নিজস্ব প্রতিনিধিঃ ব্যাঙ্ক জালিয়াতি এবং আর্থিক তছরুপের অভিযোগে বৃহস্পতিবার রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা ও হাওড়া-সহ অন্তত ১১টি জায়গায় একসঙ্গে অভিযান চালানো হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। এর মধ্যে হাওড়ার বালির কেপি কুমার স্ট্রিটের একটি আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটেও তল্লাশি চালান ইডির আধিকারিকেরা।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য একটি সংস্থা প্রায় ২৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল। অভিযোগ, ঋণ হিসেবে পাওয়া বিপুল পরিমাণ অর্থ প্রকল্পের কাজে ব্যবহার না করে বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়। এই লেনদেন ঘিরেই আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার পর অভিযুক্ত সংস্থার কয়েক জন ডিরেক্টর ও আধিকারিকের গতিবিধি এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেই তদন্তের সূত্র ধরেই বৃহস্পতিবার সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি ও বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হয়।
ইডি সূত্রের দাবি, বালির আবাসনের তিনতলার ফ্ল্যাটটিতে আগরওয়াল পরিবারের সঙ্গে সম্পর্কিত নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড-সহ আরও কয়েকটি জায়গাতেও অভিযান চালানো হয়েছে। তল্লাশিতে কী কী নথি বা তথ্য পাওয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে।

