নিজস্ব প্রতিনিধি: দামি ক্যানভাস নেই, নেই নামী রং-তুলি। হাতে শুধু পাঁচ টাকার বলপেন। সেই সামান্য উপকরণ দিয়েই ক্যানভাসে এমন সব ছবি আঁকছেন, যা দেখলে চোখ আটকে যেতে বাধ্য। আর্থিক অনটন তাঁর শিল্পীসত্তাকে থামাতে পারেনি। বরং সীমাবদ্ধতাকেই হাতিয়ার করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তরুণ শিল্পী বিকাশ দে।
তাঁর আঁকা একটি বিশেষ পেন-ড্রয়িং এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক প্রদর্শনীতে।
নদিয়ার শান্তিপুরের ছেলে বিকাশ। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল ঝোঁক ছিল বিকাশের। কিন্তু ইচ্ছা থাকলেও দামি রং, তুলি কিংবা ক্যানভাস কেনার মতো আর্থিক সামর্থ্য ছিল না পরিবারের। তাই হাতের কাছে যা পেয়েছেন, তা দিয়েই শুরু করেছেন শিল্পচর্চা। কখনও খাতার পাতায়, কখনও বাড়ির মেঝেতে পেন ও পেন্সিল দিয়ে চলত তাঁর আঁকার অনুশীলন। বিকাশের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িয়ে রয়েছে আর্থিক সংগ্রাম। তাঁর মা অপর্ণা দে একসময় বিড়ি তৈরি করে সংসারে সাহায্য করেছেন। বর্তমানে তিনি সেলাইয়ের কাজ করেন। তাঁর বাবা আগে লাইব্রেরির সামনে একটি ছোট চায়ের দোকান চালাতেন। পরে সেটি উচ্ছেদ হওয়ায় এখন ফুটপাতেই কোনওরকমে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে ছোটবেলায় বিকাশকে আট কলেজে ভর্তি করানো কিংবা নিয়মিত শিল্পসামগ্রী কিনে দেওয়া পরিবারের পক্ষে সম্ভব হয়নি। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই নিজের মতো করে ছবি আঁকতে শুরু করেন তিনি। অভাবও তাঁকে আটকে রাখতে পারেনি।
পড়াশোনাতেও নিজের পথ তৈরি করেছেন বিকাশ। সংস্কৃতে স্নাতক হওয়ার পাশাপাশি আইটিআইয়ের ফিটার কোর্সও সম্পূর্ণ করেছেন। কিন্তু পেশাগত পড়াশোনার পাশাপাশি ছবি আঁকার নেশা কখনও ছাড়েননি। বরং সময় পেলেই বলপেন হাতে তুলে নিয়ে নিজের ভাবনাগুলিকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সেই সাধনারই বড় স্বীকৃতি এসেছে এবার। বিকাশের কথায়, পেন দিয়ে ছবি আঁকার অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন তাঁর এক শিক্ষকের কাছ থেকেই। তাঁর শিক্ষক নিজেও পেন ব্যবহার করে ছবি আঁকতেন। শিক্ষকের সেই কাজ দেখেই বিকাশের মনে আগ্রহ তৈরি হয়। এরপর ভাবতে শুরু করেন, বাজারচলতি মাত্র ৫-১০ টাকার সাধারণ পেন দিয়েই কীভাবে ক্যানভাসে অসাধারণ ছবি ফুটিয়ে তোলা যায়। সেই ভাবনা থেকেই শুরু হয় তাঁর পেন-আর্টের পথচলা।' 'সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র'-এর মাধ্যমে বিকাশের আঁকা 'Wandering in Yourself' নামে একটি পেন-ড্রয়িং থাইল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

