Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একেই বলে, 'বাপ কা বেটা…'। মাত্র ১৮ বছরেই অধিনায়কের গুরুদায়িত্ব পেলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের পুত্র আর্যবীর শেহবাগ। বিনু মাঁকড় ট্রফিতে দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের সেনাপতির দায়িত্ব সামলাবেন তিনি। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার তরফে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

তাতেই অধিনায়ক হিসেবে রয়েছে আর্যবীরের নাম। আগামী ৮ আক্টোবর থেকে বিশাখাপত্তনমে বসতে চলেছে প্রতিযোগিতার আসর। এই প্রথম কোনও দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন ১৮ বছরের আর্যবীর।

গত মাসে গুজরাতের রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেয়েছিলেন আর্যবীর। বাবার মতোই ব্যাট হাতে নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন। প্রথম ম্যাচে ২৬ বলে ২৮ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে অল্পের জন্য অর্ধশতক থেকে বঞ্চিত হয়েছিলেন। ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন আর্যবীর। ৩৪ রান করে ফিরেছিলেন। ২০২৪ সালে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে শোরগোল ফেলে দিয়েছিলেন আর্যবীর। বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগে দিল্লি লায়ন্সের হয়েও লাগাতার রান করে গিয়েছেন।

ইতিমধ্যেই বিশেষজ্ঞরা আর্যবীরের মধ্যে বীরেন্দ্র শেহবাগের ছায়া খুঁজে পাচ্ছেন। তবে বাবার সঙ্গে ছেলের অমিলও রয়েছে। ক্রিজে নেমেই ধুমধাড়াক্কা ব্যাট চালাতে শুরু করতেন বীরেন্দ্র শেহবাগ। কিন্তু আর্যবীর অনেকটাই মাথা ঠান্ডা রেখে ব্যাট করেন। তবে মারার বল পেলে বাবার মতোই বোলারদের প্রতি নির্দয় হয়ে ওঠেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte