এবেলা ডেস্কঃ
দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে কালিমালিপ্ত করা এবং তাঁকে নিয়ে রাজনীতি করার অভিযোগে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক লাইভ করে বর্তমান কেন্দ্রীয় শাসকদল ও প্রশাসনের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।
লাইভে এসে অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে মমতা বলেন, "আমি স্তম্ভিত, লজ্জিত, মর্মাহত ও গভীরভাবে দুঃখিত। বিজেপির যেসব নেতা রাজনীতির 'র', সংস্কৃতির 'স' কিংবা সম্প্রীতির 'স'-ও শেখেেনি, তারা আজ দেশনায়ক নেতাজির মতো মহান ব্যক্তিত্বকে অপমান করছে!"
তৃণমূল নেত্রীর অভিযোগ, নেতাজিকে নানাভাবে সাম্প্রদায়িক ও দেশদ্রোহী হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা চলছে। কিন্তু নেতাজি যে অসাম্প্রদায়িক সম্প্রীতির বড় প্রতীক ছিলেন, তা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, "আজাদ হিন্দ ফৌজের (INA) সেনাপতিদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সেনাবাহিনীর সব ক্যান্টনমেন্টে যেমন মন্দির ও মসজিদ থাকে, তেমনই সব ধর্মের মানুষ 'জয় হিন্দ' ও 'বন্দে মাতরম' ধ্বনি দিয়ে দেশকে পাহারা দেন।" অথচ সেই মহান আদর্শকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
বিজেপির তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "এমন একটা দল কোত্থেকে এল, যাদের না আছে কোনো অতীত, না আছে ভবিষ্যৎ! এরা শুধু অত্যাচার করতে আর মহিলাদের ঘৃণা করতে শিখেছে।"
সবশেষে দেশের বিবেকবান মানুষকে একত্র হওয়ার বার্তা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, দেশনায়কের এমন অপমানের পরও মানুষ কি চুপ করে থাকবে? ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

