এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,০৮ এপ্রিল : উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভার আসনে আরজি করের ধর্ষণ-খুন হওয়া তরুনী চিকিৎসক 'অভয়া'র মা'কে প্রার্থী করেছে বিজেপি । আজ বুধবার তিনি প্রচারে বের হলে তৃণমূলের মহিলা ব্রিগেড তার উপর হামলা চালায় বলে অভিযোগ । তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সঙ্গে থাকা বিজেপি কর্মীরা ।
তৃণমূলের মহিলা ক্যাডারদের এলোপাথাড়ি কিল-চড়-ঘুঁষিতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে অভিযোগ ।
জানা গেছে,পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে । আজ দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। প্রচার চলাকালীন একদল ৩০-৩৫ জন মহিলা 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে এসে হামলা চালায় বলে অভিযোগ । হেনস্থা করা হয় অভয়ার মাকে । তাঁকে বাঁচাতে গেলে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেত্রী সঙ্গীতা নন্দীর । তার অভিযোগ,'তৃণমূলের মহিলা ক্যাডাররা প্রথমে ফুল ছিটিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে ।বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি ঘুষি মারে । এতে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন। তার দাবি, মূলত প্রার্থীকে মানসিকভাবে বিধ্বস্ত করতেই আজ এই সুপরিকল্পিত হামলা চালিয়েছে তৃণমূল ।
অভয়ার মা বলেন,'আমার মেয়েকে মেরে ফেলার পর আমাকেও সরিয়ে দিলে আর কেউ বিচার চাওয়ার থাকবে না,হয়ত এই ভেবেই আজ ওরা আমার উপর হামলা চালিয়েছে । তবে আমি পিছু হঠব না। বাংলার সব মেয়ের সুরক্ষা নিশ্চিত করতে আমি লড়াই চালিয়ে যাব।' তিনি আরও বলেছেন,'আজকের এই হামলাই প্রমান করল যে তৃণমূল ভয় পেয়েছে ।'
অন্যদিকে পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সাফাই হল,'বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে এলাকায় প্রচার করছিলেন 'লক্ষ্মীর ভাণ্ডার'-সহ সরকারি প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে। সেই কারনে স্থানীয় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়েছেন।'
উল্লেখ্য,এবারের বিধানসভার ভোটে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভার আসনে আরজি করের ধর্ষণ-খুন হওয়া তরুনী চিকিৎসক 'অভয়া'র মা'কে প্রার্থী করা বিজেপির একটা মাস্টার স্ট্রোক বলে মনে করা হচ্ছে । তিনি রাজনীতিতে আনকোরা হলেও তাঁর মেয়েকে ধর্ষণ-খুনের ঘটনা ও আজও ন্যায়বিচারের লড়াই করার জন্য সাধারণ মানুষের সহানুভূতি তাঁর উপর রয়েছে । এমনকি সাম্প্রতিক কিছু ভোট পূর্ববর্তী সমীক্ষায় পানিহাটি বিধানসভার আসনটি বিজেপি পেতে চলেছে বলে ভবিষ্যৎবাণী করা হচ্ছে ।।
Tags:BJP Candidate AttackedNorth 24 ParganasPanihatiWestBengal Election 2026

