নিজস্ব প্রতিনিধি: টুলু মণ্ডলের সম্পত্তি যেন সেই কুবেরের ধন। বীরভূমের 'পাথরসম্রাট' টুলু মণ্ডলকে নিয়ে যত তদন্ত গভীর হচ্ছে ততই মিলছে সম্পত্তির হদিশ। সূত্রের খবর, টুলু মণ্ডলের শুধু বিপুল সম্পত্তি রয়েছে তাই নয় তিনি গত ৫ বছরে ২০০ কোটি টাকারও বেশি আয়কর দিয়েছেন। তার সেই পাহাড়প্রমাণ সম্পত্তির উৎসের খোঁজে নেমেছে তদন্তকারীরা।
টুলু মণ্ডলের রয়েছে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। তিনি হলেন বীরভূমের সর্বোচ্চ আয়কর দাতা 'পাথরসম্রাট'। তথ্য অনুযায়ী ২০২৪-২৫ সালে টুলুর ওই সংস্থা থেকে ৪৩ কোটি ২০ লক্ষ ৮৮ হাজার ১৭০ টাকা আয় হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে আয় হয়েছে ৫৭ কোটি ৭১ লক্ষ ৫৫ হাজার ৪৬০ টাকা। তিনি ১৫ কোটি ৮৯ লক্ষ ৮৬ হাজার ৯২২ টাকা আয়কর দিয়েছেন। শুধু টুলু মণ্ডল নয় ২০২৫-২৬ সালে তাঁর স্ত্রীর আয় ছিল ৪ কোটি ৩২ লক্ষ ৪৭ হাজার ৭২০ টাকা এবং তিনি আয়কর দিয়েছেন ১ কোটি ৭১ লক্ষ ১ হাজার ৫৭৮ টাকা। স্বামী-স্ত্রীর এই আয়ের অঙ্ক দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের।
টুলু মণ্ডল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে তাঁর সংস্থা কোথা থেকে এত আয় করত তা নিয়ে শুরু হয়েছে ব্যপক চর্চা। এই নিয়ে বীরভূম জেলা বিজেপির বক্তব্য, ‘টুলু মণ্ডলের আত্মীয় স্বজনের দিকেও নজর দেওয়া হোক। কোথায় কত টাকা রয়েছে, দেখা হোক। তাহলে সরকারের ঘরে আরও রাজস্ব জমা পড়বে।’ টুলুর সম্পত্তির শেষ কোথায় তা খুঁজে বের করতেই তদন্তে নেমেছে তদন্তকারীরা।

