন উঠেছিল—চীনা সিইওরা রাষ্ট্রীয় সফরে কী ধরনের ভূমিকা পালন করবেন এবং তাদের জন্য কী ধরনের প্রোটোকল থাকবে? এ বিষয়ে মার্কিন পক্ষ তাদের প্রস্তাব পেশ করতে দেরি করে। ফলে বিষয়টি আর বাস্তবায়িত হয়নি। এদিন স্টেট ডিনারের আগে ট্রাম্প-শি বৈঠক হয়েছে।
তবে বড় কোনো চুক্তি ঘোষণা করা হয়নি। এসজি/জিএইচ (রয়টার্স, এপি) বাংলাদেশে সরকার 'থ্রি আর' নীতি নিয়ে চলছে: তারেক নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বলেন, তার সরকার 'থ্রি আর' নীতি নিয়ে চলছে। এই 'থ্রি আর' হলো রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন, অর্থাৎ, পুনর্লাভ, পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ।
তারেকের দাবি, ''দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অবসান ঘটিয়ে, ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে। তাই এই নীতি নেওয়া হয়েছে।'' প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ''সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। বিশ্বায়নের এই যুগে বিশ্বের যে প্রান্তে যা কিছুই ঘটুক, প্রতিটি রাষ্ট্রেই কমবেশি এর নেতিবাচক প্রভাব পড়ে।
তাই যেকোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই হওয়া উচিত।'' প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, ''দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। ফলে দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন। নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। নারী উদ্যোক্তা তৈরির জন্য বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নারীদের জন্য সরকার নগদ অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করেছে।
স্নাতক শ্রেণি পর্যন্ত নারীদের বিনাবেতনে শিক্ষার সুযোগ অবারিত করা হয়েছে।'' তিনি জানান, ''শুধু ভোটের গণতন্ত্র নয় সরকার অর্থনীতির গণতন্ত্রায়নও নিশ্চিত করতে চায় যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির সুফল প্রতিটি পরিবার এবং প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে। সেই লক্ষ্য পূরণে ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড এবং ই-হেলথ কার্ড এর মত বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য সহায়তা কর্মসূচি চালু করেছে। প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা ‘ফ্যামিলি কার্ডকে’ সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবেই বিবেচনা করে।'' জিএইচ/এসজি(প্রপথম আলো, দ্য ডেইলি স্টার) ইথিওপিয়ার সামরিক বাহিনীর দাবি, টিপিএলএফের শতাধিক বিদ্রোহী নিহত ইথিওপিয়ার সরকারি বাহিনী ও টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ আরও তীব্র হয়েছে। এর ফলে ২০২২ সালে যে শান্তিচুক্তি হয়েছিল তা পুরোপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার উত্তর ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়। এএফপি বার্তাসংস্থাকে টিপিএলএফের ভাইস প্রেসিডেন্ট আমানুয়েল আসেফা বলেন, “আমরা এখন পূর্ণমাত্রার যুদ্ধের পরিস্থিতিতে রয়েছি।” বৃহস্পতিবার ইথিওপিয়ার সামরিক বাহিনী জানায়, তারা “পাল্টা অভিযান শুরু করেছে”, যাতে টিপিএলএফের সদস্য ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামরিক বাহিনীর দাবি, তাদের অভিযানে টিগ্রের ২৭২ জন বিদ্রোহী নিহত এবং আরও প্রায় ২৬০ জন আহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নিহত ও আহতদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক নাগরিক, সে বিষয়েও কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

