এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টে বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আপাতত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। তবে রক্ষাকবচ দিলেও তদন্তের স্বার্থে পুলিশকে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী রক্ষাকবচের নির্দেশ প্রদান করে।
আদালত স্পষ্ট জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে।
তবে এই স্বস্তির পাশাপাশি সুমিত রায়ের ওপর বিশেষ শর্তও আরোপ করেছে দেশের শীর্ষ আদালত। নির্দেশ অনুযায়ী, তদন্তের তাগিদে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে সুমিত রায়কে।

