এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ মে : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা । বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ এই হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় ।
এই ঘটনায় চন্দ্রনাথের মৃত্যু হলেও গাড়ির চালক তথা শুভেন্দুর টিমের সদস্য বুদ্ধদেব বেরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন । গুলিবিদ্ধ অবস্থায় তিনি কলকাতার বাইপাস সংলগ্ন হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে,বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ চন্দ্রনাথ বাবু বাড়ি ফিরছিলেন । সেই সময় চারটি বাইকে আসা মোট আটজন দুষ্কৃতী তাঁদের পিছু নেয় । গাড়িটি দোহাড়িয়া লেনের ভেতরে ঢোকার মুখে উল্টো দিক থেকে আসা বাইক আরোহী দুষ্কৃতীদল তাদের পথ আটকায় । আততায়ীদের প্রত্যেকের মাথায় হেলমেট থাকায় কাউকেই চেনা সম্ভব হয়নি। এরপরই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবৃষ্টি করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের । গুরুতর জখম হন তার গাড়ি চালক । এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে । আজ বৃহস্পতিবার হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি কর্মী-সমর্থকরা।
জানা যায়,ভবানীপুর উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর নির্বাচনী রণকৌশল সাজানোর অন্যতম কারিগর ছিলেন প্রাক্তন ভারতীয় বায়ুসেনা কর্মী চন্দ্রনাথ। সেই টিমের সদস্যদের এভাবে টার্গেট করা রাজনৈতিক প্রতিহিংসা কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে ।।
Tags:KolkataShuvendu Adhikari's personal assistant murder

