Dailyhunt
সূর্যকুমারের লড়াই বিফলে পাঠিয়ে মুম্বইকে হারাল দিল্লি, সমীর রিজ়ভির ব্যাটে আইপিএলের শীর্ষে অক্ষররা

সূর্যকুমারের লড়াই বিফলে পাঠিয়ে মুম্বইকে হারাল দিল্লি, সমীর রিজ়ভির ব্যাটে আইপিএলের শীর্ষে অক্ষররা

ইপিএলে দুরন্ত ছন্দে ফিরল দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে পরাজিত করে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করল অক্ষর পটেলের দল। সমীর রিজ়ভির লড়াকু ৯০ রানের ইনিংসের ওপর ভর করে ১১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। মুম্বইয়ের হয়ে সূর্যকুমার যাদবের অর্ধশতরান বৃথা গেল।

এই জয়ের ফলে দিল্লির রান রেটও বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গিয়েছে।

১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি। কেএল রাহুল মাত্র ১ রানে আউট হওয়ার পর নীতীশ রানাও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। মাত্র ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে রক্ষা করেন পাথুম নিসঙ্ক ও সমীর রিজ়ভি। নিসঙ্ক ৪৪ রান করে আউট হলেও সমীর ছিলেন বিধ্বংসী মেজাজে। ৫১ বলে ৯০ রানের ইনিংসে সাতটি চার ও সাতটি ছক্কা হাঁকান তিনি। শেষ দিকে ডেভিড মিলারের অপরাজিত ২১ রানের সৌজন্যে জয় নিশ্চিত করে দিল্লি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ওভারে ১৬২ রান সংগ্রহ করে। নিয়মিত অধিনায়ক হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। মুকেশ কুমারের বোলিং তোপে শুরুতেই ধাক্কা খায় মুম্বই। তবে রোহিত শর্মার ৩৫ এবং সূর্যকুমারের ৫১ রানের ওপর ভর করে লড়াই করার মতো পুঁজি পায় তারা। দিল্লির পক্ষে মুকেশ কুমার একাই দুটি উইকেট শিকার করেন।

দিল্লির বোলারদের আঁটোসাাঁটো বোলিং এবং সমীর রিজ়ভির অনবদ্য ব্যাটিং প্রদর্শনী ম্যাচটিকে একপেশে করে তোলে। মুম্বইয়ের জসপ্রীত বুমরাহ ও দীপক চহর শুরুর দিকে সাফল্য পেলেও সমীরের দাপটে তা ম্লান হয়ে যায়। টানা দুই ম্যাচে বড় ইনিংস খেলে সমীর দিল্লিকে পয়েন্ট তালিকার এক নম্বরে নিয়ে গেলেন, যা আগামী ম্যাচগুলোতে দলকে মানসিকভাবে অনেকটা এগিয়ে রাখবে।

The post সূর্যকুমারের লড়াই বিফলে পাঠিয়ে মুম্বইকে হারাল দিল্লি, সমীর রিজ়ভির ব্যাটে আইপিএলের শীর্ষে অক্ষররা appeared first on এবেলা.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ebela Live