Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

ন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল এলাকায় একই পরিবারের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অভিযুক্ত হামলাকারীও রয়েছে। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮ টার কিছু আগে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ক্যাশওয়েল কাউন্টির শেরিফ টনি ডারডেন জানান, ঘটনায় জড়িত প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক এবং তারা একই পরিবারের সদস্য। প্রাথমিক তদন্তে এটি পারিবারিক বিবাদের জেরে ঘটে থাকতে পারে বলে মনে করা হলেও, ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।

এসবিআই জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে দ্রুত ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়। বাকি তিনজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কর্তৃপক্ষ এখনও নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেনি। শেরিফ দফতরের দাবি, আগেও ওই পরিবারের সঙ্গে স্থানীয় প্রশাসনের কোনও উল্লেখযোগ্য আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনার রেকর্ড পাওয়া যায়নি।

ঘটনার পর এসবিআই-এর ফরেনসিক ও তদন্তকারী দল ঘটনাস্থল ঘিরে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি পারিবারিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ। তাই সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে আপাতত কোনও অতিরিক্ত হুমকির আশঙ্কা নেই। গোলাগুলির নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্তকারী সংস্থাগুলি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte