নিজস্ব প্রতিনিধি: ব্যস্ত সময়ে সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু মহিলা আইটি কর্মীর। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম কিরণ মিশ্র। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সল্টলেক সেক্টর ফাইভে আরএস সফটওয়্যারের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু কীভাবে দুর্ঘটনাটি ঘটল? জানা গিয়েছে, নিহত মহিলা আইটি কর্মী বর্ধমানের বাসিন্দা ছিলেন।
কিন্তু পেশার কারণে তিনি কেষ্টপুরে একটি ভাড়া বাড়িতে প্রেমিকের সঙ্গে থাকতেন। প্রতি দিন তাঁর প্রেমিকই তাঁকে অফিসে পৌঁছে দিতেন। কারণ তাঁদের দুজনের অফিসই পাশাপাশি।
কিন্তু আজ কিরণের প্রেমিক ঘুম থেকে উঠতে দেরি করায় তিনি অ্যাপ বাইক বুক করে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। এরপর তিনি অ্যাপ বাইকে চেপে সল্টলেক সেক্টর ফাইভের RS সফটওয়্যার মোড়ের কাছে আসতেই পিছন থেকে একটি করুণাময়ী ঘাটাল রুটের সরকারি বাস তাঁর বাইককে ধাক্কা মারে। তখনই বাইক থেকে ছিটকে পড়ে যান কিরণ। স্থানীয়রা ছুটে আসেন। এবং তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে, ঘটনাস্থলে ছুটে আসেন ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা ঘাতক বাস এবং বাসের চালককে আটক করে।
চিকিৎসকরা জানিয়েছেন, ইন্টারনাল ক্ষত হয়েছে কিরণের। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। তবে সল্টলেকে বাসগুলির বেপরোয়া গতিবেগ নিয়ে মাঝে মধ্যেই ক্ষোভ প্রকাশ করেন পথচলতি মানুষরা। বাসগুলি যেভাবে চলে, যেভাবে যাত্রী নামায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন অফিসকর্মীরা। অভিযোগ, অফিস টাইমে স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে বাস চলে এই এলাকায়। এর আগেও সল্টলেকে একাধিকবার এমন দুর্ঘটনা ঘটেছে। তারপরও পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

