নিজস্ব প্রতিনিধি ,ময়নাগুড়ি:ময়নাগুড়িতে বেনজির ঘটনা। পদ্মপ্রতীকে মনোনয়ন জমা দিলেন দুই প্রার্থী।বিজেপির প্রার্থী কে? প্রশ্ন কর্মী- সমর্থকদের !ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে দুজনেই জানান তিনিই বিজেপি প্রার্থী।
জানা গেছে, শনিবার সকালেই ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে পৌছে যান কৌশিক রায় ও ডালিম রায়(Dalim Roy)। যদিও দুজনের সাথেই ছিলেন গুটিকয়েক কর্মী সমর্থক। যেকারনে কোনোরকম মিছিল দেখা যায় নি এদিন।সবার প্রথমে মনোনয়নপত্র জমা দিয়ে বেড়িয়ে আসেন কৌশিক রায়(Kaushik Roy)।মনোনয়নপত্র জমা দিয়ে বের হওয়ার পর তিনি বলেন,” ভারতীয় জনতা পার্টির হয়ে মনোনয়নপত্র জমা করলাম। এখন জোরদার ভাবে প্রচার শুরু হবে।”
ডালিম রায় কি মনোনয়নপত্র জমা করবেন? এই প্রশ্ন করতেই সাংবাদিকদের কৌশিক রায় বলেন,” অযাচিত মন্তব্য করবো না।”এদিকে এর কিছুক্ষণ পর ডালিম রায় মনোনয়নপত্র জমা দিয়ে বের হওয়ার পর বলেন,” “আমি ময়নাগুড়ি বিধানসভার(Maynaguri Assembly) বিজেপি মনোনীত প্রার্থী। আজকে মনোনয়নপত্র জমা করলাম।”কৌশিক রায়ও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন,” কে কি জমা করেছে জানি না। এখন কেউ যদি দাবি করে, আমি বিজেপি, ও বিজেপি, সে বিজেপি, পাঁচজন দাবি করতেই পারে।এমপি আমাকে ঘরে বসিয়ে দিয়ে বিশেষ কাজে বেড়িয়ে যায়।”
বিজেপির সিম্বল তিনি পেয়েছেন বলেও দাবি করেন।যদিও শনিবার সন্ধ্যায় জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর হয়ে মিছিল করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।এদিকে এই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস।তবে এদিনের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে রীতিমতো শোরগোল ময়নাগুড়িতে। তবে কে হতে চলেছেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী? তার উত্তর খুঁজছে ময়নাগুড়ির বিজেপি কর্মী – সমর্থকরা।

