Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সন্তান সংসার সামলে কিভাবে ব্যালেন্স করে ক্যাটরিনা?

সন্তান সংসার সামলে কিভাবে ব্যালেন্স করে ক্যাটরিনা?

E News Bangla 14 mins ago

Spread the love

বিয়ে এবং মাতৃত্ব-দুই নতুন অধ্যায়ই এখন চুটিয়ে উপভোগ করছেন ক্যাটরিনা কাইফ। তবে কেবল ঘরকন্না নয়, সমানতালে সামলাচ্ছেন নিজের প্রসাধনী সংস্থা 'কে বিউটি' (Kay Beauty)-র কাজও। ২০১৯ সালে ভারতে যাত্রা শুরু করার পর যা ইতিমধ্যেই পাড়ি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ব্রিটেনের বাজারেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যবসা, অভিনয় আর মাতৃত্বের দায়িত্ব একসঙ্গে সামলানোর অভিজ্ঞতা ভাগ করে নিলেন নায়িকা। জানালেন, তাঁর এই চরম ব্যস্ততা আর অস্থিরতার মাঝে স্বামী ভিকি কৌশলই হলেন তাঁর একমাত্র 'শান্তি'।

সম্প্রতি সিএনবিসি-টিভি১৮ (CNBC-TV18)-এর 'ইয়ং টার্কস রিলোডেড' অনুষ্ঠানে নায়কা (Nykaa)-র অদ্বৈত নায়ারের সঙ্গে আড্ডায় বসেছিলেন ক্যাটরিনা। মা হওয়ার পরেও কী ভাবে ব্যবসার পিছনে অক্লান্ত সময় দিচ্ছেন, তা নিয়ে অভিনেত্রী বলেন, ''ব্র্যান্ডটিকে আজ এই জায়গায় নিয়ে আসতে গেলে ঘড়ির কাঁটা ধরে কাজ করলে চলে না। যদিও বাড়িতে একজন আছেন, যিনি ঠিকই ঘণ্টা গুনছেন-তিনি আমার স্বামী! সারাক্ষণ বলেন, 'এ বার ফোনটা রাখো!' আসলে কাজটা যখন নেশার মতো হয়ে যায়, তখন আর সময়ের খেয়াল থাকে না। আমরা দু'জনেই সদ্য মা হয়েছি, তা সত্ত্বেও শনিবার বা রবিবার ছুটির দিনেও আমাদের কাজের কথা চলতেই থাকে।''

অভিনেত্রী, ব্যবসায়ী, স্ত্রী এবং মা-একসঙ্গে এতগুলো ভূমিকা পালন করা যে সহজ নয়, তা অকপটে মেনে নিয়েছেন ক্যাটরিনা। তাঁর কথায়, 'সব কিছু একসঙ্গে সামলানোর জন্য আমি নিজেকে কিছুটা সময় আর পরিসর দিতে চাই। সব সময় যে নিখুঁত হতে হবে, এমন কোনো কথা নেই। দিনের শেষে এমন মুহূর্ত আসে যখন প্রচণ্ড ক্লান্ত আর মানসিক চাপে বিধ্বস্ত লাগে। কিন্তু বলতেই হবে, আমার স্বামী ভীষণভাবে পাশে থাকেন। আমার যাবতীয় অস্থিরতার মাঝে ওই একমাত্র শান্তির আশ্রয়।'

ভিকি এবং ক্যাটরিনার প্রেমকাহিনিও কম সিনেম্যাটিক নয়। ২০১৮ সালে 'কফি উইথ করণ'-এ এসে ক্যাটরিনা জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে তাঁর জুটি বেশ মানাবে। যা শুনে শোয়ের কাউচেই অজ্ঞান হওয়ার ভান করেছিলেন ভিকি! ২০১৯ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং করণ জোহরের পার্টিতে প্রথম আলাপ হয় দু'জনের। লকডাউনের সময় তাঁদের ঘনিষ্ঠতা আরও বাড়ে। অবশেষে ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় অথচ ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। গত বছর অর্থাৎ ২০২৫ সালের নভেম্বরে তাঁদের কোল আলো করে এসেছে প্রথম সন্তান বিহান কৌশল।

কাজের ফ্রন্টে, ক্যাটরিনাকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২৪ সালের 'মেরি ক্রিসমাস' ছবিতে। অন্যদিকে, ভিকি গত বছর 'ছাবা' ছবিতে নজর কেড়েছেন। আগামী দিনে সঞ্জয় লীলা ভন্সালীর 'লভ অ্যান্ড ওয়ার' এবং 'মহাবতার'-এর মতো বড় প্রজেক্ট রয়েছে ভিকির ঝুলিতে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: E News Bangla