Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ওয়ালমার্টের সামনে খুন ভারতীয় বংশোদ্ভূত যুগল

ওয়ালমার্টের সামনে খুন ভারতীয় বংশোদ্ভূত যুগল

E News Bangla 15 hrs ago

Spread the love

কানাডায় ফের বন্দুকবাজের হামলায় প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত দুই তরুণ-তরুণীর। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারেতে একটি ওয়ালমার্ট বিপণির সামনে পার্কিং লটে গুলি করে খুন করা হল তাঁদের। পুলিশের অনুমান, ঘটনাটি কোনও আকস্মিক হামলা নয়। পরিকল্পনা করেই ওই যুগলকে নিশানা করা হয়েছিল।

এর পিছনে সংগঠিত অপরাধচক্রের হাত থাকতে পারে বলেও সন্দেহ তদন্তকারীদের। মৃতদের নাম গগনপ্রীত (গ্যারি) রেহাল এবং সুখজিৎ কৌর। দু'জনেরই বয়স কুড়ির কোঠায়। গত ১৫ নভেম্বর রাতে এই জোড়া খুনের ঘটনা ঘটলেও তদন্তে নতুন তথ্য সামনে এসেছে সম্প্রতি।

কানাডার সংবাদমাধ্যম সূত্রে খবর, গত রবিবার রাত প্রায় ১০টা ৩৮ মিনিটে সারেতে ৮৮ অ্যাভিনিউ এবং ১২৪ স্ট্রিটের কাছে ওয়ালমার্টের পার্কিং লটে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক তরুণ ও এক তরুণীকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের বাঁচানোর জন্য ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা শুরু করেন উদ্ধারকারীরা। পরে দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পরে তদন্তে নেমে মৃতদের পরিচয় প্রকাশ করে কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)। জানা যায়, ২৩ বছরের গগনপ্রীত রেহাল এবং ২৪ বছরের সুখজিৎ কৌর দু'জনেই ব্রিটিশ কলম্বিয়ার ডেল্টা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁরা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তদন্তকারীদের নজরে এসেছে, ঘটনাটি নিছক ছিনতাই বা আচমকা গোলাগুলির ঘটনা নয়। আইএইচআইটির সার্জেন্ট ফ্রেডা ফং জানিয়েছেন, প্রাথমিকভাবে এই হামলায় সংগঠিত অপরাধচক্রের যোগ থাকার ইঙ্গিত মিলেছে। তাঁদের অনুমান, দু'জনকেই নির্দিষ্টভাবে নিশানা করা হয়েছিল। তবে কোনও নির্দিষ্ট গ্যাংয়ের সঙ্গে নিহতদের যোগ ছিল কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন আধিকারিকেরা। গুলির ঘটনার মাত্র ১৩ মিনিট পরে পার্কিং লট থেকে কিছুটা দূরে প্রিন্সেস ড্রাইভ এলাকায় একটি গাড়িতে আগুন লাগার খবর আসে পুলিশের কাছে। পরে সেখান থেকে পোড়া অবস্থায় চার দরজার একটি সেডান উদ্ধার করা হয়। তদন্তকারীদের সন্দেহ, হামলাকারীরা ওই গাড়িটি ব্যবহার করে পালিয়ে থাকতে পারে। গাড়িটির ভিতরে বা আশপাশে থাকা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে একটি লাল ফোর্ড মাস্ট্যাং গাড়িও পাওয়া যায়। সেটির কাচে গুলির আঘাতের চিহ্ন ছিল।

তদন্তে গগনপ্রীতকে ঘিরেও কিছু তথ্য সামনে এসেছে। পুলিশের সঙ্গে অতীতে অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় তাঁর যোগাযোগ হয়েছিল। অন্যদিকে, সুখজিতের কানাডায় পরিচিতির পরিসর সীমিত ছিল বলে তদন্তকারীদের বক্তব্য। তবে এই তথ্যের ভিত্তিতে খুনের কারণ সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি পুলিশ।

এখনও পর্যন্ত এই জোড়া খুনের ঘটনায় কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। ১৫ নভেম্বর রাত ১০টা থেকে ১১টার মধ্যে ওই এলাকায় যাঁরা ছিলেন, তাঁদের কাছে সিসিটিভি ফুটেজ, ড্যাশ ক্যামেরার ভিডিও বা অন্য কোনও তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla