নিজস্ব প্রতিনিধি, বালি: হাওড়ার বালিতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিজেপির মিছিলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাদানুবাদ। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর গোপাল চট্টোপাধ্যায় গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপির(BJP) বিরুদ্ধে। তাঁর দাবি,বালিতে বিজেপির কোনো জনভিত্তি নেই।তাই বাইরে থেকে লোক ভাড়া করে এনে মিছিল করছে গেরুয়া শিবির।
ভোটের দিন শান্ত বালিকে(Bally) অশান্ত করার সুপরিকল্পিত ছক কষছে বিজেপি।এই বিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি।বিজেপি প্রার্থী সঞ্জয় সিং(BJP Candidate Sanjay Singh)-এর কড়া জবাব দিয়েছেন। তৃণমূলের এই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং পাল্টা তোপ দেগেছেন। তিনি বলেন,“দেশের মানুষ কী করে বহিরাগত হয়?” মিছিলে আসা সবাই বালিরই স্থানীয় কর্মী। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, যারা বহিরাগতদের প্রার্থী করে বা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসায়, তাদের মুখে এই কথা মানায় না।
সংবিধান অনুযায়ী দেশের যেকোনো প্রান্তের মানুষ যেকোনো জায়গায় প্রচার করতে পারেন। সঞ্জয় সিং পাল্টা অভিযোগ করেন যে, তৃণমূলই এলাকায় অশান্তি ছড়াচ্ছে।বিজেপির পতাকা-পোস্টার ছিঁড়ছে এবং কর্মীদের ভয় দেখাচ্ছে। তাঁর দাবি, এই সব ঘটনার ভিডিও প্রমাণ তাঁর কাছে আছে। যা সময়মতো প্রকাশ করা হবে।ভোটের আগে এই অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম বালির রাজনীতি।বিজেপির প্রার্থী দাবি করেছেন গোটা ভারতবর্ষ থেকে যেকোন মানুষ যে কোন জায়গায় গিয়ে প্রচারে অংশগ্রহণ করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বহিরাগতদের নিয়ে এসে লোকসভা নির্বাচনে প্রার্থী করেন তখন তাদের এই অভিযোগ কোথায় থাকে পাল্টা প্রশ্ন বিজেপির।

