Dailyhunt
আইপিএলকে কেন্দ্র করে জুয়ার নেশায় আত্মঘাতী যুবক, এলাকায় শোকের ছায়া

আইপিএলকে কেন্দ্র করে জুয়ার নেশায় আত্মঘাতী যুবক, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি,মঙ্গলবাড়ী: আইপিএলকে কেন্দ্র করে জুয়ার নেশা।তার সঙ্গে চড়া সুদে নেওয়া ঋণের চাপ।এই দুইয়ের চাপে প্রাণ হারালেন এক যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী অঞ্চলের ঝাঁঝরা গ্রামে(Jhajhra Village) । মঙ্গলবার সকাল নাগাদ ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে মৃত যুবকের নাম অপু পোদ্দার(Apu Poddar) (২৬)।

তিনি একটি গোডাউনে কাজ করতেন। পরিবারে স্ত্রী, তিন বছরের এক সন্তান এবং বাবা-মাকে নিয়ে সংসার ছিল তার।পরিবারের অভিযোগ, আইপিএল শুরু হওয়ার পর স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ধার নেন অপু।

সেই টাকা জুয়ায় হারিয়ে ফেলেন তিনি। এরপর থেকেই ঋণ শোধের চাপ ও দুশ্চিন্তায় ভেঙে পড়েন এবং মানসিক অবসাদে ভুগছিলেন।রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি তিনি। সোমবার বিকেলে মাকে ভিডিও কলে(Video Call) ফোন করে নিজের ছেলেকে শেষবারের মতো দেখতে চান এবং জানান, "আমাকে আর দেখতে পাবে না।" এরপরই তার ফোন বন্ধ হয়ে যায়।উদ্বিগ্ন পরিবার অনেক খোঁজাখুঁজির পর মালদা থানায় যোগাযোগ করে।

পুলিশ মোবাইলের টাওয়ার(Mobile Tower) লোকেশন ধরে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়িতে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার ঘটনাই মনে করা হচ্ছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।মৃতের পরিবার দাবি করেছে, আইপিএলে জুয়া খেলে ঋণের বোঝা বইতে না পেরে অপু এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পাশাপাশি বেআইনি জুয়া ও সুদের কারবার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে পুরাতন মালদা শহরে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte