Dailyhunt
আনন্দ বদলে গেল বিষাদে, ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে লঞ্চের ধাক্কায় মৃত্যু দু'জনের

আনন্দ বদলে গেল বিষাদে, ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে লঞ্চের ধাক্কায় মৃত্যু দু'জনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক নিমিষেই আনন্দ বদলে গেল বিষাদে। ঈদের ছুটি উপলক্ষে বাড়ি ফিরছিলেন ওরা। ঘুণাক্ষরেও টের পাননি যাত্রাপথে ও‍ৎ পেতে রয়েছে সাক্ষা‍ৎ মৃত্যুদূত। বুধবার ঢাকা সদর লঞ্চঘাটে লঞ্চের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দু'জনের। গুরুতর জখম হয়েছেন আরও দুজন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

সম্ভবত লঞ্চের ধাক্কায় তারা জলে পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঈদের ছুটিতে বাড়ি ফিরতে সদর লঞ্চঘাটে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার যাত্রী। বিকেল পাঁচটা নাগাদ কেরানীগঞ্জ থেকে ট্রলারে আসা কয়েকজন যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা একটি লঞ্চের পিছন দিক থেকে উঠতে যান। সেই সময় জাকির সম্রাট-৩ লঞ্চটি পিছনের দিকে যেতে গিয়ে ট্রলারে ধাক্কা দেয়। পরে দ্রুত টার্মিনাল ছেড়ে যায় লঞ্চটি। দুই লঞ্চের চাপায় একজন যাত্রীর পা টুকরো হয়ে কেটে যায়। আরেকজন যাত্রী পিষ্ট হয়ে জলে পড়ে যান। ট্রলার যখন লঞ্চের নিচে পড়ে, তখন সাত থেকে আটজন যাত্রী ছিল। যখন লঞ্চের নিচ থেকে ট্রলার বের হয়, তখন কোনও যাত্রী ছিল না। তারা কোথায় গেল জানা যায়নি।

দুর্ঘটনার পর সদরঘাটে সাধারণ যাত্রীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তবে পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে অন্যান্য বারের মতো এবারেও ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারন মানুষকে। বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বাসের টিকিট নিয়ে চলছে চরম কালোবাজারি। আসল ভাড়ার চেয়ে ২-৩ গুন চড়া দামে টিকিট কিনতে হচ্ছে বাড়িমুখো সাধারণ মানুষকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte