Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১৫,৬৬০ কোটির চুক্তিতে রাজস্থান রয়্যালসকে কিনে নিল মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা

১৫,৬৬০ কোটির চুক্তিতে রাজস্থান রয়্যালসকে কিনে নিল মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মালিকানা কাঠামোয় ফের বড় বদল। এবার ১৫,৬৬০ কোটি টাকার বিশাল চুক্তিতে রাজস্থান রয়্যালসের নিয়ন্ত্রণ নিলেন স্টিল শিল্পপতি লক্ষ্মী নিবাস মিত্তলের পরিবার এবং সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। এই ডিল আইপিএলের ইতিহাসে অন্যতম বড় মালিকানা পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একের পর এক বড় আর্থিক চুক্তির ধারা অব্যাহত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদলের কয়েক মাসের মধ্যেই এবার রাজস্থান রয়্যালসের ক্ষেত্রেও ঘটল বিশাল ডিল। প্রায় ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৬৬০ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ যাচ্ছে মিত্তল পরিবার ও আদর পুনাওয়ালার যৌথ গোষ্ঠীর হাতে। সূত্রের খবর, লক্ষ্মী এন. মিত্তল, আদিত্য মিত্তল এবং আদর পুনাওয়ালার নেতৃত্বাধীন গোষ্ঠী বর্তমান মালিক মনোজ বাদালে ও তাঁর সহ-নিবেশকারীদের কাছ থেকে এই শেয়ার কিনছেন। শুধু আইপিএল দলই নয়, এই মূল্যায়নের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার পেয়ার্ল রয়্যালস এবং ক্যারিবিয়ান লিগের বার্বাডোজ রয়্যালস-সহ গোটা গ্লোবাল পোর্টফোলিও। চুক্তি সম্পূর্ণ হলে, যা ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে হওয়ার সম্ভাবনা, মিত্তল পরিবার পাবে ৭৫ শতাংশ শেয়ার। আদর পুনাওয়ালার হাতে থাকবে প্রায় ১৮ শতাংশ অংশীদারিত্ব। বাকি ৭ শতাংশ বর্তমান কিছু বিনিয়োগকারীর কাছেই থাকবে, যার মধ্যে রয়েছেন মনোজ বাদালে। তবে এই চুক্তি কার্যকর হতে এখনও বিসিসিআই, প্রতিযোগিতা কমিশন (CCI) এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

রাজস্থানের উত্তরাঞ্চলের সাদুলপুর গ্রামে জন্ম লক্ষ্মী নিবাস মিত্তলের। ফলে এই বিনিয়োগে রয়েছে ব্যক্তিগত আবেগও। তিনি বলেন, “আমি ক্রিকেট ভালোবাসি, আর আমার পরিবারের শিকড় রাজস্থানে। তাই আইপিএলে যদি কোনও দলের অংশ হতে চাই, তা রাজস্থান রয়্যালসই।” আদিত্য মিত্তল জানিয়েছেন, আইপিএল খুব কম সময়ের মধ্যেই বিশ্বের অন্যতম বড় ক্রীড়া লিগে পরিণত হয়েছে। রাজস্থান রয়্যালস এই লিগের অন্যতম ঐতিহ্যবাহী দল। তরুণ প্রতিভা তুলে আনার যে ঐতিহ্য রয়েছে, তা আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য।আদর পুনাওয়ালাও বলেছেন, “রাজস্থান রয়্যালসের শক্তিশালী ঐতিহ্য রয়েছে। এই দলের ভবিষ্যৎ সাফল্যে পাশে থাকতে পেরে আমি আনন্দিত।”

আরও পড়ুন:ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই রাজস্থান রয়্যালসের মুখ ছিলেন মনোজ বাদালে। মালিকানা বদল হলেও তিনি বোর্ডে থাকবেন। ক্লাব জানিয়েছে, তাঁর অভিজ্ঞতা ও দীর্ঘদিনের সংযোগ আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাদালে বলেন, “রাজস্থান রয়্যালসের সঙ্গে পথচলা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। নতুন মালিকদের স্বাগত জানাই। তাঁদের ক্রিকেটপ্রেম, রাজস্থানের সঙ্গে সম্পর্ক এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” আইপিএল ২০২৬ মরসুমে রাজস্থান রয়্যালস বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর পারফরম্যান্সে ভর করে প্লে-অফের দৌড়ে রয়েছে তারা। ১০ দলের পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান। শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের থেকে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে। আইপিএলের ব্যবসায়িক দুনিয়ায় এই ডিল যে নতুন মানদণ্ড তৈরি করল, তা বলাই যায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte