নিজস্ব প্রতিনিধি: গেরুয়া শিবিরের দুই হেভিওয়েট নেতা কার্যত ব্যাক টু ব্যাক আসছেন বাংলায়। একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ, অন্যজন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দুইজনই বাংলায় আসছেন দলের নেতা থেকে কর্মীকে চাঙ্গা করে তোলার পাশাপাশি যতটা সম্ভব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদ টেনে তাঁদের ধাক্কা দেওয়ার জন্য। এরই পাশাপাশি লক্ষ্য থাকছে দলবদলের মাধ্যমে রাজ্যে ক্ষমতা দখলের পথে কিছুটা হলেও এগিয়ে থাকতে। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহের ৩০ ও ৩১ জানুয়ারির বাংলা সফর যেমন চূড়ান্ত হয়ে গিয়েছে তেমনি চূড়ান্ত হয়ে গিয়েছে জে পি নাড্ডার ৬ ফেব্রুয়ারির মালদা জেলা সফরও।
জানা গিয়েছে, অমিত শাহের এবারে বাংলায় আসার কথা ছিল ৩০ তারিখ সকালে। কিন্তু শেষ মুহুর্তে তা এগিয়ে ২৯ জানুয়ারি করা হয়েছে। ওইদিন রাতেই কলকাতায় পা রাখছেন অমিত। পরেরদিন অর্থাত্ ৩০ জানুয়ারি প্রথমে যাবেন মায়াপুরে। সেখানে বেশ কিছুক্ষণ থাকবেন তিনি। প্রসাদও গ্রহণ করবেন। সেখান থেকে চলে যাবেন ঠাকুরনগরে। সেখানে বিজেপির এক র্যালিতে যোগ দেবেন, করবেন জনসভাও। ফের ৬টার মধ্যে তিনি ফিরে আসবেন কলকাতার হোটেলে। এরপর ৭টায় সায়েন্স সিটিতে করবেন দলীয় বৈঠক। বিজেপির আইটি সেল ও মিডিয়া সেলের সঙ্গে বৈঠক করবেন শাহ। রাতে ফের বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে একপ্রস্থ বৈঠকে বসবেন তিনি। তারপরের দিন অর্থাত্ ৩১ জানুয়ারি সকালে আমহার্স্ট স্ট্রিটে বিদ্যাসাগরের বাড়িতে যাবেন অমিত শাহ। সেখান থেকে ভারত সেবাশ্রম সংঘ। এরপরই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মধ্যাহ্ন ভোজ সেরে যোগ দেবেন ডোমজুড়ের র্যালিতে। সেখান থেকে হোটেলে ফিরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ৯টায় দমদম বিমানবন্দর থেকে বিমানে উড়ে যাবেন দিল্লির উদ্দেশে। তবে প্রয়োজনে বদল হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি। এর মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় যদি হাসপাতালে চিকিত্সাধীন থাকেন, তা হলে তাঁকে দেখতেও যেতে পারেন অমিত শাহ।
৬ ফেব্রুয়ারি গনিখানের জেলায় আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার সঙ্গে সফরে থাকছেন শুভেন্দু অধিকারীও। সম্ভবত ওইদিন একঝাঁক তৃণমূল নেতার বিজেপিতে যোগ দেওয়ার কথা। গাজোলে দুই জননেতা সভাও করবেন। ওই মঞ্চেই জেলার বেশ কয়েকজন হেভিওয়েট নেতাদের যোগ দেওয়ার কথা। একই সঙ্গে জানা গিয়েছে আগামী ১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি শিলিগুড়িতে যাচ্ছেন। ২ ফেব্রুয়ারি ফালাকাটায় প্রশাসনিক সভা থাকছে মুখ্যমন্ত্রীর। ওইদিনই তিনি একটি আদিবাসী গণবিবাহের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। পরেরদিন ৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে একটি রাজনৈতিক জনসভাতে যোগ দেবেন।

