Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
৬৮৯টি দরপত্র ঘিরে জাতীয় নিরাপত্তায় উদ্বেগ

৬৮৯টি দরপত্র ঘিরে জাতীয় নিরাপত্তায় উদ্বেগ

E News Bangla 15 hrs ago

Spread the love

চিনের সঙ্গে সীমান্তে সংঘাতের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর নজরদারি এবং সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ভারত। অথচ সেই ভারতীয় সেনাবাহিনীর ড্রোন কেনার দরপত্রেই উঠে আসছে চিনের সংস্থার তৈরি যন্ত্রাংশের নাম! বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের ড্রোন শিল্পের সঙ্গে যুক্ত সংগঠন।

তাদের দাবি, গত প্রায় ছয় বছরে ভারতীয় সেনা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রকাশ করা ৬৮৯টি দরপত্রে চিনা ড্রোন অথবা চিনা সংস্থার তৈরি যন্ত্রাংশের উল্লেখ রয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ দরপত্রই ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের। এই পরিস্থিতিকে দেশের নিরাপত্তার পক্ষে সম্ভাব্য বিপদ বলে সতর্ক করেছে ড্রোন ফেডারেশন ইন্ডিয়া (ডিএফআই)।

দ্য টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ১০ মার্চ থেকে ২০২৬ সালের ১৯ নভেম্বর পর্যন্ত সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম)-এর দরপত্র খতিয়ে দেখে এই তথ্য সামনে এনেছে ডিএফআই। গত শুক্রবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস সুব্রহ্মণীর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সংগঠনটি। তাতে চিনা যন্ত্রাংশের ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

পরিসংখ্যান বলছে, ৬৮৯টি দরপত্রের মধ্যে ৫৮০টিই ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের। সবচেয়ে উদ্বেগের বিষয়, ২০২৬ সালের প্রথম থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৩৫৫টি এমন দরপত্র প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালে সারা বছরে এই সংখ্যাটি ছিল ১৯০। অর্থাৎ, এক বছরের মধ্যেই চিনা যন্ত্রাংশের উল্লেখ থাকা দরপত্রের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ডিএফআইয়ের দাবি, এই প্রবণতা বন্ধ না হলে সামরিক ক্ষেত্রে চিনের উপর নির্ভরশীলতা থেকেই যাবে।

কোন কোন চিনা সংস্থার নাম রয়েছে এই তালিকায়? ডিএফআইয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিজেআই, রেডিয়োমাস্টার, স্পিডিবি, এইচজিএলআরসি, জিইপিআরসি, স্কাইড্রয়েড, টি-মোটর, ইম্যাক্স, রানক্যাম, ক্যাডক্স, হবি উইং এবং হলিব্রো-সহ মোট ১৬টি সংস্থার নাম উঠে এসেছে। এই সংস্থাগুলির সদর দফতর চিনে। এর মধ্যে ডিজেআই এবং রেডিয়োমাস্টারের নাম রয়েছে ৬৮৯টি দরপত্রের ৪৫০টিতে।

ডিএফআইয়ের বক্তব্য, ড্রোনের যন্ত্রাংশকে সাধারণ বৈদ্যুতিন সামগ্রী হিসেবে দেখলে চলবে না। মোটর, ফ্লাইট কন্ট্রোলার, রিসিভার, ক্যামেরা এবং ভিডিও ট্রান্সমিশন ব্যবস্থার মতো উপাদানের উপর ড্রোনের উড়ান, নিয়ন্ত্রণ এবং তথ্য আদানপ্রদান নির্ভর করে। ফলে এই ব্যবস্থায় চিনা প্রযুক্তির উপস্থিতি থাকলে সাইবার নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে সেনার বিভিন্ন ইউনিট নিজেদের প্রয়োজনে আলাদা করে ড্রোন তৈরি করলে সব যন্ত্রাংশের নিরাপত্তা পরীক্ষা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এই পরিস্থিতিতে দরপত্রে চিনা সংস্থার যন্ত্রাংশ ব্যবহারের সুযোগ বন্ধ করা, দেশীয় নির্মাতাদের অগ্রাধিকার দেওয়া এবং প্রতিটি যন্ত্রাংশের উৎপত্তিস্থল বা কান্ট্রি অফ অরিজিন ঘোষণা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে কেনা যন্ত্রাংশের উৎস সম্পর্কে স্বচ্ছ তথ্য রাখারও প্রস্তাব দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla