Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ মিষ্টি মানেই বাঙালির কাছে আলাদা আবেগ। আর উৎসবের মরশুমে পাতে একটু অন্য রকম মিষ্টি থাকলে জমে যায় খাওয়াদাওয়া। রসালো গোলাপ জামুনের সঙ্গে যদি মেলে ঘন দুধের মালাই, কেশর আর বাদামের স্বাদ, তা হলে মিষ্টিপ্রেমীদের মন জয় করতে বেশি সময় লাগবে না। দোকান থেকে কিনে আনার বদলে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই মালাই গোলাপ জামুন।

নরম গোলাপ জামুন, সুগন্ধি চিনির সিরা এবং ঘন মালাইয়ের এই মেলবন্ধন দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনই নজরকাড়া। রইল সহজ রেসিপি।

গোলাপ জামুন তৈরির উপকরণ

• খোয়া ক্ষীর ২০০ গ্রাম

• ময়দা ২ টেবিল চামচ

• সুজি ১ টেবিল চামচ

• বেকিং পাউডার ১/৪ চা চামচ

• ঘি ১ চা চামচ এবং প্রয়োজনমতো দুধ

ভাজার জন্য লাগবে তেল

চিনির সিরা তৈরির উপকরণ

• চিনি ১ কাপ

• জল ১ কাপ

• এলাচ ৩-৪টি

• সামান্য কেশর এবং ১ চা চামচ গোলাপ জল

মালাই তৈরির উপকরণ

• ফ্যাট দুধ ১ লিটার

• চিনি ৩-৪ টেবিল চামচ

• এলাচ গুঁড়ো আধ চা চামচ

• সামান্য কেশর

• কাজু ও পিস্তাবাদাম কুচি ২ টেবিল চামচ

• চাইলে ২ টেবিল চামচ কনডেন্সড দুধও ব্যবহার করতে পারেন

পদ্ধতি

প্রথমে খোয়া ক্ষীর, ময়দা, সুজি, বেকিং পাউডার ও ঘি মিশিয়ে নিন। প্রয়োজনমতো দুধ দিয়ে নরম ডো তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন। এরপর ছোট ছোট লেচি নিয়ে মসৃণ গোল বল তৈরি করুন। কড়াইয়ে তেল গরম করে আঁচ কমিয়ে গোলাপ জামুনগুলি ধীরে ধীরে ভেজে নিন। অন্যদিকে চিনি, জল, এলাচ, কেশর ও গোলাপ জল দিয়ে সিরা তৈরি করুন। ভাজা জামুন গরম সিরায় দিয়ে অন্তত এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। মালাইয়ের জন্য দুধ জ্বাল দিয়ে অর্ধেকের কাছাকাছি ঘন করে নিন। তাতে চিনি, এলাচ গুঁড়ো, কেশর এবং চাইলে কনডেন্সড দুধ দিন। আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে বাদাম কুচি মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন। সব শেষে সিরা থেকে জামুন তুলে আলতো করে চেপে মালাইয়ের মধ্যে দিন। উপর থেকে কাজু, পেস্তা ও কেশর ছড়িয়ে অন্তত ২-৩ ঘণ্টা ফ্রিজে রাখুন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মালাই গোলাপ জামুন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte