নিজস্ব প্রতিনিধি: অবশেষে কাটল দীর্ঘদিনের অচলাবস্থা। ঝালদা পুরসভার নতুন পুরপ্রধান নির্বাচিত হলেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলত্যাগী কাউন্সিলার বিজয় কান্দু। বুধবার (১ সেপ্টেম্বর) আয়োজিত বিশেষ সভায় উপস্থিত ৮ জন কাউন্সিলারের সর্বসম্মতিক্রমে পুরপ্রধান হিসেবে তাঁর নাম চূড়ান্ত হয়।
ঝালদা পুরসভায় গত কয়েক সপ্তাহ ধরেই তৈরি হয়েছিল প্রশাসনিক অচলাবস্থা।
গত ২৫ জুলাই ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা তৎকালীন পুরপ্রধান সুরেশ আগরওয়াল পুরপ্রধান ও কাউন্সিলর, দুই পদ থেকেই ইস্তফা দেন। এরপর থেকেই নতুন পুরপ্রধান নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়। অচলাবস্থা কাটাতে গত ২১ আগস্ট উপ-পুরপ্রধানের ডাকে একটি সভা আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই সভায় কোনও কাউন্সিলার উপস্থিত না থাকায় তা ভেস্তে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে কাউন্সিলারদের মধ্যে শুরু হয় আলোচনা। বুধবার তিন কাউন্সিলারের উদ্যোগে নতুন করে সভা ডাকা হয়। ১২ জন কাউন্সিলারের মধ্যে একজনের মৃত্যু এবং দুই কাউন্সিলারের পদত্যাগের পর ৯ জন কাউন্সিলার অবশিষ্ট ছিলেন। তাঁদের মধ্যে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনুপস্থিত থাকায় ৮ জনের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়।
এদিন কংগ্রেসের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা বিরোধী দলনেতা বিপ্লব কয়াল এবং তৃণমূল কংগ্রেসের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোমনাথ কর্মকার জানান, উপস্থিত ৮কাউন্সিলারের সর্বসম্মতিক্রমেই বিজয় কান্দুকে পুরপ্রধান নির্বাচিত করা হয়। নবনির্বাচিত পুরপ্রধানকে শুভেচ্ছা জানান বিজেপি ঝালদা শহর মণ্ডলের সাধারণ সম্পাদক সুজয় বন্দ্যোপাধ্যায়। নতুন পুরপ্রধানের নেতৃত্বে এবার ঝালদা পুরসভার উন্নয়নমূলক ও প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক হবে বলে আশা রাজনৈতিক মহলের।

