আইএসএলের খেতাব জয়ের লড়াইয়ে ফের বড়সড় হোঁচট খেল মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বই সিটি এফসির কাছে হারের পর এবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হল সবুজ-মেরুন বাহিনীকে। প্রতিপক্ষের ডেরায় ম্যাচের অধিকাংশ সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোল হজম করে পয়েন্ট নষ্ট করল তারা।
এই ড্রয়ের ফলে আইএসএল পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে গেল কলকাতার এই প্রধান ক্লাব, যা বাগান সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল জামশেদপুর। তবে খেলার ১৫ মিনিটেই লিস্টন কোলাসোর এক দর্শনীয় গোলে লিড নেয় মোহনবাগান। বক্সের অনেকটা বাইরে থেকে লিস্টনের নেওয়া জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রবসনও, কিন্তু অল্পের জন্য গোল অধরা থেকে যায়। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল মেরিনার্সরা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে জামশেদপুর এফসি। ম্যাচের ৮৫ মিনিটে রিয়াতা একটি সুবর্ণ সুযোগ নষ্ট করলেও হাল ছাড়েনি আয়োজক দল। অন্যদিকে, রক্ষণভাগের নড়বড়ে পারফরম্যান্স বাগান শিবিরে উদ্বেগ বাড়িয়েছিল। অবশেষে নির্ধারিত সময়ের শেষে ইনজুরি টাইমে (৯০+৫ মিনিট) ঋত্বিক দাসের গোলে সমতায় ফেরে জামশেদপুর। এই নাটকীয় ড্রয়ের পর পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এল জামশেদপুর, আর জয়ের দোরগোড়া থেকে ফিরে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো লোবেরার ছেলেদের।
The post খেতাব জয়ের লড়াইয়ে বড় ধাক্কা, জামশেদপুরের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট তালিকায় পিছালো মোহনবাগান appeared first on এবেলা.

