Dailyhunt
'ননদ-বউদিকে একসঙ্গে দেখা.'! একমঞ্চে তনুশ্রী ও মমতা শংকরের নাচ

'ননদ-বউদিকে একসঙ্গে দেখা.'! একমঞ্চে তনুশ্রী ও মমতা শংকরের নাচ

E News Bangla 4 days ago

Spread the love

Mamata Shankar and Tanushree Shankar: দুজনকে নিয়ে নানা কথা! একে-অপরকে নাকি সেভাবে পছন্দ করেন না। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে ননদ-বউদি যাকে বলে ঝড় তুললেন। যারা সোশ্যাল মিডিয়ার ভক্ত, তারা নির্ঘাত বুঝে গিয়েছেন যে কথা হচ্ছে মমতা শংকর আর তনুশ্রী শংকরকে নিয়ে। মঙ্গলবার কলকাতা সাক্ষী থেকেছে মমতা শংকর-তনুশ্রী শংকরের যৌথ নৃত্যানুষ্ঠানের।

শঙ্কর পরিবারের এই দুই দুঁদে নৃত্যশিল্পী জয় করে নিয়েছে গোটা শহরবাসীর মন।

আর মমতা-তনুশ্রীর ভিডিয়োতে ঋতুপর্ণা সেনগুপ্ত মন্তব্য করেন, 'দুইজন কিংবদন্তি এবং ননদ-বউদিকে একসঙ্গে পারফর্ম করতে দেখা সত্যিই খুব সুন্দর। তাঁরা দু'জনই লেজেন্ড এবং এক বিশাল ঐতিহ্যের অংশ। এটা দেখে আমি ভীষণ আবেগপ্রবণ এবং অনুপ্রাণিত হয়েছি। তোমাদের দু'জনকে অনেক ভালোবাসা। তোমরা আমাদের জন্য অনুপ্রেরণা। এভাবেই আমাদের অনুপ্রাণিত করে যাও'।

তিলোত্তমার একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন মমতা শংকর আর তনুশ্রী শংকর। সেইসময় মঞ্চে তাঁদের নাম ঘোষণা হয়। এমনটা যে হতে পারে, তার আভাসও ছিল না দুজনের কাছে। কোনো মহড়াও দেননি খুব স্বাভাবিকভাবেই। আনন্দশঙ্করের একটি বাজনার ছন্দে নাচেন তাঁরা।

উদয় শঙ্কর এবং অমলা শঙ্করের ছেলে আনন্দ শঙ্কর এবং মেয়ে মমতা শঙ্কর। পরবর্তীতে তনুশ্রী শঙ্করকে বিয়ে করেন আনন্দ। সেই সূত্রে দুজনে ননদ এবং বউদি। দুজনেই উদয় শংকরের নাচের ধারা এগিয়ে নিয়ে চলেছেন।

যদিও সাম্প্রতিক সময়ে দুজনের কলহ নিয়ে নানা কথা ভাসে! এমনকী, ভাইঝি শ্রীনন্দা শংকর প্রকাশ্যে পিসিকে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি। সাম্প্রতিক অতীতে যতবার মমতা শংকর বিতর্কে জড়িয়েছেন, ততবারই পিসির বিপক্ষে গিয়েই কথা বলতে দেখা গিয়েছে শ্রীনন্দাকে। যদিও সোশ্যাল মিডিয়া পোস্টে কোথাও মমতাশঙ্করের নাম করেননি। কিন্তু নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি নিশানা কোন দিকে।

এদিনের অভিজ্ঞতা নিয়ে মমতা শংকর আনন্দবাজারকে বলেন, 'কী যে ভাল লাগল। ছোটবেলায় একসঙ্গে কম নাচের অনুষ্ঠান করেছি? 'রামায়ণ'-এ আমি রাম হয়েছি। বৌদি তাড়কা।' মাঝে কেন এত দূরত্ব, কোনো ভুল বোঝাবুঝি? মমতা জানান, 'আমরা বড় হয়েছি, নিজেদের আলাদা একটা পরিসর তৈরি করেছি। স্বাধীনভাবে নিজেদের মতো কাজ করেছি। সেই কারণেই অনেক বছর একসঙ্গে কাজ করা হয়নি। এর বাইরে অন্য কোনও কারণ নেই।'

ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল এই ভিডিয়ো। নেটপাড়াও চাইছে দুজনের একটা নাচের অনুষ্ঠান আসুক। যা কলকাতাবাসীর মনে থেকে যাবে সারাজীবন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla