Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নিতীশ সেতু উদ্বোধন মোদীর! আগেই চালু ছিল সেতু

নিতীশ সেতু উদ্বোধন মোদীর! আগেই চালু ছিল সেতু

E News Bangla 14 hrs ago

Spread the love

বিহারে গঙ্গার উপর তৈরি ছয় লেনের বিশাল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈশালীর এই সেতুর নাম রাখা হয়েছে 'নিতীশ সেতু'। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নিতীশ কুমারের নামে সেতুটির নামকরণ করেছে বিহারের বিজেপি-জেডিইউ সরকার। শনিবার, ২১ নভেম্বর সেতুটি উদ্বোধন করেন মোদী।

কিন্তু উদ্বোধনের আগেই এই সেতুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদবের প্রশ্ন, যে সেতু প্রায় ১৭ মাস আগে উদ্বোধন করেছিলেন নিতীশ কুমার, সেটি নতুন করে উদ্বোধনের প্রয়োজন কী? পাশাপাশি সেতুর নামকরণ নিয়েও সরব হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, নিতীশ কুমারের নামে সেতুর নাম রেখে আসলে তাঁকে রাজনৈতিক ভাবে পিছনের সারিতে ঠেলে দেওয়ার বার্তা দিতে চাইছে বিজেপি।

সরকারি তথ্য অনুযায়ী, গঙ্গার উপর তৈরি এই সেতুর মূল অংশের দৈর্ঘ্য ৯.৭৬ কিলোমিটার। কাঁচি দরগাহ থেকে বৈশালীর বিদুপুর পর্যন্ত বিস্তৃত গোটা প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ১৯.৭ কিলোমিটার। নির্মাণে খরচ হয়েছে প্রায় ৪২৮০ কোটি টাকা। সেতুটি চালু হলে উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। মহাত্মা গান্ধী সেতু এবং জেপি সেতুর উপর যানবাহনের চাপও কমবে বলে আশা করছে প্রশাসন। বিশেষ করে রাঘোপুর দিয়ারা এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। পটনায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জরুরি পরিষেবায় পৌঁছতে তাঁদের সময় কম লাগবে। কৃষিপণ্য ও শিল্পজাত পণ্য পরিবহণেও সুবিধা হবে।

কিন্তু এই উন্নয়ন প্রকল্পের কৃতিত্ব কার, তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তেজস্বীর দাবি, গত বছর ২৩ জুন তৎকালীন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার সেতুর প্রথম পর্যায়ের উদ্বোধন করেছিলেন। সেই অংশ দিয়ে যান চলাচলও শুরু হয়েছিল। ফলে নতুন করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোনও টাকা দেয়নি। তা হলে প্রধানমন্ত্রী কেন এর কৃতিত্ব নিতে চাইছেন? সেতুর ফলকে নিজের নাম রাখতে চান কি না, সেই প্রশ্নও তুলেছেন আরজেডি নেতা।

তবে প্রকল্পের ইতিহাসে দেখা যাচ্ছে, ২০২৫ সালের জুনে কাঁচি দরগাহ থেকে রাঘোপুর দিয়ারা পর্যন্ত ৪.৫৭ কিলোমিটার অংশ চালু হয়েছিল। বাকি অংশের কাজ শেষ হওয়ার পর গোটা প্রকল্পকে জাতীয় স্তরে উৎসর্গ করা হয়েছে। প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাঙ্কের অর্থসাহায্য এবং বিহার সরকারের অর্থায়ন রয়েছে। ফলে কেন্দ্রের সরাসরি অর্থায়ন নিয়ে তেজস্বীর বক্তব্য এবং প্রকল্পের জন্য কেন্দ্রের ভূমিকা নিয়ে আলাদা করে বিতর্ক তৈরি হয়েছে।

নামকরণ নিয়েও আপত্তি তুলেছেন তেজস্বী। তাঁর দাবি, সেতুর নাম স্বাধীনতা সংগ্রামী অক্ষয়বট রাইয়ের নামে রাখার প্রস্তাব ছিল। আবার দশম শিখ গুরু গোবিন্দ সিংহের নামেও সেতুর নামকরণের আলোচনা হয়েছিল। সেই প্রস্তাব উপেক্ষা করে জীবিত নিতীশ কুমারের নামে সেতুর নাম রাখা হয়েছে কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কটাক্ষ, সাধারণত কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর নামে স্মৃতিসৌধ বা সেতুর নামকরণ করা হয়। তা হলে নিতীশ কুমারের জীবদ্দশাতেই এমন সিদ্ধান্ত কেন? বিজেপি কি তাঁকে রাজনৈতিক ভাবে শেষ বলে মনে করছে?

কংগ্রেস নেতা পবন খেরাও নামকরণ নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর বক্তব্য, গুরু গোবিন্দ সিংহের জন্মস্থানের কাছাকাছি এই সেতুর নাম তাঁর নামে রাখার প্রস্তাব ছিল। সেই সিদ্ধান্ত বদলানোয় শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে।

অন্য দিকে, বিজেপির দাবি, বিহারের পরিকাঠামো উন্নয়নে নিতীশ কুমারের অবদানকে স্বীকৃতি দিতেই এই নামকরণ। প্রকল্পটির পরিকল্পনা ২০১২ সালে শুরু হয়েছিল এবং ২০১৫ সালে নিতীশই এর শিলান্যাস করেন। ফলে সেতু উদ্বোধনের দিন উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক কৃতিত্বের লড়াইও সামনে চলে এসেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla