নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচন এখন দোরগোড়ায়। এই সময়ই নাম বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারের। এই বাদ যাওয়া ভোটারদের মধ্যে রয়েছেন প্রায় ১০ লক্ষ হিন্দু বাঙালি। এমনই অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে হিন্দুত্বের কথা বলে বাংলা দখল করার চেষ্টা করছে বিজেপি।
সেই হিন্দুদেরও বহু নাম কেটেছে।
অভিষেকের বার্তা, এইবারের লড়াই অনাচার বনাম উন্নয়নের। অবহেলা বনাম সম্মানের। তাঁর অভিযোগ, কোচবিহারের বহু মানুষ বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। বাংলায় কথা বলে অনেকেই পেয়েছেন বাংলাদেশি তকমা। বিএসএফ অত্যাচার করেছে সেটা ভুলে গেলে চলবে না। অবৈধভাবে বিজেপি নাম কাটছে। ২৭ লক্ষ বিচারাধীনের নাম অবৈধ ভাবে কেটেছে, তার মধ্যে ১০ লক্ষের বেশি নাম হিন্দু বাঙালির।
তিনি সকলের কাছে অনুরোধ করে বলেছেন, বাংলা সবার। সে যেই সম্প্রদায়েরই হোক না কেন, সকলের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। কাউকে ভয় না পাওয়ার কথা বলেছেন। বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখতে পারবে না। চা শ্রমিকদের কল্যাণে প্রতিশ্রুতি দিয়েও পালন করেনি বিজেপি। কোচবিহারে আন্তর্জাতিক এয়ারপোর্ট করবে বলেছিল বিজেপি, হয়নি। তৃণমূল জিতলে চা শ্রমিকদের দৈনিক মজুরি ২৫০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা হবে
এদিন তৃণমূলনেত্রী চাকদার জনসভা থেকে বলেন, কথা দিয়েও কথা রাখে না বিজেপি। ওরা মিথ্যে কথার ফুলঝুড়ি। তাঁর অভিযোগ, বহিরাগতদের বাংলা নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি। তাদের কথাতেই কমিশন কাজ করছে। নাম কাটছে, আর ভোট লুটছে। ভোটারদের উদ্দেশ্যে তাঁর বার্তা, নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। দল সবরকম সাহায্য করবে। অন্যান্য জনসভার মতো এখানেও তিনি আশ্বাস দিয়েছেন, একটা লোককেও বাংলা থেকে তাড়াতে দেবেন না!

